২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় আটকে যাচ্ছেন তেজপাল

ভারতের আলোচিত সাময়িকী তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 09:34 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও আনা হয়েছে বলে জানিয়েছে ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’।সোমবার গোয়ার বিচারবিভাগীয় প্রধান ম্যাজিস্ট্রেট অনুজা প্রভুদেশাইয়ের আদালতে তরুণ তেজপালের বিরুদ্ধে প্রায় ২৭০০ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করা হয়।অভিযোগে ওই নারী সহকর্মী বলেছেন, নভেম্বর মাসে গোয়ায় আয়োজিত তেহেলকার বার্ষিক সভার সময় হোটেলে তরুণ তেজপাল একাধিকবার তাকে যৌন হয়রানি এবং অশ্লীল আচরণ করেন।তেজপাল গত ৩০ নভেম্বর থেকে কারাগারে আছেন। আইনজীবীরা বলছেন, দোষী সাব্যস্ত হলে তার কমপক্ষে ৭ বছরের কারাদণ্ড হতে পারে।ঘটনার শিকার ওই নারী, তেহেলকার স্টাফ এবং ঘটনার তদন্ত কর্মকর্তাসহ ১৫২’রও বেশি জনকে জিজ্ঞাসাবাদের পর অভিযোগ দাখিল করা হয়।অভিযোগপত্রে বলা হয়েছে, “এই মামলায় যৌন নিগ্রহের শিকার হওয়া নারী একজন তরুণ সাংবাদিক। তেজপাল তাকে ধর্ষণ করেছেন, যৌন হয়রানি করেছেন। ওই নারী তেজপালকে বাবার মতো শ্রদ্ধা করতেন”।অভিযোগে আরো বলা হয়, “এ ঘটনার পর ওই নারী সাংবাদিক মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন”।এর আগে অভিযোগকারী ওই নারী সংবাদকর্মী বলেছিলেন, তিনি যৌন অসদাচরণের শিকার। মেয়ের বয়েসী হওয়ার পরও এবং আপত্তি তোলা সত্বেও তার সঙ্গে একাধিকবার ওই আচরণ করা হয়েছে।ধর্ষণের এ অভিযোগ সামনে আসার পর তেহলকার প্রধান সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান তেজপাল।

তবে তিনি বলেন, “এটি ভ্রান্ত বিবেচনার একটি নমুনা, পরিস্থিতি বুঝতে না পেরেই এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়া হয়েছে, যাতে সবকিছু আমাদের এবং যার জন্য আমরা সবাই লড়াই করছি, তার বিরুদ্ধে যায়।”

পরবর্তীতে তেজপাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং নির্বাচনের আগে এটি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।