মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ওষুধ, পোশাকখাত, পাট রপ্তানি কীভাবে বাড়ানো যায় এবং গবাদিপশুর উন্নয়নে সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছেন আমীর খসরু।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
মঙ্গলবার সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে এবং এক ঘণ্টা পর রাষ্ট্রদূতের গাড়ি বেরিয়ে যায়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু বলেন, “দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে- সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।
“ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে। কৃষিতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে; আপনারা জানেন- ব্রাজিল কৃষিতে অনেক এগিয়ে আছে। কৃষি ক্ষেত্রে তাদের ইনভেস্ট করার আগ্রহ আছে। আমরাও চাই তাদের প্রযুক্তি সহায়তা নিতে।”
ওষুধ, পোশাকখাত, পাট রপ্তানি কীভাবে বাড়ানো যায় এবং গবাদিপশুর উন্নয়নে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতা আমীর খসরু।
তিনি বলেন, “দেশের গবাদি পশু চাষের ক্ষতি যাতে না হয়, সেটি বিবেচনায় রেখে আমরা তাদের গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে কথা বলেছি। তবে আমরা গুরুত্ব দিচ্ছি গবাদি পশুর লালনপালনে তাদের সহযোগিতা নিতে।”
আমীর খসরু বলেন, “স্পোর্টসের ব্যাপারে আপনারা জানেন, ফুটবলের কথা। আমরা ব্রাজিলিয়ান কোচ এনে কীভাবে বাংলাদেশের ফুটবলের ইম্প্রুভ করা যায়…তারা বলেছেন, ‘ঠিক আছে, আগামীদিনে আমরা তাদের সাথে কথা বলব’।”
