১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

সত্তরের দশকের বর্গাচাষি আলেফ মিয়া থেকে শুরু করে বর্তমানের আলু ও সবজি চাষি—যুগ বদলালেও বদলায়নি কৃষকের ভাগ্য। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে করণীয় কী?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

যুগ বদলালেও বদলায়নি বাংলার প্রান্তিক কৃষকের ভাগ্য; রোদ-বৃষ্টি উপেক্ষা করে ফসল ফলানোর পরও ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কায় দিন কাটে তাদের।

খায়রুল আনোয়ার

Published : 13 Nov 2026, 09:55 AM

Updated : 13 Nov 2026, 09:59 AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষক আলেফ মিয়া। রাজনীতি কী, সংসদ কিংবা গণতন্ত্র কাকে বলে—এসব কিছু কখনও আলেফ মিয়ার ভাবনার ভেতরে ছিল না। তার একমাত্র ভাবনা ছিল বর্গা চাষের আয় থেকে সারা বছর মোটা ভাত-কাপড়ে কোনোরকমে সংসার চালানো। আর এটা হলেই আলেফ মিয়া খুশি। আলেফ মিয়া কোনো কল্পিত কৃষক চরিত্র নন। প্রখ্যাত সাংবাদিক ও লেখক আহমেদ হুমায়ুনের গ্রামের বাড়ি নবীনগরের বর্গাচাষি ছিলেন আলেফ মিয়া। আহমেদ হুমায়ুন সত্তরের ও আশির দশকে আলেফ মিয়াকে নিয়ে অনেকগুলো লেখা লিখেছিলেন, যা অধুনালুপ্ত সাপ্তাহিক ‘বিচিত্রা’য় প্রকাশিত হয়। পরবর্তীকালে বাছাই করা লেখা নিয়ে ‘আলেফ মিয়ার পৃথিবী’ নামে তার একটি বই প্রকাশিত হয়। এসব লেখায় প্রান্তিক কৃষকের দুঃখগাথা তুলে ধরা হয়েছে। লেখার মূল সুর ছিল, কৃষকের অবস্থার কখনও কোনো পরিবর্তন হয় না; যা ছিল তাই থেকে যায়। কোনো কোনো লেখা ছিল স্যাটায়ারধর্মী।

লেখক একবার গ্রামের বাড়িতে থাকা অবস্থায় আলেফ মিয়ার কাছে জানতে চেয়েছিলেন, “ভাত-তরকারি, কাঁচা লঙ্কা ছাড়া আর কী খেতে ইচ্ছা করে?” আলেফ মিয়ার জবাব ছিল, “যদি একটা পাকনা কাডাল খাইতে পারতাম।” লেখক আলেফ মিয়াকে বলেছিলেন, “আলেফ, তুমি জানো ঢাকায় বড় বড় হোটেলে পাঁচ-সাত কোর্সের ডিনার খাওয়া হয়? আর তুমি কিনা শুধু একটা পাকা কাঁঠাল খেতে চাও!” ডিনার কী, আর পাঁচ-সাত কোর্স কাকে বলে—আলেফ মিয়ার এসব জানার কথা নয়। লেখক বিষয়টি বুঝিয়ে বললে আলেফ মিয়ার চোখে বিস্ময় ফুটে ওঠে—মানুষ এত রকমের খাবার খায় কী করে?

আলেফ মিয়া আজ আর বেঁচে নেই। তবে তার মতো অসংখ্য প্রান্তিক কৃষক গ্রামবাংলায় ছড়িয়ে আছেন, যারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলান। অনেকে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে নিজের সামান্য জমিতে ধান চাষ করেন। কেউবা বর্গাচাষি, শাকসবজি ফলান। অনেক সময় অকালবন্যায় ফসলে পরিপূর্ণ জমি ডুবে যায়। কৃষক হয়ে পড়েন সর্বস্বান্ত। সারা বছরের খোরাকি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। মাথার ওপর চেপে বসে ঋণ ও সুদের বোঝা। এ প্রসঙ্গে ২০২৪ সালের অগাস্টে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যার কথা উল্লেখ করা যেতে পারে। ওই বন্যায় ফেনী ও নোয়াখালীসহ দেশের ১১টি জেলার ৭৩টি উপজেলা প্লাবিত হয় এবং অসংখ্য কৃষক পথে বসে যান।

চার লাউ এক টাকা, পেঁপের কেজি তিন টাকা

গত ২৩ অক্টোবর দৈনিক ‘সমকাল’-এ এই শিরোনামে প্রথম পাতায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। জাহিদুর রহমানের প্রতিবেদনে বলা হয়, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় এবার লাউয়ের ফলন ভালো হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দর পড়ে গেছে। কোথাও চারটি লাউ বিক্রি হয়েছে এক টাকায়, কোথাও প্রতিটি লাউয়ের দাম দুই থেকে পাঁচ টাকা। অথচ স্থানীয় খুচরা বাজারে একটি লাউয়ের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। রাজধানীর বাজারে একটি লাউয়ের দাম ৪০ থেকে ৬০ টাকা। পেঁপেও বিক্রি হচ্ছে প্রায় ৩০ টাকায়। উৎপাদন খরচ দূরের কথা, অনেক ক্ষেত্রে ফসল তোলার শ্রমিকের মজুরি ও পরিবহন খরচও উঠছে না। তাই জমিতে ফলন ভরা লাউয়ের গাছ কেটে ফেলছেন কৃষক। পেঁপে পেকে নষ্ট হচ্ছে গাছেই।

প্রতিবেদনে পঞ্চগড়ের আটোয়ারীর তেলিপাড়ার কৃষক দুলাল ইসলাম, একই উপজেলার ঝলঝলি উলারচাপের আনসারুল ইসলাম, মানিকগঞ্জের সিংগাইরের গোপালনগর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন এবং সিংগাইরের আরেক কৃষক তাজুল শিকদারের সঙ্গে আলাপের সূত্রে তাদের অবস্থার কথা তুলে ধরেছেন। কৃষক দুলাল ইসলাম জানিয়েছেন, ৪০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন। তার খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। কিন্তু এ পর্যন্ত লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র তিন হাজার টাকা। দুলাল আরও জানান, দুই থেকে তিন হাজার লাউ বিক্রি করেও এক কেজি গরুর মাংস কেনার টাকা হয় না। লোকসানের কারণে শেষ পর্যন্ত বাগান কেটে ফেলেছেন। কিছু লাউ গরুকে খাওয়াচ্ছেন। তার প্রশ্ন, কৃষক এত কষ্ট করে ফসল ফলিয়ে দাম না পেলে চাষ করবেন কীভাবে? সিংগাইরের তাজুল শিকদার লোকসানের কারণে দুই বিঘা জমির পেঁপে গাছ কেটে ফেলেছেন। উৎপাদিত পণ্য বিক্রি করে খরচের সামান্য অংশও ফেরত না পাওয়ায় তিনি এখন অন্য ফসলের দিকে ঝুঁকছেন।

আলু ফলিয়েও দীর্ঘশ্বাস

শুধু লাউ বা পেঁপে নয়, আলু চাষও এখন কৃষকের জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ৫ নভেম্বর ‘সমকাল’ পত্রিকায় জাহিদুর রহমানের আরেকটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। শেষের পাতায় প্রকাশিত এই খবরের শিরোনাম ছিল ‘নগদ টাকার ফসল এখন বাড়তি ক্ষতির নাম’। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোথাও হিমাগারের গেটে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৯ থেকে সাড়ে ৯ টাকায়, কোথাও ১১ থেকে ১৪ টাকায়। বিপরীতে উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়া মিলিয়ে খরচ পড়েছে ২০ থেকে ২৫ টাকা। এতে করে প্রতি কেজিতে লোকসান হচ্ছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। আবার কোথাও লোকসানের পরিমাণ আরও বেশি। উত্তরাঞ্চলের রংপুর, ঠাকুরগাঁও এবং জয়পুরহাটের পাশাপাশি মুন্সীগঞ্জের শ্রীনগরেও একই চিত্র।

প্রতিবেদনে রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি গ্রামের আলুচাষি আমিনুল ইসলামের দুঃখের কাহিনি তুলে ধরা হয়েছে। হিমাগারে রাখা আমিনুলের ৩০০ বস্তা আলুতে কেজিপ্রতি ১২ টাকা লোকসান হচ্ছে। আমিনুল তার দুঃখের কথা বলেন ঠিক এভাবে, “ধানের দাম নাই। আলু হামার কোমর ফ্যালে দেছে। ২০১৪ সাল থাকি সাত বার আলুত লস খাচ্ছি। এবার হিমাগারোত আলু থুচি ৩০০ বস্তা। তাহলে তোরায় কন, আলু হিমাগার থাকি বাইর করি কী হইবে? ওটে কোনায় পচি যাউক।”

দামের ফারাক

মাঠ ও পাইকারি বাজারের মধ্যে পণ্যের দামের ফারাক অনেক। বগুড়ার মহাস্থান পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে পটলের দাম কেজিপ্রতি ৪০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকা, করলার দাম ৫৫ থেকে ৪৫ টাকা, ফুলকপির দাম ৭০-৮০ টাকা থেকে ৬০ টাকা এবং মুলার দাম ৩৫ টাকা থেকে ২২ টাকায় নেমেছে। কিন্তু বগুড়া শহরের বাজারে গিয়েই শাকসবজির দাম বেড়ে যায় (সমকাল, ২৪ অক্টোবর)। এক গবেষণায় দেখা গেছে, কৃষক ৩০ টাকার বেগুন বিক্রি করে পান মাত্র ৮ টাকা, আর ঢাকায় ৯০ টাকায় বিক্রি করে মধ্যস্বত্বভোগীরা নেন ৬৬ শতাংশ লাভ। একটি সাধারণ হিসাব ধরে এই গবেষণা করা হয়েছে; কেননা সবজির দাম প্রতিনিয়ত ওঠানামা করে।

কৃষকের ন্যায্যমূল্য না পাওয়ার কারণ

মাঠে যারা ফসল ফলান—হতে পারে নিজের জমিতে অথবা বর্গাচাষি হিসেবে—তাদের ফসলের ন্যায্য দাম না পাওয়ার পেছনে একটি নয়, একাধিক কারণ আছে। সবজি পচনশীল হওয়ায় কৃষক বেশিদিন তা ধরে রাখতে পারেন না। ফলে তারা কম দামে বা লোকসান দিয়ে উৎপাদিত পণ্য ছেড়ে দিতে বাধ্য হন। অনেক সময় ফলন বেশি হলেও দাম পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হন কৃষক। আবার পাইকার, মধ্যস্বত্বভোগী অথবা সিন্ডিকেট—এমন অনেক হাত ঘুরে মাঠের ফসল শহর, নগর এবং রাজধানীর বাজারে আসে। আর তখন দাম চড়ে যায়।

প্রান্তিক কৃষকের পক্ষে পরিবহন খরচ বহন করার মতো অর্থ থাকে না বলে তারা উৎপাদিত পণ্য সরাসরি শহর বা বড় বাজারে নিয়ে আসতে পারেন না। আবার যদিও বা বাজারে আনতে সক্ষম হন, তারপরেও প্রত্যাশিত দাম পান না। কারণ অনেক ক্ষেত্রেই বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। এই সিন্ডিকেট কারা বাজারে পণ্য কিনবে এবং কত দামে কিনবে তা আগে থেকে ঠিক করে দেয়। কেউ বেশি দাম দিতে চাইলেও বাজারে প্রবেশ করতে পারে না।

দৈনিক ‘আজকের পত্রিকা’য় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, প্রান্তিক চাষিরা সব সময় বৈষম্যের শিকার হচ্ছেন। বৈষম্যের মূল কারণ হচ্ছে উৎপাদিত পণ্যের ৩ থেকে ৪ হাত ঘোরা। কৃষক উৎপাদন করার পর ফড়িয়া, আড়তদার, পাইকার হয়ে খুচরা বিক্রেতার কাছে পৌঁছায়। কৃষকের পরে পণ্য যেসব স্তরে যায়, তারা প্রত্যেকেই মুনাফা করে। বীজ, সার ও শ্রম—সবই কৃষকের। তারপরেও প্রান্তিক কৃষক লাভের মুখ কমই দেখেন। অনেক ক্ষেত্রে লোকসান গোনেন এবং ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরিবার নিয়ে দিন চালানোই কঠিন হয়ে পড়ে। গণমাধ্যমের খবর অনুযায়ী, বগুড়ার মহাস্থান বাজার থেকে ঢাকায় আসা একটি ট্রাককে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। এতে ঢাকার বাজারে পণ্যের দাম বেশি পড়ে। তবে এই বাড়তি দামের ভাগ প্রান্তিক কৃষকের কাছে পৌঁছায় না; কৃষক বঞ্চিতই থেকে যান।

ন্যায্যমূল্য পাওয়ার উপায়

প্রশ্ন হচ্ছে, প্রান্তিক কৃষক অথবা বর্গাচাষি কি উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়া থেকে সারাজীবন বঞ্চিত থাকবেন? অথবা কখনও কখনও কেবল সীমিত লাভ করবেন? রাজধানীর শীতাতপ নিয়ন্ত্রিত দপ্তরে বসে নীতিনির্ধারক ও কর্তাব্যক্তিরা কৃষকের জন্য নীতি প্রণয়ন করেন, গ্রহণ করেন বিভিন্ন সিদ্ধান্ত। তারপরেও সামগ্রিকভাবে বলতে হয়, কৃষক অধিকাংশ ক্ষেত্রে পণ্যের ন্যায্য দাম পান না। এর প্রধান কারণ বাজার ব্যবস্থাপনার ত্রুটি। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে কৃষি অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের বিভিন্ন সুপারিশ রয়েছে। রয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর, যার মূল দায়িত্ব হচ্ছে কৃষকের পণ্য বিপণনে সহায়তা করা। কিন্তু এক্ষেত্রে তাদের কার্যকর কোনো ভূমিকা দেখা যায় না। কৃষক সমবায়ের মাধ্যমে সরাসরি বাজারে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন, আর এক্ষেত্রে বিপণন অধিদপ্তর বড় ভূমিকা রাখতে পারে।

কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান এ বিষয়ে একটি সংবাদপত্রকে দেওয়া মতামতে বলেছেন, “ভারত ‘মিনিমাম প্রাইস সাপোর্ট’ নামে একটি স্কিম চালু করেছে, যা কৃষকের নিজের উৎপাদিত ফসলের নির্দিষ্ট দাম পাওয়ার নিশ্চয়তা দেয়। ভারতে প্রায় ২৩টি পণ্য সরকার কিনে নিয়ে মজুত করে। পরে যখন মৌসুম শেষ হয়, তখন সরকার বাজারে সেই পণ্য ছাড়ে। তাতে বাজার নিয়ন্ত্রিত থাকে।”

এখন সময় হয়েছে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ানোর। এক্ষেত্রে সরকারকেই সবার আগে এগিয়ে আসতে হবে এবং কৃষি বিপণন অধিদপ্তরকে আরও সক্রিয় করা দরকার।

খায়রুল আনোয়ার: সাংবাদিক ও কলাম লেখক। ই-মেইল: khairulmukul7@gmail.com