২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানে সংস্কার আনলেই ভালো সরকার পাওয়া যাবে: জিএম কাদের

“বাংলাদেশের শাসন ব্যবস্থাই সরকারকে ‘দানবে’ পরিণত করে”, বলেন তিনি।

সংবিধানে সংস্কার আনলেই ভালো সরকার পাওয়া যাবে: জিএম কাদের
দলের বনানী কার্যালয় মিলনায়তনে এক আলোচনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 09:08 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

বাংলাদেশের সংবিধান সরকার প্রধানকে ‘অপরিসীম ক্ষমতা দেয়’ মন্তব্য করে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। 

শনিবার দুপুরে দলের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। 

জাতীয় পার্টির নেতা বলেন, “বাংলাদেশের শাসন ব্যবস্থাই সরকারকে ‘দানবে’ পরিণত করে। ভালো নির্বাচনে জয়ী হয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দলও ক্ষমতা অপব্যবহার করে ‘দানবে’ পরিণত হয়ে যায়। 

“ভালো নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তবেই ভালো নির্বাচনের পর ভালো সরকার পাওয়া যাবে।” 

জি এম কাদেরের চাওয়া দেশের মালিকানা যেন সাধারণ মানুষের হাতে থাকে। মানুষ যেন তাদের ইচ্ছা অনুযায়ী প্রতিনিধি নির্বাচন করতে পারে। 

“সরকারের জবাবদিহিতা থাকবে সাধারণ মানুষের কাছে। সরকার যদি জনগণের ইচ্ছের বাইরে দেশ পরিচালনা করে, তাহলে পরবর্তী নির্বাচনে যেন সাধারণ জনগণই আবার ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করতে পারে।” 

জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, উপস্থিত ছিলেন আইনজীবী মমতাজ উদ্দিন, নুরুল আজহার শামীম, আব্দুল হামিদ ভাষানী, ইউসুফ আজগর, আব্দুর রশীদ।