২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীকে ধর্ষণের মামলায় সাংবাদিক তরুণ তেজপাল বেকসুর খালাস

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় খালাস পেয়েছেন ভারতের তেহেলকা ম্যাগাজিনের সাবেক সম্পাদক তরুণ তেজপাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2021, 01:46 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

ভারতের পশ্চিমের রাজ্য গোয়ার মাপুসা আদালত শুক্রবার তরুণের বিরুদ্ধে আনা সব ‍অভিযোগ খারিজ করে দেয় বলে জানায় বিবিসি।

তরুণের অজ্ঞাত নামা এক নারী সহকর্মী ২০১৩ সালে তার বিরুদ্ধে গোয়ায় একটি হোটেলে তেহেলকার বার্ষিক সভা চলাকালে লিফ্টের ভেতর যৌনহেনেস্তার অভিযোগ আনেন।

যে অভিযোগের ভিত্তিতে নভেম্বরেই পুলিশ তরুণ কে গ্রেপ্তার করে এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার আগে তাকে সাত মাস কারাবাস করতে হয়েছে। ২০১৪ সালের জুলাই মাসে জামিন পান এ সাংবাদিক।

শুরু থেকেই তরুণ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ‍অস্বীকার করেছেন।

২০১৭ সাল থেকে গোয়ার একটি আদালতে তরুণের বিরুদ্ধে হওয়া এ মামলার শুনানি শুরু হয়।

প্রসিকিউশন থেকে শুক্রবারের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলা হয়েছে।

আদালতে যা হয়েছে:

ভারতের পশ্চিমের রাজ্য গোয়ার মাপুসা আদালত শুক্রবার তরুণের বিরুদ্ধে আনা সব ‍অভিযোগ খারিজ করে দেন।

পুলিশ তরুণের বিরুদ্ধে প্রায় তিন হাজার পাতার অভিযোগ পত্র দায়ের করেছিল। যেখানে তার বিরুদ্ধে ‘বলপূর্বক আটকে রাখা, সম্ভ্রমহানির জন্য অপরাধমূলক বলপ্রয়োগ, যৌন নিগ্রহ, এবং ধর্ষণের অভিযোগ আনা হয়।

তরুণ সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।

প্রসিকিউশন থেকে ১৫৬ জন সাক্ষীর নাম আদালতে জমা দেওয়া হয়েছিল। পরে তাদের মধ্যে ৭০ জন আদালতে সাক্ষ্য দেন।

এ মামলার শুনানি গোপনে অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ, সাংবাদিকদের আদালতে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।

কে এই তরুণ তেজপাল:

ভারতের সুপরিচিত সাংবাদিকদের অন্যতম তরুণ তেজপাল। কয়েক দশক ধরে দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকায় কাজ করার পর তার হাত ধরেই ২০০০ সালে তেহেলকা ম্যাগাজিনের যাত্রা শুরু হয়।

দ্রুতই তেহেলকা বেশ কয়েকটি বড় বড় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। যা নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায়।

বিশেষ করে তেহেলকার সাংবাদিকদের ছদ্মবেশে ‘স্টিং অপরাশেন’ চালিয়ে নানা অপরাধ ও দুর্নীতির চিত্র তুলে ধরার জন্য দ্রুতই ম্যাগাজিনটি পাঠকপ্রিয়তা পায়।

২০০১ সালে তেহেলকার ‘অপারেশন ওয়েস্ট এন্ড’ পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল। তেহেলকার সাংবাদিকরা সেবার অস্ত্র বিক্রেতা সেজে সেনা কর্মকর্তা, আমলাদের ঘুষ এবং নারীসঙ্গের প্রস্তাব দেয়। সেসব ঘটনা তারা গোপন ক্যামেরায় ভিডিও করে।

এমনকি ওই সময়ের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্টও ভুয়া ওই অস্ত্র চুক্তির জন্য ঘুষ নিয়েছিলেন।

এ ঘটনা প্রকাশের পর বিজেপি সরকারের ভিত নড়ে গিয়েছিল। জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছিলেন তরুণ তেজপাল।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তাকে ‘ভারতের সব থেকে সফল সাংবাদিক’ বলে প্রশংসা করা হয়।

তরুণের বিরুদ্ধে হওয়া মামলা:

২০১৩ সালের নভেম্বরে তরুণের একজন নারী সহকর্মী গোয়ার একটি পাঁচতারকা হোটেলের লিফ্টের ভেতর তাকে যৌন হেনেস্তা করার অভিযোগ দায়ের করেন।

ভারতের আইন অনুযায়ী ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।

প্রাথমিকভাবে তরুণ ওই ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘পরিস্থিতির ভুল ব্যাখ্যা করা হয়েছে’ বলে বর্ণনা করেন।

বলেন, ‘রাজনৈতিকভাবে প্রতিশোধ’ নিতে গোয়ার স্থানীয় বিজেপি সরকার তার বিরুদ্ধে এ চক্রান্ত করেছে।

এবিভিপি এবং বিজেপির নারী দল এবং সদস্যরা তরুণের বিরুদ্ধে ওই সময় সড়কে নেমে আন্দোলন করেছিল।

গোয়ার অতিরিক্ত জেলা আদালতে গত ২৭ এপ্রিল এ মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছিল। কিন্তু বিচারপতি ক্ষমা যোশী রায়দান ১২ মে পর্যন্ত স্থগিত রাখেন। ১২ মে পুনরায় রায়দানের তারিখ ১৯ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।

ভারতে চলমান কোভিড-১৯ মহামারীর কারণে কর্মী সংখ্যা কম থাকায় মামলার রায়দান পিছিয়ে দেয়া হয় বলে তখন আদালত থেকে বলা হয়েছিল।

এর আগে তরুণ তেজপাল মুম্বাই হাইকোর্টে তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়েরে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তার ওই আবেদন সেখানে খারিজ হয়ে যায়।

আরও পড়ুন

ধর্ষণ মামলায় আটকে যাচ্ছেন তেজপাল  

তেহেলকা সম্পাদক তেজপাল গ্রেপ্তার  

তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণ মামলা  

যৌন নিগ্রহ: তেহলকা থেকে সরে দাঁড়ালেন তেজপাল