১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সোনার দাম ছয় দিনে ভরিতে কমল ৭৬৯৮ টাকা

বৃহস্পতিবার থেকে নতুন দরে সোনা বিক্রি হচ্ছে; ছয় দিনের মধ্যে তিন দফা কমল দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 02:20 PM

Updated : 12 Nov 2026, 02:21 PM

দেশের বাজারে সোনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে।

এর আগে ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। তার আগের চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল সোনার দাম।

এরপর ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। বুধবার আরও ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে দাম নামানো হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।

সবশেষ বৃহস্পতিবার কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। সব মিলিয়ে ছয় দিনের ব্যবধানে তিন দফায় ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমল ২২ ক্যারেট সোনার দাম।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল, যা ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর থেকে দফায় দফায় দাম বাড়া-কমার মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।

কত দামে বিক্রি হচ্ছে সোনা

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৯ হাজার ৩০ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর কার্যকরের আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সে হিসাবে এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারেও দরপতন

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। ওই দিন স্পট মার্কেটে দাম একপর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে প্রতি আউন্সের দাম ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্টে দাঁড়ায়।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা করেছে। সাম্প্রতিক দরপতনের মধ্যে গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।

এরপর দাম কিছুটা বাড়লেও মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। বুধবার সামান্য ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতুর দাম।

তবে বৃহস্পতিবারও দরপতন অব্যাহত থাকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশ এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সুদের হার নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিতে সোনার দাম কমেছে। এতে ডলারের মূল্য বেড়েছে এবং আগামী মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৫টা ৬ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম আগের দিনের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৭৭ ডলার ৯৯ সেন্টে নেমে আসে।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।