ব্যাংককে চোখে অস্ত্রোপচারের পর সুস্থ আছেন ফখরুল
অধ্যাপক জাহিদ বলেন, মহাসচিবকে হাসপাতালে কয়েকদিন থাকতে হবে। এরপর সুস্থ হলে দেশে ফিরবেন তিনি।
ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে সফল অস্ত্রোপচার হয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় বিএনপি মহাসচিবের অপারেশন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ বাম চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।
“উনি এখন স্ট্যাবল আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। উনাকে কেবিনে রাখা হয়েছে। কেবিনে মহাসচিবের পাশে ভাবীসহ (মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম) কয়েকজন নিকটাত্মীয় রয়েছেন।”
মঙ্গলবার বিএনপি মহাসচিব ব্যাংকক যান।
অধ্যাপক জাহিদ বলেন, মহাসচিবকে হাসপাতালে কয়েকদিন থাকতে হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে দেশে ফিরবেন তিনি।
গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাম চোখে সমস্যা অনুভব করলে দ্রুতই গুলশানে ইউনাইটেড হাসপাতালে চোখের বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। সেখানে চিকিৎসকরা তাকে বাম চোখে জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। সেদিন রাতেই থাই এয়ারওয়েজের ফ্লাইটে বিএনপি মহাসচিব স্ত্রীকে নিয়ে ব্যাংকক যান।
সেখানে রুটনিন আই হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখ পরীক্ষা করে বুধবারই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছেন, মহাসচিব সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সর্বশেষ গত ৬ এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।
