আহত যুবদল নেতাকে দেখতে হাসপাতালে আমীর খসরু
গত ১৩ জুলাই সংগঠনের লিফলেট বিতরণের সময়ে সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিছিন্ন এবং দুই পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে।
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ঝিনাইদহের যুবদল নেতা লিটন মণ্ডলকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে লিটনের।
গত ১৩ জুলাই সংগঠনের লিফলেট বিতরণের সময়ে সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিছিন্ন এবং দুই পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে।
লিটন ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যু্বদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য।
আমীর খসরু হাসপাতালে লিটনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।
তিনি লিটনকে বলেন, “তুমি একা নও, তোমার সাথে বিএনপি, এদেশের মানুষ ও বিশ্ববাসী রয়েছে। সকলের দোয়া আছে। তুমি আমাদের সাহস। মনোবল শক্ত রাখবে।”
লিটনের স্ত্রী ও তার দুই সন্তানের সঙ্গেও কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
পরে সাংবাদিকদের আমীর খসরু বলেন, “দেশের অবস্থা কেমন এই লিটন মণ্ডলের ওপর হামলার দৃশ্য দেখলে বোঝা যায়। দেশে আইনের শাসন নেই, বিচার নেই। এই অস্বস্তিকর পরিবেশে আমরা দিনাপাত করছি।”
এ সময়ে দলের স্বাস্থ্য বিষয়ক সস্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
রফিক বলেন, দুবৃর্ত্তরা লিটন মণ্ডলকে কুপিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন ও দুই পা ভেঙে ফেলেছে। ঘটনার পরপর রাতেই ঢাকায় আনার পর চিকিৎসকরা ১০ ঘণ্টা তার কেটে ফেলা দুই হাত ও ভাঙা দুই পায়ে অস্ত্রোপচার করেন। এখন পর্যন্ত ৫টা অস্ত্রোপচার করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সার্বক্ষণিক তার চিকিৎসা কার্য্ক্রম খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।
