ধুঁকতে থাকা শ্রীলঙ্কা ফের ভারতের বলয়ে ভিড়ছে?
ভয়াবহ অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরে চলা গণ আন্দোলনে রাজাপাকসে পরিবারের সদস্যদের বিরুদ্ধে স্লোগান দিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা; তারা আওয়াজ তুলছিলেন প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধেও।
বিক্ষোভকারীদের বলতে শোনা যাচ্ছিল- ‘ভারত আর যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করবেন না’, ‘শ্রীলঙ্কা ভারতের অঙ্গরাজ্য নয়’। ভারতের নেতাদের উদ্দেশে তারা স্লোগান দিচ্ছিলেন- ‘শ্রীলঙ্কার পরিস্থিতির সুযোগ নেবেন না’।
বিবিসি লিখেছে, এরকম ভারতবিরোধী মনোভাব শ্রীলঙ্কায় এখনও আছে, তবে অর্থনৈতিক বিশৃঙ্খলা আর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেই ভারত নিয়ে শ্রীলঙ্কার মানুষের দৃষ্টিভঙ্গি হয়ত বদলে যাচ্ছে।
বিদেশি মুদ্রার ভাণ্ডার খালি হয়ে যাওয়ায় গত কয়েক মাস ধরেই ব্যাপক সংকটে ভুগছে ভারত মহাসাগরের দ্বীপ দেশ শ্রীলঙ্কা। বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য ও ওষুধসহ নিত্যপণ্যের ঘাটতির কারণে গত মার্চ থেকে জনরোষ বাড়ছিল।
জুলাইয়ের শুরুতে সেই জনরোষের বিস্ফোরণ ঘটলে দেশ থেকে পালিয়ে পদত্যাগ করেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তার আগে তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে, সেচমন্ত্রী চমল রাজাপাকসে, মাহিন্দার ছেলে ক্রীড়ামন্ত্রী নমল রাজাপাকসে ও চমলের ছেলে কৃষিমন্ত্রী শশীন্দ্র রাজাপাকসেও মন্ত্রিপরিষদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন গত কয়েক মাসে।
তামিল টাইগারদের সঙ্গে তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে ২০০৯ সালে শ্রীলঙ্কায় স্থিতাবস্থা ফিরিয়েছিল রাজাপাকসে পরিবার। অনেকের চোখে, এ পরিবারের সদস্যরা ছিলেন জাতীয় বীর।
গোটাবায়া রাজাপাকসে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আমদানি পণ্যে শুল্ক কমানো, কর প্রত্যাহার এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা চালুর মত জনতুষ্টির সিদ্ধান্ত নেন। কিন্তু তাতে উৎপাদন কমে আর্থিক টানাপড়েনে পড়ে যায় শ্রীলঙ্কা। ব্যয় মেটাতে সরকারকে ঝুঁকতে হয় বিদেশি ঋণের দিকে।
শ্রীলঙ্কার জন্য সংহতি জানিয়ে দিল্লিতে বিক্ষোভ। ছবি: রয়টার্স
এসব সংকটের মধ্যে জনরোষ থেকে বাঁচতে গত সপ্তাহে পালিয়ে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে আশ্রয় নেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সেখান থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
সংকট উত্তরণে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে শ্রীলঙ্কার পার্লামেন্টে বুধবার ভোট হয়। তাতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে, যিনি এর আগে যে পাঁচ বার প্রধানমন্ত্রী হয়েছেন, কোনোবারই মেয়াদ পূর্ণ করতে পারেননি।
বিবিসি লিখেছে, শ্রীলঙ্কার নাগরিক সমাজের একটি অংশ পক প্রণালীর ওপারের বড় প্রতিবেশী ভারতকে সব সময় সন্দেহের চোখে দেখে। শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ সিংহলী জাতীয়তাবাদী এবং বামপন্থি দলগুলো কয়েক বছর ধরেই ভারতবিরোধী অবস্থান থেকে বিক্ষোভ দেখিয়ে আসছে।
কিন্তু কয়েক মাস আগে শ্রীলঙ্কা যখন আবিষ্কার করল যে তারা হঠাৎ গভীর অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে গেছে, তখন সেই ভারতের দিকেই আবার তাদের ঝুঁকতে হল। আর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) প্রতিবেশীর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল।
বিবিসি লিখেছে, শ্রীলঙ্কাকে ভারতের সহযোগিতা এই প্রথম নয়। প্রকৃতপক্ষে বিগত বছরগুলোতে ভারত যতটা সাহায্য শ্রীলঙ্কাকে করেছে, অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান ততটা করেনি।
গত ১৫ বছরে চীন বড় অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ এবং অন্যান্য আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়ে শ্রীলঙ্কাকে নিজেদের প্রভাব বলয়ে টেনে নিয়েছিল অনেকটা।
এখন সোয়া দুই কোটি জনসংখ্যার দ্বীপদেশ শ্রীলঙ্কার আর্থিক দুর্দশা দিল্লিকে প্রতিবেশীর ওপর তার পুরনো প্রভাব পুনরুদ্ধারে সাহায্য করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০১৬ সালে দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার তখনকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, যিনি দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ছবি: রয়টার্স
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক সম্পর্ক শত শত বছরের পুরনো। কলম্বোর প্রধান বাণিজ্য অংশীদার দিল্লি। ভারত থেকে প্রচুর পরিমাণ পণ্য, বিশেষ করে খাদ্য সামগ্রী আমদানি করে শ্রীলঙ্কা।
দ্বীপরাষ্ট্রের সংখ্যালঘু তামিলদের সঙ্গে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর মানুষের ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও জাতিগত সম্পর্ক রয়েছে।
মাহিন্দা রাজাপাকসে ২০০৫ সালে যখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হলেন, তখন থেকে কলম্বো ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসতে শুরু করে। তার দ্বিতীয় মেয়াদে এই পরিবর্তন আরও সুসংহত হয়। হাম্বানটোটা বন্দরের মত একগাদা অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য চীনের সঙ্গে চুক্তি হয় সে সময়।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত চীন ৫০০ কোটি ডলার ঋণ দিয়েছে শ্রীলঙ্কাকে, যা দেশটির মোট ঋণের প্রায় ১০ শতাংশ। কিন্তু খাদ্য ও জ্বালানির সংকট মোকাবিলায় শ্রীলঙ্কা যখন আরও ঋণ চাইল, বেইজিং তাদের নতুন কোনো প্রতিশ্রুতি দিতে আগ্রহী হয়নি।
উল্টো দিকে ভারত এই দুঃসময়ে ঋণ ও মুদ্রা বিনিময় মিলিয়ে প্রায় সাড়ে তিনশ কোটি ডলার দিয়েছে শ্রীলঙ্কাকে। ঋণচুক্তির অংশ হিসাবে ভারত গত কয়েক মাসে শ্রীলঙ্কায় জ্বালানি, খাদ্য ও সারের বেশ কয়েকটি চালান পাঠিয়েছে।
ছবি: রয়টার্স
বিশেষজ্ঞরা বলছেন, বিলিয়ন ডলারের এই সহায়তা ভারতের বিষয়ে শ্রীলঙ্কার মানুষের বোঝাপড়ার পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখছে।
শ্রীলঙ্কার বেসরকারি খাতে কর্মরত টাইরন সেবাস্তিয়ান নামের এক ব্যক্তি বিবিসিকে বলেন, “ভারত খাদ্য ও জ্বালানি দিয়ে আমাদের সময়োপযোগী সাহায্য করেছে। ভারতের সাহায্য ছাড়া শ্রীলঙ্কার জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ত।”
কলম্বোর সমাজকর্মী মেলানি গুনাতিলক বলেন, ‘চমৎকার সহযোগিতা ও সংহতির’ জন্য তিনি ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞ।
তবে বিশেষজ্ঞদের ভাষ্য, শ্রীলঙ্কাকে এই সহযোগিতার পেছনে ভারতেরও কৌশলগত স্বার্থ আছে, যার মধ্যে আছে প্রতিবেশীর ওপর দিল্লির প্রভাব জারি রেখে বাড়তি সুবিধা আদায় করে নেওয়া।
ভারত শ্রীলঙ্কার জন্য ঋণের ঘোষণা দেওয়ার পর গত জানুয়ারিতে দুই দেশ উত্তর-পূর্ব ত্রিনকোমালি বন্দরে ৬১টি বিশাল তেলের ট্যাঙ্ক যৌথভাবে পরিচালনা করতে সম্মত হয়। এই তেলের ট্যাঙ্কগুলো তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আর ভারত ব্রিটিশ যুগের এই ট্যাঙ্কগুলোর সুবিধা পাওয়ার চেষ্টা করে আসছিল তিন দশকের বেশি সময় ধরে। এর মাধ্যমে কৌশলগত অবস্থানে ভারতের তেল মজুদের সক্ষমতা বাড়বে।
একইভাবে সেপ্টেম্বরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কলম্বো বন্দরে ওয়েস্টার্ন কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তিতে ভারতের আদানি গ্রুপকে বেশিরভাগ অংশীদারিত্ব দেওয়া হয়।
শ্রীলঙ্কার বামপন্থি ন্যাশনাল পিপলস পাওয়ার অ্যালায়েন্সের এমপি হরিণী অমরাসুরিয়া বিবিসিকে বলেন, “কোনো দেশ নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করবে, তা আমি মনে করি না। ভারত অবশ্যই তাদের স্বার্থ দেখবে।
“ভারতের মত শ্রীলঙ্কাকেও নিজেদের স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে হবে এবং খেয়াল রাখতে হবে, সেজন্য অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানগুলোর ওপর থেকে শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে ছাড় দিতে হয় কি না।”
বিশেষজ্ঞরা বলছেন, শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল ও তাদের অধিকারের বিষয়টিও ভারতের সঙ্গে কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে প্রভাব রাখতে পারে।
১৯৮০ এর দশকে শ্রীলঙ্কার অনেক তামিল বিদ্রোহীকে আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে কলম্বোর দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হয়েছিল। কলম্বো অভিযোগ তুলেছিল, দিল্লি সেই সব সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করছে, যারা শ্রীলঙ্কার তামিলদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে।
২০০৯ সালের মে মাসে শ্রীলঙ্কা সরকারের সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে সেই গৃহযুদ্ধের অবসান ঘটে এবং সেই যুদ্ধের সময় ভারত শ্রীলঙ্কা সরকারের পক্ষে অবস্থান নেয়।
শ্রীলঙ্কা অবশ্য এখনও ১৯৮৭ সালের ভারত-শ্রীলঙ্কা শান্তি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারেনি, যেখানে তামিলদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সব প্রদেশে ক্ষমতা বৃদ্ধির জন্য নতুন আইনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
অমরাসুরিয়া বলেন, “রাজনৈতিক ক্ষেত্রে ভারতের সরাসরি হস্তক্ষেপের একটা উদ্বেগ অতীতে সবসময় ছিল।”
তবে আপাতত অর্থনৈতিক সংকটই দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব পাবে বলে মনে করেন অমরাসুরিয়া।
ইতোমধ্যে শ্রীলঙ্কার অনেকে, বিশেষ করে উত্তরের তামিলরা অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে তামিলনাড়ুতে আশ্রয় খুঁজছেন। শ্রীলঙ্কায় সংকট আরও বাড়লে ওই সংখ্যাও আরও বাড়বে।
বিবিসি লিখেছে, শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল ও মুসলমানরা সবসময় ভারতের দিকে তাকিয়ে থাকে, বিশেষ করে তারা যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং সমঅধিকার চায়।
অতীতের তিক্ততার পরও সংখ্যাগরিষ্ঠ সিংহলী সম্প্রদায়ের অনেকেই গত কয়েক মাসে ভারতের ভূমিকার প্রশংসা করেছে।
আইটি খাতের পেশাজীবী মোহাম্মদ সুফিয়ানের ভাষ্য, “লঙ্কা-ইন্ডিয়ান অয়েল করপোরেশন এখনও কিছু তেল আমাদের সরবরাহ দিচ্ছে, যা আমাদের চালিয়ে নিচ্ছে।
“ভারতের সাহায্য না হলে সারা দেশে আমাদের পেট্রোল পাম্পগুলো পুরোপুরি বন্ধ হয়ে যেত।”
