Published : 07 Nov 2025, 08:12 PM
বিএনপির মনোনয়ন নিয়ে মহাসড়ক অবরোধ ও সহিংসতার ঘটনার চারদিন পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএনপির আহ্বায়ক কমল কদরসহ তিনজনের প্রাথমিক সদস্যপদ দলীয় সব পদ স্থগিত করেছে বিএনপি।
শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
পদ স্থগিত করা অপর দুজন হলেন-চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন ও সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ।
সোমবার বিএনপি ২৩৭ আসনে দলীয় প্রার্থীর একটি প্রাথমিক তালিকা ঘোষণা করে। এরপর বিভিন্ন স্থানের বিক্ষোভ, অবরোধ ও সহিংসতার ঘটনা ঘটে। বিক্ষোভের পরে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত করা হয়।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে প্রার্থীতা ঘোষণা করা হয় উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীনকে।
মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ ও সহিংসতার ঘটনার পরের দিন আসলাম চৌধুরীর চার অনুসারীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, স্বেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর আহ্বায়ক মামুন ও সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
তার তিন দিন পর সীতাকুণ্ড বিএনপির আহ্বায়কসহ তিনজনের দলীয় সব পদ স্থগিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিল বিএনপি।
মনোনয়ন নিয়ে বিক্ষোভের প্রসঙ্গ না টেনেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের’ জন্য তিনজনের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
এ আসনে ২০১৮ সালে প্রার্থী ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ওই সময় তিনি কারাগারে ছিলেন।
২০১৬ সালে আসলামের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তুমুল আলোচনা শুরু হয়। ওই বছরের ১৫ মে ঢাকার খিলখেত থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলামকে।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ‘এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পরে একে একে আরও অনেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে একের পর এক মামলা হয় তার নামে।
গেল বছরের ৫ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০ অগাস্ট জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী।
আগের খবর:
সীতাকুণ্ডে মনোনয়ন পাননি আসলাম, সড়ক অবরোধে অনুসারীরা
সীতাকুণ্ডে অবরোধ: বিএনপি নেতা আসলাম চৌধুরীর ৪ অনুসারী বহিষ্কার