২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিগ্রহ: তেহলকা থেকে সরে দাঁড়ালেন তেজপাল

যৌন নিগ্রহের অভিযোগের মুখে ভারতের আলোচিত সাময়িকী তেহলকার প্রধান সম্পাদকের পদ থেকে ‘সাময়িকভাবে’ সরে দাঁড়িয়েছেন সাংবাদিক ও লেখক তরুণ তেজপাল।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 02:51 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

তেহেলকার এক নারী কর্মী যৌন হয়রানির অভিযোগ আনলে প্রবল বিতর্কের মুখে পড়েন। এরপর বুধবার এক ই মেইলে তিনি ‘স্বেচ্ছায় ছয়মাসের জন্য’ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রকাশ করেন বলে বিবিসি জানিয়েছে।

তেজপাল বলেন, ‘এই দুঃখজনক ঘটনার প্রতিকারের জন্য’ তিনি স্বেচ্ছায় সরে যাচ্ছেন।

“এটি ভ্রান্ত বিবেচনার একটি নমুনা, পরিস্থিতি বুঝতে না পেরেই এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়া হয়েছে, যাতে সবকিছু আমাদের এবং যার জন্য আমরা সবাই লড়াই করছি, তার বিরুদ্ধে যায়।”

তবে অভিযোগকারী সেই নারী সংবাদকর্মী বলছেন, তিনি যৌন অসদাচরণের শিকার। মেয়ের বয়েসী হওয়ার পরও এবং আপত্তি তোলা সত্বেও তার সঙ্গে একাধিকবার ওই আচরণ করা হয়েছে।

অভিযোগকারী বলেছেন, তেহলকার উচিৎ, এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা।

সেই নারী সাংবকাদিক ইতোমধ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোমা চৌধুরীর কাছে অভিযোগও জানিয়েছেন।

ঘটনাটি ঘটে গোয়ার একটি হোটেলে, যেখানে তেহলকার বার্ষিক সভার আয়োজন করা হয়েছিল।

গোয়া পুলিশ বলছে, ওই নারী সাংবাদিক যে অভিযোগ এনেছেন, তা মামলা করার জন্য যথেষ্ট।