সাড়ে তিন মাসে ১২৪৯ নেতাকর্মীকে সাজা, দাবি বিএনপি নেতা কায়সারের
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাড়ে তিন মাসে বিভিন্ন মামলায় বিএনপির সাড়ে ১২শ নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের বক্তব্যে প্রতিভাত হয়েছে, জনগণের লুণ্ঠিত ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার যে আপসহীন আন্দোলন বিএনপি চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য বর্তমান অনির্বাচিত সরকার ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির ২১ হাজার ৮৩৫ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে অন্তরীণ করেছে।
“গত ১৪ সপ্তাহে ৭৯টি মামলায় বিএনপির এক হাজার ২৪৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।”
তিনি বলেন, “একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তিনি বলেছেন – বিএনপিকে ভোটে আনতে সব চেষ্টাই করেছে আওয়ামী লীগ। এমনকি এক রাতে সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি।
“তিনি আরও বলেন বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বিএনপি নির্বাচনে এলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছে, সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে বাংলাদেশে আজ হরতালের দিন গাড়ি চলত না। এছাড়া আমাদের অন্য কোনো গত্যন্তর ছিল না, বিকল্পও ছিল না। যেটা করেছি আমরা চিন্তাভাবনা করেই করেছি। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেত।”
কায়সার কামালের অভিযোগ, আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতার এই বক্তব্যই প্রমাণ করে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বর্তমান অনির্বাচিত সরকার কীভাবে করায়ত্ত করেছে।
তিনি বলেন, “আব্দুর রাজ্জাকের এই বক্তব্য বাংলাদেশের বিচার বিভাগের অস্তিত্বকে শুধু অস্বীকারই করেনি, জাতিকে বার্তা দিয়েছে যে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন- সবকিছুই ফ্যাসিস্ট সরকারের ইচ্ছার কাছে মাথা নত করেছে। দেশের নির্বাহী বিভাগের প্রধান ব্যক্তি শেখ হাসিনার ইচ্ছা বা অনিচ্ছার ওপরেই সবকিছু নির্ভর করে।”
জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ গ্রহণ না করার যে সিদ্ধান্ত বিএনপি গ্রহণ করেছে, সে সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বিএনপি অন্যান্য গণতান্ত্রিক সমমনা, রাজনৈতিক দল, জোট সর্বপোরি জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন অব্যাহত রাখবে, বলেন এ আইনজীবী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজলসহ বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।
