২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহেলকা সম্পাদক তেজপাল গ্রেপ্তার

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতের আলোচিত সাময়িকী তেহেলকার প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 10:21 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

শনিবার গোয়ার একটি আদালত তার জামিন আবেদন খারিজ করার পর তেজপালকে গ্রেপ্তার করা হয় বলে এনডিটিভি জানিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে তেজপাল গোয়ার একটি হোটেলে সহকর্মী এক নারী সাংবাদিককে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠার পর ছয় মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। গত ২২ নভেম্বর তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়।

শনিবার স্ত্রী ও মেয়েকে নিয়ে আদালতে হাজির হন তেজপাল (৫০)। গ্রেপ্তার এড়াতে আদালতে পাসপোর্ট জমা রাখার প্রস্তাব দেন তিনি।

অন্যদিকে তেজপালকে ‘হেফাজতে জিজ্ঞাসাবাদের’ অনুমতি চায় পুলিশ।

সন্ধ্যায় তেজপালের জামিন আবেদন খারিজ করে আদেশ দেন দায়রা জজ অনুজা প্রভুদেশাই।

আদেশে নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকার সময় তেজপালকে বাইরের খাবার সরবরাহ এবং নিজের পচ্ছন্দ মতো কাপড় পরতে দেয়ার অনুমতি দেয় আদালত। দিনে একবার আইনজীবীকে তার সঙ্গে দেখা করারও অনুমতি দেয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তেজপালকে কতোদিন হেফাজতে পাবে সে সিদ্ধান্তের জন্য রোববারও তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে এনডিটিভি।

তেজপালের বিরুদ্ধে অভিযোগ, গত ৭ ও ৮ নভেম্বর গোয়ার একটি হোটেলে তেহলকার বার্ষিক সভা চলাকালে মেয়ের বয়সী এক নারী সহকর্মীকে যৌন নিপীড়ন করেন তিনি।

অভিযোগকারী সেই নারী সংবাদকর্মী বলছেন, তিনি যৌন অসদাচরণের শিকার। মেয়ের বয়েসী হওয়ার পরও এবং আপত্তি তোলা সত্বেও তার সঙ্গে একাধিকবার অশ্লীল আচরণ করা হয়েছে।

এ ঘটনা তুলে ধরে গত ১৮ নভেম্বর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোমা চৌধুরীর কাছে ই-মেইল করেন তিনি। ই-মেইলটি পরে ফাঁস হয়ে যায়।

ই-মেইলে ওই নারী সাংবাদিক যে অভিযোগ করেছেন তা ভারতে সদ্য চালু হওয়া নারীর বিরুদ্ধে যৌন অপরাধ আইনের আওতায় ধর্ষণের মামলা করার জন্য যথেষ্ট বলে মনে করছে পুলিশ ও আইন বিশেষজ্ঞরা। আদালতের আদেশেও সে কথা বলা হয়েছে।

এ ঘটনায় গোয়ার একটি আদালত তেজপালের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শুক্রবার সকালে আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেন তিনি। গোয়া পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য এর আগে নয়া দিল্লি গেলেও শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত তাকে হয়রানি না করতে আদালতের নির্দেশ থাকায় তারা তা করতে ব্যর্থ হয়।

মামলার তদন্ত কাজে পুলিশকে সহায়তা করবেন বলে ঘোষণা দিয়ে মেয়ে ও আইনজীবীদের নিয়ে দিল্লি খেকে গোয়া আসেন তেজপাল।

শুক্রবার সন্ধ্যায় এক দফা শুনানির পর শনিবার সকালে আবার তেজপালের জামিনের শুনানি গ্রহণ করে আদালত। এরপর সন্ধ্যায় ওই আদেশ আসে।