দিল্লিতে মদের ওপর ৭০% ‘করোনা কর’ আরোপ
ভারতে লকডাউন শিথিল হওয়ায় বিভিন্ন রাজ্যে মদের দোকান খুলেছে। মদ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। কোথাও কোথাও ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্জও করতে হচ্ছে। এমন পরিস্থিতিতেই এবার মদের ওপর বিশেষ কর বসাল দিল্লি সরকার।
সোমবার এক বিজ্ঞপ্তিতে রাজধানীর সব ধরনের মদের সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্যের ওপর ৭০% 'বিশেষ করোনা ফি' আরোপের ঘোষণা দিয়েছে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। মঙ্গলবার(৫ মে) থেকেই কার্যকর হচ্ছে এই বর্ধিত মূল্য।
ভারতে গত সপ্তাহে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আরো ১৪ দিনের জন্য লকডাউন বাড়ানো হলেও স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছিল, সংক্রামক এলাকা ছাড়া দেশজুড়ে অন্যান্য এলাকাগুলোতে মদের দোকান চালু করা যাবে।
ফলে অধিকাংশ রাজ্যেই সোমবার থেকে মদের দোকান খুলেছে। এরপরই বিভিন্ন শহরে এক-একটি দোকানের বাইরে রীতিমতো হাজার হাজার মানুষের লাইন দেখা গেছে। অধিকাংশ জায়গাতেই সামাজিক দূরত্ব বিধি না মানার ঘটনা সামনে এসেছে।
দোকান খোলার আগে থেকেই দিল্লির মদের দোকানগুলোর সামনে মানুষ ভিড় জমায়। অবশেষে ভিড়ের চাপে অধিকাংশ দোকানই আবার বন্ধ করে দিতে হয়েছিল। কিছু দোকানের সামনে বিক্ষিপ্ত গন্ডগোলও হয়। এরপরই সতর্ক হয়েছে প্রশাসন। ভিড় কমানোর পাশাপাশি রাজ্য সরকারের রাজস্ব আয় বাড়াতেও মদের দামের সঙ্গে জুড়ে দেওয়া হল ‘করোনা ফি’ ।
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এর আগে বলেছিলেন, লকডাউনের কারণে রাজ্য সরকারের আয় গতবছরের তুলনায় এবছর কমেছে। সেদিক থেকে মদের উপর ৭০ শতাংশ অতিরিক্ত কর বাবদ ‘করোনা ফি’ এর ফলে রাজস্ব বাড়বে অনেকটাই।
সুরাপ্রেমীরাও মদের এই অতিরিক্ত দাম দিতে বিন্দুমাত্র আপত্তি করেননি। তাদের কথায়, “এই কর দিতে আমাদের কোনও অসুবিধা নেই। এটা দেশের জন্যই দান করছি।” তাই করারোপের পরও মদের দোকনগুলোতে দেখা যাচ্ছে লম্বা লাইন, মদ প্রেমীদের আনন্দে যে ভাটা পড়েনি তা স্পষ্ট।
তবে কেজরিওয়াল সতর্ক করে দিয়ে বলেছেন, “সামাজিক দূরত্বসহ অন্যান্য নিয়ম ভঙ্গের কোনো ঘটনা কোথাও নজরে এলে আমাদেরকে সেই এলাকা সিল করে দিতে হবে; শিথিলতাও তুলে নিতে হবে।”
ভারতে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৯শ’ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৩২ জনে। আর মারা গেছে ১,৫৬৮ জন।
