২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ভারতের আলোচিত সাময়িকী তেহলকার প্রধান সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 07:48 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

দুই সপ্তাহ আগে তেজপাল গোয়ার একটি হোটেলে সহকর্মী এক নারী সাংবাদিক যৌন হয়রানি করেন বলে অভিযোগ আছে।

‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, এ অভিযোগে তেজপালের বিরুদ্ধে ৩৭৬ ধারায়(ধর্ষণ)মামলা দায়ের করেছে গোয়ার পুলিশ। এ মামলায় খুব শিগগিরই গ্রেপ্তার হতে পারেন তিনি।

অভিযোগে দোষী সাব্যস্ত হলে নূন্যতম ১০ বছরের জেল থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তেজপালের।

অভিযোগ তদন্তে একটি কমিটি এরই মধ্যে গঠন করা হয়েছে। তেজপাল ছয় মাসের জন্য পদত্যাগ করলেও তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ। কাল সকালে তেজপালকে জেরা করতে পুলিশ দিল্লিতে যাবে।

নিগ্রহের শিকার ওই নারী সংবাদকর্মীর অভিযোগ সম্পর্কে এরই মধ্যে সাময়িকীটির বক্তব্য তলব করা হয়েছে।

অভিযোগকারী সেই নারী সংবাদকর্মী বলছেন, তিনি যৌন অসদাচরণের শিকার। মেয়ের বয়েসী হওয়ার পরও এবং আপত্তি তোলা সত্বেও তার সঙ্গে একাধিকবার অশ্লীল আচরণ করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোমা চৌধুরীর কাছে ই-মেইলে গত সোমবার অভিযোগ জানান তিনি। ই-মেইলটি পরে ফাঁস হয়ে যায়।

ঘটনাটি ঘটে গোয়ার একটি হোটেলে, যেখানে তেহলকার বার্ষিক সভার আয়োজন করা হয়েছিল। ই-মেইলে ওই নারী সাংবাদিক যে অভিযোগ করেছেন তা ভারতে সদ্য চালু হওয়া নারীর বিরুদ্ধে যৌন অপরাধ আইনের আওতায় ধর্ষণের মামলা করার জন্য যথেষ্ট বলেই মানছেন পুলিশ ও আইন বিশেষজ্ঞরা।

কিন্তু সোমা চৌধুরী ঘটনাটি ধামাচাপা দিতে চাইছেন বলে অভিযোগ করেছে ভারতের প্রধান বিরোধী দল বিজেপি।

এনডিটিভি জানায়, সোমা তদন্তের স্বার্থে পুলিশের কাছে অভিযোগনামাটি দাখিল করতে বাধ্য থাকলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ব্যাপারে কিভাবে আগানো হবে সে সিদ্ধান্ত নেয়ার ভার অভিযোগকারিনীর বলে মন্তব্য করেন তিনি।

ওদিকে, তেজপাল শুক্রবার এক বিবৃতিতে তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তিনি চান পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তা খতিয়ে দেখে ঘটনাটি পরিষ্কার এবং সঠিকভাবে প্রকাশ করুক।

পুরনো খবর:

যৌন নিগ্রহ: তেজপালের ঘটনা তদন্তে কমিটি