২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ এবং জলবায়ু পরিবর্তন

জলবায়ু পরিবর্তনে যে রাষ্ট্রগুলোর ভূমিকা একবারে নেই বা থাকলেও খুব কম, তারাই জলবায়ু পরিবর্তনের দুর্ভোগে বেশি ভোগে। কারণ সাম্রাজ্যবাদী দেশগুলোর পণ্য উৎপানের বীজতলায় পরিণত হয়েছে অনুন্নত এই দেশগুলো।

মুনতাসির মামুন মুনতাসির মামুন

Published : 04 Nov 2023, 05:40 PM

Updated : 04 Nov 2023, 07:57 PM

সাম্ব্রাজ্যবাদ, উপনিবেশবাদ কিংবা জলবায়ু পরিবর্তন— শব্দগুলোর সঙ্গে আমাদের নতুন করে পরিচিত হবার দরকার পড়ে না। বিগত কয়েক দশক আগেও ‘মার্কিন সাম্ব্রাজ্যবাদ, নিপাত যাক, নিপাত যাক’ কিংবা ‘রুশ-ভারতে দালালেরা হুঁশিয়ার, সাবধান’ এই জাতীয় দেয়াল লিখন কিংবা চিকামারা বাংলাদেশের রাস্তাঘাটের দেয়ালে হরহামেশাই দেখা যেত। তখন বাম, ডান, উত্তর, পশ্চিম সর্ম্পকে জ্ঞানপ্রাপ্তি না ঘটলেও সাম্রাজ্যবাদ ব্যপারটা মধ্যে যে ‘কিন্তু‘ আছে, তা আবাল অবস্থায় ঠাওর করতে পেরেছি।

বিটিভিতে কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ প্রচার হতো আমাদের শৈশবে। ওই নাটকে মামুনুর রশীদের ‘এটা কী মগের মুল্লুক নাকি? ব্রিটিশের শাসনে থানা-পুলিশ সব উঠে গেছে নাকি’ সংলাপটাও সেই ছোটবেলায় শোনা। নাটকে মামুনুর রশীদের চরিত্রটার নাম কি ছিল এখন মনে নেই। পুঙ্খানুপুঙ্খভাবে সংলাপটাও মনে করতে পারছি না। সংলাপটা থেকে শৈশবেই ব্রিটিশ শাসনামলে বিচার ব্যবস্থার যে ত্রাহি অবস্থা হয়েছিল তা অনুমেয় হয়ে গিয়েছিল।

আর বাকি থাকে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ— যা বহুল চর্চায় চর্বিযুক্ত শব্দে পরিণত হয়েছে, প্রায় সবকিছুর সঙ্গেই ব্যবহার করা হয় বা হচ্ছে যাকে। কারণ এতে সুবিধা অনেক। এটা অনেকটা ক্যাটালিস্টের মতন কাজ করে। এই শব্দের ব্যবহার মানেই ব্যবহারকারী দেশমাতৃকার, ধরিত্রীমাতার একনিষ্ঠ সেবক! কিন্তু আসলেও কি তাই?

জলবায়ু পরিবর্তনের সঙ্গে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদের ভূমিকা যে অপরিসীম বা আরও সরল করে বললে নয়া সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ যে জলবায়ু পরিবর্তনের অন্যতম মূল কারিগর তা এখন সুস্পষ্টভাবে প্রমাণিত। দ্য ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক মোড়ল সংস্থা। ১৯৯০ সাল থেকে এই সংস্থাটি জলবায়ু পরিবর্তনের উপর নানাবিধ বৈজ্ঞানিক গবেষণাপত্র, মানদণ্ড, কার্যপ্রণালি, নীতিমালা ইত্যাদি প্রণয়ন করে আসছে। সে হিসেবে এই সংস্থার গুরুত্ব অপরিসীম বলা যায়। প্রায় ত্রিশ বছর পরে এসে ২০২২ সালে আইপিসিসি তার ষষ্ঠ রিপোর্টে  লিখতে বাধ্য হয় যে, জলাবায়ু পরিবর্তন এবং উপনিবেশবাদের সর্ম্পক বেশ জোরালো। 

অন্য একটি দেশ-ভূমি-গোষ্ঠীকে নিজের অধীনে নিয়ে আসার প্রক্রিয়াটিই সহজ করে বললে উপনিবেশবাদ। এতে দৃশ্যত বা অদৃশ্যভাবে সেই দেশ-ভূমি-গোষ্ঠীকে অর্থনৈতিক শোষণ করা হয়, যাতে ঔপনিবেশিক গোষ্ঠীর লাভ হয়। মামনুর রশীদের সেই সংলাপের ‘থানা-পুলিশ উঠে’ যাওয়াটা শোষণের উদাহরণ বলেই ধরে নেয়া যায়। আমরা যদি সেই ব্রিটিশ শাসনামলের আলাপ বাদি দিয়ে বর্তমানেও তাকাই, দেখতে পাব দুই বছর আগে অস্ট্রেলিয়াতে ঘটে যাওয়া ভয়াবহ দাবানলের ঘটনায় জলবায়ু পরিবর্তনকে অত্যন্ত চাতুর্যের সঙ্গে ব্যবহার করা হয়েছে। ২০১৯-২০ সালে ঘটে যাওয়া ওই দাবানল শুধু জলবায়ু পরিবর্তনের জন্যে ঘটেনি। কিন্তু জলবায়ু পরিবর্তনকে ব্যবহার করে যে বিষয়টিকে ঢেকে দেয়ার চেষ্টা করা হয়েছে তা হলো সেই অঞ্চলে যে আদিবাসীরা থাকতো তাদের সরিয়ে দেয়ার প্রতারণা। ভূমি দখলের জন্যে যে কেবল যুদ্ধই একমাত্র অস্ত্র নয়; এবরোজিন বা আদিবাসী অস্ট্রেলিয়ানদের ভূমি দখলের জন্যে এমন দাবানলের ব্যবহার হয়েছে বলেই ধারণা করা হয়। এটা একটা উদাহরণ মাত্র। এমন অনেক উদাহরণ নিয়ে আসা যাবে। যেমন ব্রিটিশরা ভারত মহাদেশে এসেছিল বাণিজ্যের জন্যে। উদ্দেশ্য সরল। কিন্তু তার পরের ২০০ বছরের ঘটনায় সরলতা নেই। 

আমরা যদি পৃথিবীর মোট সম্পদের টালিখাতা দেখি, তবে দেখা যায় সিংহভাগ সম্পদের মালিকানায় আছে হাতে গোনা কয়েকটি দেশ। যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন, বেলজিয়াম, জার্মানি, ইটালি, জাপান, ডেনমার্ক, নরওয়ে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের নাম অবশ্যই আসে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসীদের দ্বারা গঠিত একটি দেশ যাতে ইউরোপ থেকে আসা নাগরিকরাই বেশি। সে হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশবাদ কিছুটা হলেও তুলনামূলকভাবে নতুন। হয়তো সাম্রাজ্যবাদ শব্দটা মার্কিনিদের সঙ্গে বেশি যাবে। চীনের ক্ষেত্রেও তাই হবার কথা। বাণিজ্যভিত্তিক দুনিয়ার অন্যতম প্রধান দুই সাম্রাজ্যবাদী দেশ এই দুইটিই।  

পঞ্চদশ শতাব্দীর শুরু থেকে ইউরোপীয় উপনিবেশ বিস্তার হয়েছিল পদ্ধতিগতভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ বা শোষণ করার উদ্দেশ্যে। যার শুরুই হতো আদিবাসী বা সেই এলাকার স্থায়ী বাসিন্দাদের হটিয়ে দেয়ার মধ্য দিয়ে। কিন্তু এই পদ্ধতির পরিবর্তন হয়। সপ্তদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলোর বাণিজ্যের নামে ‘কলোনিয়ালিজম বাই করপোরেশন’ সাম্রাজ্যবাদের সূচনা করেছিল। যেখানে বাণিজ্যিক সম্পর্কগুলো সেই এলাকার, জনগণের, সর্বোপরি তাদের সম্পদের উপর পূর্ণ কর্তৃত্ব নিতে পেরেছিল। নগর সভ্যতার সূচনা থেকেই উৎপাদন-বিপণন উন্নয়নের অন্যতম মাপকাঠি। করপোরেশন বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বিপণনের চাহিদা বৃদ্ধিতে এবং সেই চাহিদা মেটাবার জন্য উৎপাদনও করতে হতো সমানতালে। কিন্তু যদি আমরা খেয়াল করি, যে দেশগুলো সাম্রাজ্যবাদী হয়েছিল বা হতে পেরেছিল, তাদের নিজেদের ভূখণ্ডের পরিমাণ তাদের বাণিজ্যিক পরিষেবার থেকে বহুলাংশে ছোট ছিল। সোজা কথায় বলা হলে, খুবই ছোট একটা ভৌগোলিক অঞ্চল থেকে কোন পণ্য উৎপাদন করে অনেক বেশি মানুষের কাছে তা বিক্রি করা অসম্ভবই। তাই আকারে ছোট দেশগুলো তাদের বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাচামাল থেকে পণ্য উৎপাদনের জন্যে আরও ভৌগোলিক অঞ্চলের প্রয়োজনীয়তার সম্মুখীন হয়েছিল। বাণিজ্যকেন্দ্রিক সাম্রাজ্যবাদের শুরুই এভাবে। তবে এর আগে যে সাম্রাজ্যবাদ ছিল না তাও নয়। সেটা হয়তো বেশির ভাগই ধর্মের নামে হয়েছিল। কিন্তু পঞ্চদশ শতাব্দী থেকে যে ধারায় উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের উত্থান তা আদতেই বাণিজ্যকেন্দ্রিক বা ‘কলোনিয়ালিজম বাই করপোরেশন’ যার উদ্দেশ্য শুরুতে সাধারণ মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের আসল চেহারা বেরিয়ে আসতে থাকে। শুরুর দিকে স্থানীয় অধিবাসীদের জন্য কর্মক্ষেত্র তৈরি করা হতো। যা আদতেই ছিল কৃষি নির্ভর এবং আবার সেই কাজের যোগদানে বাধ্যবাধকতা থাকতো। তার মানে অনেকটা নামমূল্যে কৃষিকাজ করিয়ে নেয়ার মতন ব্যপার। যেহেতু নামমাত্র মূ্ল্য হলেও নগদ অর্থের সংযুক্তি পুরো ব্যপারটাকে ‘আর্থিক উন্নয়ন’ মনে হতে পারে বা মনে হয়ে থাকবে।  কিন্তু নিজদের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্থানীয়ভাবে পরিচিত নয় এমন ভিন্ন ধরনের পণ্যের চাহিদা মেটাবার জন্যে বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদনে বাধ্যবাধকতা পরিবেশের উপর একটি দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আসে। যা বর্তমানের চলমান অসমতা সৃষ্টির নিয়ামক হয়ে আছে। আজকের ‘জলবায়ু পরির্বতন বা ক্লাইমেট চেঞ্জ’-এর মূল খলনায়ক আসলে কে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রায় ৩০ বছর পর সমষ্টিগতভাবে এটাই মানতে হচ্ছে যে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদই হলো এর সূতিকাগার। 

এই বাণিজ্যনির্ভর সাম্রাজ্যবাদ থেকেই বাণিজ্য বা ক্রয় নির্ভর অর্থনীতি এগিয়ে যেতে থাকে। যে ক্ষুদ্র দেশগুলো একদা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিল সেই দেশগুলোই এখন উপনিবেশের প্রচলন ঘটিয়েছে। বাণিজ্য দ্বারা ঔপনিবেশিকতা বিভিন্ন ধরণের 'জাতীয় বা ভৌগোলিক উপনিবেশবাদ'কে পথ দেখিয়ে দেয়। যা সাম্রাজ্যবাদে একে অপরের প্রতিযোগী দেশগুলো নিজেরা বিশ্বব্যাপী রাজনৈতিক-অর্থনীতির সংগঠনে পরিণত হয়। আর এই অবকাঠামো পুঁজিবাদের বিকাশকে সুরক্ষিত করে। 

এখন কথা হলো এই বাণিজ্য নির্ভর ঔপনিবেশিকতা কিংবা সাম্রাজ্যবাদ কী করে জলবায়ু পরিবর্তনে মুখ্য ভূমিকা রাখা শুরু করলো? 

ঘটনটা ঠিক এমন, যে রাষ্ট্র তাদের বাণিজ্যকেন্দ্রিক অর্থনীতি আর সাম্রাজ্যবাদিতার জন্যে জলবায়ুর যে পরিবর্তন নিয়ে আসে বিগত কয়েক শতক ধরে, তারা নিজেরা কিন্তু এই জলবায়ু পরিবর্তনের পরিণাম পুরোপুরি ভোগ করে না বা তারা সেই পরিণামকে কমিয়ে ফেলতে পারে। বরং, সাধারণভাবে এই জলবায়ু পরিবর্তনে যে রাষ্ট্রগুলোর ভূমিকা একবারে নেই বা থাকলেও খুব কম, তারাই জলবায়ু পরিবর্তনের দুর্ভোগে বেশি ভোগে। কারণ সাম্রাজ্যবাদী দেশগুলোর পণ্য উৎপানের বীজতলায় পরিণত হয়েছে অনুন্নত এই দেশগুলো।

জলবায়ু পরিবর্তনের সূচনা কিংবা লক্ষণ কিংবা ভয়াবহতা দেখা দেয় এখানেই। বেশির ভাগ ক্ষেত্রেই সাম্রাজ্যবাদী বা ঔপনিবেশিক দেশগুলো ভৌগোলিকভাবে অনেক দূরে থাকে। যেমনটা আগেই বলা হয়েছে, জলবায়ু পরির্বতনের ভয়াবহতা তাই এই দেশগুলোকে খুব বেশি আক্রমণ করতে পারে না। এই বাণিজ্যের সুবিধাও এখানে। আপনি ব্যবসা করছেন দ্বিতীয় ও তৃতীয় কোনো দেশের সঙ্গে যেখানে আপনার নিজের ভৌগোলিক অবকাঠামোকে ব্যবহার করার প্রয়োজনীয়তা অনেক কমে যায় বা অনেক ক্ষেত্রে প্রয়োজনই হয় না। এই গল্প এখানেই শেষ নয়। আবার এটা এমন একটা গল্প নয় যা কয়েক শত বছর আগে ঘটে যাওয়া কোন কিছু। এই গল্প বর্তমানের। ঠিক কয়েক শত বছর আগেও যেমন ছিল। 

বর্তমানের জলবায়ু পরির্বতনের ডামাডোলে এই সমস্যার সমাধানের চেষ্টাও চলছে। যে চেষ্টাকে ‘জলবায়ু সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিকতাবাদ’ও বলা যেতে পারে। উদাহরণস্বরূপ, ভৌগোলিক উত্তরে (গ্লোবাল নর্থ) কার্বন নিঃসরণ কমানো হয় এমনভাবে যার কারণে ভৌগোলিক দক্ষিণে (গ্লোবাল সাউথ) কার্বন নিঃসরণ বাড়তে থাকে বা থাকবে। 

এটা অনেকটা আউট সোর্সিংয়ের মতন। তার মানে হলো আমার দেশের সামষ্টিক কার্বন নিঃসরণ কম হচ্ছে কারণ আমি যে যে কারণে কার্বনের পরিমাণ বাড়ে বা বাড়তে পারে সে কাজগুলো নিজের দেশে না করে অন্য দেশ থেকে করিয়ে নিচ্ছি বা করিয়েছিলাম বা করাবো। বর্তমানে গ্লোবাল নর্থ আর গ্লোবাল সাউথ হলো সাম্রাজ্যবাদী বা ঔপনিবেশিক দেশ আর সাম্রাজ্য বা উপনিবেশ দেশগুলোর স্মার্ট নাম। কারণ যদি আমরা বিশ্বমানচিত্রকে টেবিলে ফেলে দেখি, তবে দেখা যায় উত্তরের প্রায় সবগুলো দেশ উন্নত আর তাদের উন্নয়নের অন্যতম চালাকি শক্তি হলো দক্ষিণের দেশগুলো। জলবায়ু পরিবর্তনের ভয়বহতায় যে দেশগুলোর নাম লেখা হয় তার সবই দক্ষিণে, যার স্মার্ট নাম হলো গ্লোবাল সাউথ।

 বর্তমান বিশ্ব অর্থনীতি যেভাবে সুসংগঠিত হয়েছে আর যেভাবে আমরা প্রায় সবাই এরসাথে অষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি তাতে কোনও একটা একক দেশ— সেটা উত্তরের বা দক্ষিণের যেখানেরই হোক, এই সমস্যার সমাধান করতে পারবে না। কারণ অর্থনীতির ধর্মই মনে হয় এমন যে পণ্যে আদানপ্রদান না হয়ে অর্থের আদানপ্রদান একেবারেই অসম্ভব। আবার অর্থ ছাড়া উন্নয়ন— অরণ্যে রোদনের মতন। কিন্তু যদি না উত্তরের দেশগুলো নিজে থেকে এই সমস্যার সমাধানে এগিয়ে না আসে, তবে আমরা, যারা দক্ষিণী, তাদের ‘অ্যাডাপ্টেশন আর মিটিগেশন’-এর মতন কিছু ব্যান্ডএইড লাগিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার থাকবে না। এতে হয়তো সাময়িকভাবে রক্তপাত বন্ধ হবে কিন্তু দীর্ঘ মেয়াদে এর ধনাত্মক ফলপ্রাপ্তির আশা না করাই ভালো। কেননা এটা শুধু সময়ের ব্যাপার যখন জলবায়ু পরিবর্তনের কুফল দক্ষিণ থেকে উত্তরের দিকে যাওয়া শুরু করবে। এর একটা সহজ উদাহরণ দেয়া যায়— আমরা এককাপ পানিতে এককেজি চিনি বা লবণ গোলাতে বা দ্রবীভূত করতে পারবো না। পারার কথাও নয়। এককেজি না হয়ে যদি এক কাপ পানির আয়তনের সমপরিমান চিনি বা লবণও দ্রবীভূত করার চেষ্টা করা হয়, তবে তাও সম্ভব নয়। কারণ পানির দ্রবীভূত করার ক্ষমতা লোপ পেতে থাকবে এর আপেক্ষিক ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে। পৃথিবীকে আমরা এই কাপের সঙ্গে তুলনা করতে পারি। স্থল, জল, বায়ুমণ্ডলকে পানির সঙ্গে। আর চিনি বা লবণ হলাম আমরা, আমাদের জন্য, আমাদেরই দ্বারা উৎপাদিত পণ্য কিংবা বাণিজ্য।