৯ সেপ্টেম্বর ব্যালট বিপ্লব দেখতে পাব: সাদিক কায়েম
“জয়ী হলে আমরা কোন মাসে কোন কাজটা করব, সে পরিকল্পনা নেওয়া হয়ে গেছে,” বলেন ছাত্রশিবির মনোনীত এ ভিপি প্রার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের ইশতেহারের পক্ষে ‘ব্যালট বিপ্লব’ হবে বলে মনে করছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
শনিবার বিজয় একাত্তর হলে ভোটের প্রচারে গিয়ে তিনি বলেন, “আমাদের যে ইশতেহার, সেটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ, আমরা ৯ তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাব।”
সাদিক কায়েম বলেন, “আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা ৩৬ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা ১২ মাসে তা করতে চাই এবং কোন মাসে কোন কাজটা করব, সে পরিকল্পনা আমাদের নেওয়া হয়ে গেছে।
“তো আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা যেভাবে এখন আমাদের সাড়া দিচ্ছে, শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব ইনশাআল্লাহ। আমরা শিক্ষার্থীদের প্রত্যেকটা আকাঙ্ক্ষাই অ্যাড্রেস করব এবং প্রত্যেকটা আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করব।”
সাদিক কায়েমের ভাষ্য, “আমরা দেখতে পাচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয় আজ শত বছর পার করেছে, এখানে যতগুলো সংকট আছে, সবই কৃত্রিম সংকট।
“এসব সংকটের মূল কারণ হলো, এখানে যথাযথ ‘এক্সিকিউটিভ প্ল্যান’ না থাকা; পলিসিগত জায়গায় সমস্যা আছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই। আমরা অনেকগুলো সমস্যা নোট করেছি।”
তিনি বলেন, “আমরা প্রতিদিনই বলছি, এসব সমস্যা চিরতরে একদম নির্মূল করা যায়। যদি আমরা সঠিক একটা ‘এক্সিকিউটিভ প্ল্যান’ নিতে পারি এবং সঠিক পলিসি নিতে পারি।
“আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাব, সবার আগে আমরা এই পলিসিগত জায়গায় পরিবর্তন নিয়ে আসব এবং এক্সিকিউটিভ প্ল্যান গ্রহণ করব।”
ডাকসু নির্বাচন প্রতিবছর আয়োজনে সেটাকে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করার প্রতিশ্রুতি দেওয়ার কথাও বলেন সাদিক কায়েম।
