২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধ্রে তুমুল বৃষ্টি-বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ শতাধিক

ভারতের অন্ধ্র প্রদেশে তুমুল বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু ও শতাধিক ব্যক্তির ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2021, 11:51 AM

Updated : 07 Apr 2022, 11:54 PM

ভয়াবহ বন্যায় মন্দিরের শহর তিরুপতিতে কয়েকশ তীর্থযাত্রী আটকাও পড়েছেন বলে একাধিক ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, দুর্যোগকালীন পরিস্থিতির কারণে তিরুমালা পাহাড়ে যাওয়ার ঘাট সড়ক ও অন্যান্য পায়ে হাঁটার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাহাড়েই বিখ্যাত ভেঙ্কটেশ মন্দিরের অবস্থান।

তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে; জলাধারগুলোর পানি উপচে পড়ছে।

পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোকে মোতায়েন করা হয়েছে; উদ্ধার অভিযানও চলছে পুরোদমে।

বন্যায় অসংখ্য সড়ক ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রায়ালাসিমা অঞ্চলেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে আছে চিতোর, কাড়াপা, কুর্ণল ও অনন্তপুর।

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে অন্ধ্রের ছেয়েরু নদীর উপচে পড়া পানি লোকালয়ে ঢুকে পড়েছে। বন্যায় অন্নময় সেচ প্রকল্পেরও ব্যাপক ক্ষতি হয়েছে। 

কর্তৃপক্ষ কাড়াপা বিমানবন্দর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।