২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রত্যাশার কথা জানিয়েছেন রাষ্ট্রদূত শিনিচি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 05:03 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সাথে জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি সাক্ষাৎ করেছেন।

রোববার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। 

এই সময়ে জামায়াতে ইসলামীর সদস্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জামায়াত ইসলামী বলেছে, আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

“এতে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে।“

বৈঠকে আমির শফিকুর রহমান তার দল জামায়াত ইসলামী সম্পর্কে তথ্য তুলে ধরার পাশাপাশিবাক-স্বাধীনতা ও ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন।

সে সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিগত শাসনামলের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, “তারা (আওয়ামী লীগ) নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।“

শফিকুর রহমান ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনের পরিস্থিতি তুলে ধরেন।

জাপানের রাষ্ট্রদূত শিনিচি জামায়াতের আমিরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও বাংলাদেশের সাথে জাপানের বিদ্যমান সম্পর্কের ব্যাপারে তার দেশের অবস্থান তুলে ধরেন। 

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রত্যাশার কথা জানিয়েছেন রাষ্ট্রদূত শিনিচি।

ভবিষ্যতে জাপান ও বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে শিনিচি আশা করছেন।