১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের সকালে জিয়ার কবরে, রাতে খালেদার বাসায় যাবেন বিএনপি নেতারা

খালেদা জিয়া এবারও ‘ফিরোজা’য় ঘনিষ্ঠ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

ঈদের সকালে জিয়ার কবরে, রাতে খালেদার বাসায় যাবেন বিএনপি নেতারা
খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 02:26 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

বিএনপি নেতা-কর্মীরা ঈদের দিন সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। আর রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন দলের জ্যেষ্ঠ নেতারা।

রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঈদুল আজহার এই কর্মসূচি জানিয়েছেন। 

তিনি বলেন, সোমবার বেলা সাড়ে ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এ সময় ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত হবে।

আর রাত সাড়ে ৮টায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাবেন দলের স্থায়ী কমিটির নেতারা। 

আগে প্রতি ঈদে খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে, দলের নেতাকর্মীরা সেই ধারাবাহিকতা অনুসরণ করছে।

সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে খালেদা জিয়া জামিনে মুক্তি পেয়ে গুলশানের বাসায় আছেন। সরকার দফায় দফায় তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়িয়ে চলেছে। বছরের দুটি ঈদে স্থায়ী কমিটির সদস্যরা গুলশানে বাসভবনে গিয়ে তাদের নেত্রীর সঙ্গে দেখা করেন।

খালেদা জিয়া এবারও ‘ফিরোজা’য় ঘনিষ্ঠ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করবেন। ঢাকায় ছোট ভাই শামীম এস্কান্দার ও তার পরিবারের সদস্যরা রয়েছেন। তারা ঈদের দিন গুলশানের বাসায় যাবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতই। ডাক্তারদের নিবিড় মনিটরিংয়ে তার চিকিৎসা চলমান।”

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা দীর্ঘদিন ধরে লিভার, হার্টের সমস্যা, আর্থাইটিস, ফুসফুস, ডায়াবেটিকস ও চোখের সমস্যায় ভুগছেন। গত কয়েক বছরে কয়েকবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে ঈদ করবেন। ঈদের সকালেই তার ঠাকুরগাঁওয়ে রওনা হওয়ার কথা রয়েছে। ঈদের দিন ঢাকায় থাকবেন না বলে শনিবার রাতেই তিনি খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাত করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় দেশবাসীসহ দলের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএসএস