২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ‘অস্তিত্ববিনাশ’—ব্যালটে না নিষেধাজ্ঞায়?

রাজনীতির মাঠে হিসাবটা আর সরল নেই। আওয়ামী লীগের সঙ্গে ঝুলছে জাতীয় পার্টির ভাগ্যও। বিএনপিকে লড়তে হচ্ছে নিজেদের নানান বিতর্কিত কর্মকাণ্ড আর এক সময়ের মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ‘অস্তিত্ববিনাশ’—ব্যালটে না নিষেধাজ্ঞায়?
আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হলেই কি ভোটের মাঠ থেকে মুছে যাবে তাদের অস্তিত্ব?

আমীন আল রশীদ আমীন আল রশীদ

Published : 25 Sep 2025, 08:31 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ নির্বাচন চায়—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যেদিন (২১ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন, তার পরদিনই নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না।’

এর ঠিক একদিন পরে ২৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, আগামী নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী ২৯৮টি আসনে প্রার্থী ঠিক করেছে। শুধু তাই নয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে প্রথম এবং গত জুলাইয়ে দ্বিতীয় পর্যায়ের জরিপ পরিচালনা করার তথ্য দিয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা আগামী নির্বাচনে রংপুর ও  খুলনা বিভাগের ৬৮টি আসনের সবগুলো, রাজশাহী বিভাগের ৩৯টি আসনের ১০ থেকে ১২টি, বরিশালের ২১ আসনের তিনটি, চট্টগ্রামের ৫৮ আসনের ১২টি, সিলেটের ১৯ আসনের তিনটি, ময়মনসিংহের ২৪টি আসনের দুটি এবং ঢাকার ৭১ আসনের মধ্যে কয়েকটিসহ শতাধিক আসনে বিএনপির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।

একই সময়ে ভারতের ‘এই সময়’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এ জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব।’ যদিও পরে এই সাক্ষাৎকারে কিছু বিষয় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল।

প্রশ্ন হলো, যারা বিশ্বাস করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না বা যারা মনে করেন যে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্মূল করে দেওয়া উচিত, তারা কাজটি কীভাবে করতে চান—ব্যালটে নাকি আইনি ক্ষমতায় বা নির্বাহী আদেশে? আওয়ামী লীগের কর্মকাণ্ডে আরোপিত নিষেধাজ্ঞা নির্বাচনের আগে প্রত্যাহার হচ্ছে না বলে ধারণা করা অমূলক নয়। জাতীয় পার্টির পরিণতিও কি তাই হতে যাচ্ছে? দল নিষিদ্ধ করে দেওয়ার ফলে নির্বাচন করতে না পারলেই কি দল দুটি অস্তিত্বহীন হয়ে যাবে, নাকি অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার কারণে মানুষ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ভোট দেবে না?

যে রংপুরকে বলা হয় জাতীয় পার্টির ঘাঁটি, সেখানে যে জামায়াত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার কথা বলছে বা জয়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে, সেটি কি নির্বাচনে জাতীয় পার্টিকে অযোগ্য করা বা ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে তাকে নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনার অংশ? জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নিতে পারে, তাহলে বৃহত্তর রংপুরে জামায়াতের অবস্থান কী হবে—এটি হলো একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভোটে অংশ নিতে না পারে, তাহলে এই দুটি দলের ভোটাররা কাদেরকে ভোট দেবেন?

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আগামী জাতীয় নির্বাচনের তিনটি মেরুকরণ হতে পারে। প্রথম মেরুকরণ বিএনপি ও তার শরিক দলগুলোকে নিয়ে। দ্বিতীয়টি জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরও কিছু ইসলামি দলকে নিয়ে এবং তৃতীয়টি এনসিপি ও গণঅধিকার পরিষদকে নিয়ে। অবশ্য এরই মধ্যে এনসিপির সঙ্গে গণঅধিকার একীভূত হওয়ার আলোচনা শুরু হয়েছিল এবং একীভূত দলের নেতৃত্বে কার কী অবস্থান হবে, সেই বিষয়ে মতপার্থক্য দূর করা যাচ্ছে না বলে আলোচনাটি ঝুলে গেছে।

অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পরে দেশের রাজনীতিতে সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপিকেই সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছিল এবং অবাধ-সুষ্ঠু-সরকারি প্রভাবমুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করবে—এরকম একটি ধারণা জনমনে বেশ প্রবল ছিল।

কিন্তু গত এক বছর ধরে বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে; তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে খুনোখুনি, চাঁদাবাজি, দখল, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, আগুন ও মামলায় মূলত নাম আসছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। জামায়াত প্রকাশ্যে নেই বা তাদের বিরুদ্ধে মোটা দাগে চাঁদাবাজি বা দখলবাজির অভিযোগ উঠছে না। এমনকি ক্ষমতার দ্বন্দ্বে তাদের দলের ভেতরে খুনোখুনির অভিযোগও নেই।

সুতরাং, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, নির্বাচনের সেই অঙ্কটি এত সরল অবস্থায় আর নেই। বরং গত এক বছরে পরিস্থিতি বেশ জটিল হয়েছে। বিএনপির জন্য নির্বাচনের মাঠ অনেক কঠিন হয়েছে। বিএনপির একসময়কার জোটসঙ্গী জামায়াতই এখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী। এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারলেও আওয়ামী লীগের সেই সুযোগ নেই। তবু ঘটনাচক্রে এই দল ‍দুটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও বিএনপিকে লড়াই করতে হবে জামায়াতের সঙ্গেই। এনসিপি বা অন্য কোনো দলের সঙ্গে নয়। কিন্তু গত এক বছর ধরে জামায়াতের রাজনৈতিক কৌশলের কাছে বিএনপি কতটা জিতল বা হারল, তার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে।

যদিও ইনোভিশন কনসাল্টিংয়ের সাম্প্রতিক জরিপ বলছে, পরবর্তী সরকার গঠনে বিএনপিকেই উপযুক্ত মনে করেন বেশির ভাগ মানুষ। জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন। যাদের ৪১ দশমিক ৩০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার পক্ষে। জামায়াতের ক্ষেত্রে এই সংখ্যা ৩০ দশমিক ৩০ ভাগ। যদিও আগের জরিপের তুলনায় আওয়ামী লীগের সমর্থন ১৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৮ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, এনসিপি ও ইসলামী আন্দোলনের সমর্থন কমে যথাক্রমে ৪ দশমিক ১ এবং ৩ দশমিক ১ শতাংশ হয়েছে।

মাঠ পর্যায় থেকে আসা অভিযোগের বিষয়ে বিএনপির দুটি ব্যাখ্যা আছে। ১. ক্ষমতার পটরিবর্তনের তাদের দলের নেতারা পরে যেসব ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছেন বলে অভিযোগ উঠেছে, সেগুলো একসময় তাদেরই ছিল—যা এতদিন আওয়ামী লীগ দখলে রেখেছিল। ক্ষমতার পালাবদলের পরে বিএনপি সেগুলো পুনরুদ্ধার করেছে। ২. যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও সহিংসতার অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।

এসব উদ্যোগের কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রশংসার দাবি রাখে। কিন্তু জনমনে যে ধারণা তৈরি হয়েছে এবং দল হিসেবে বিএনপি যেভাবে বিতর্কিত ও সমালোচিত হচ্ছে, তার সুফল যাচ্ছে জামায়াতের ঘরে। উপরন্তু বিভিন্ন স্থানে জামায়াতের নেতারা বিপদগ্রস্ত আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নানাভাবে সহযোগিতা দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের জন্য এখন বিএনপি ও এনসিপি যতটা ভিলেন, জামায়াত ঠিক ততটা নয়। এই যদি অবস্থা হয় এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে এই দুটি দলের ভোটাররা কাদেরকে ভোট দেবেন? তাদের ভোট কি বিএনপি পাবে নাকি জামায়াত?

জুলাই অভ্যুত্থানের পরে যেমন জানা গেছে যে, বছরের পর বছর ধরে ছাত্রলীগের ভেতরে থেকেই শিবির তাদের রাজনীতি করে গেছে, তেমনি বিএনপির ভেতরেও কী পরিমাণ জামায়াতের লোক আছেন, সেটিও হয়তো ভবিষ্যতে জানা যাবে—যদি সত্যিই জামায়াত সরকার গঠন করতে পারে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশ নিতে না পারলে তাদের ভোটারদের বিরাট অংশই হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। কিন্তু যারা ভোট দিতে যাবেন, তাদের ভোট বিএনপি পাবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং, আগামী নির্বাচন শুধু আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অস্তিত্বের প্রশ্নই নয়, বরং এই নির্বাচন বিএনপির জন্যও বিরাট পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তার রাজনৈতিক কৌশল, বিশেষ করে জামায়াতের কৌশলের বিপরীতে পাল্টা কৌশল কতটা সময়োপযোগী ও কার্যকর হবে, তার ওপর অনেক কিছুই নির্ভর করবে। বিএনপি সাম্প্রতিক সময়ে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে বলে যে অভিযোগ করছে, আগামী দিনে এসব হয়তো আরও বাড়বে এবং প্রযুক্তির এইসব বিড়ম্বনা মোকাবেলায় তাকে দক্ষতার পরিচয় দিতে হবে।

আরেকটি প্রশ্ন হলো, আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ নির্বাচন চায়—প্রধান উপদেষ্টার প্রেস সচিব কী করে এটি জানলেন বা কত শতাংশ মানুষ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায়, তার কোনো ডাটা আছে কি না?

এটা ঠিক যে, আওয়ামী লীগ ও তার শরিকরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক সেটি অন্তর্বর্তী সরকার এবং অনেক রাজনৈতিক দল চায় না। কিন্তু দেশের সাধারণ মানুষ কী চায়, সেটি জানার যেহেতু কোনো গ্রহণযোগ্য উপায় নেই, ফলে কারা সরকার গঠন করবে আর কারা প্রত্যাখ্যাত হবে, সেই বিবেচনার ভার জনগণের ওপরেই ছেড়ে দেওয়া উচিত। জনগণ সেই সিদ্ধান্ত জানাক ভোটের মাধ্যমে। কিন্তু রাষ্ট্রীয় আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করা বা তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলেও সেই দলটি নির্মূল হয়ে যায় না। আওয়ামী লীগ তার বিগত ১৫ বছরের শাসনামলে বিএনপি ও জামায়াতকে নির্মূল করার জন্য রাষ্ট্রীয় সমস্ত মেশিন ব্যবহার করেছে। কিন্তু এই দুটি দলকে নির্মূল করা যায়নি। বরং আওয়ামী লীগ নিজেই এখন বিপন্ন, রীতিমতন অস্তিত্ব সংকটে ভুগছে।