মদের দোকান খুলতেই হুলুস্থুল, তড়িঘড়ি বন্ধ বিক্রি
ভারতে করোনাভাইরাস ঠেকাতে লকডাউনে অনেকদিন বন্ধ থাকার পর দিল্লিতে মদের দোকান খোলামাত্রই মানুষ হুমড়ি খেয়ে পড়ায় বাধ্য হয়েই ফের বন্ধ করে দিতে হয়েছে অনেক দোকান।
গত সপ্তাহে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে আরো ১৪ দিনের জন্য লকডাউন বাড়ানো হলেও স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছিল, সংক্রামক এলাকা ছাড়া দেশজুড়ে অন্যান্য এলাকাগুলোতে মদের দোকান চালু করা যাবে।
তবে শহুরে এলাকার মার্কেটগুলোতে এবং শপিং কমপ্লেক্সের মধ্যে অবস্থিত মদের দোকান খোলার অনুমতি দেয়নি সরকার।
সেইসঙ্গে নির্দেশনা দিয়ে বলা হয়েছিল, যেসব মদের দোকান চালু হচ্ছে সেগুলো থেকে ক্রেতারা ৬ ফুট দূরত্বে দাঁড়িয়ে মদ কিনতে পারবেন। তাছাড়া, একটি দোকানে একবারে পাঁচজনের বেশি ঢুকতে পারবেন না এবং মাস্ক না পরে এলে কাউকে মদ বিক্রি করা হবে না।
সোমবার মদের দোকানগুলো খোলার পরই সকালের দিকে সামাজিক দূরত্ব বিধি উপেক্ষা করে মানুষ মদ কিনতে ভিড় জমায়। কলকাতারও বিভিন্ন এলাকায় মদের দোকানের সামনে ক্রেতাদের লম্বা লাইন দেখা গেছে।
কিছু এলাকায় দোকানের সামনে ভিড় সরাতে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। লাইনে থাকা সবাই মুখে মাস্ক পরে থাকলেও দূরত্ব রক্ষা করেনি কেউ। পরে পুলিশ ধাওয়া করে লোকজনকে সেখান থেকে হটিয়ে দেয়।
সোমবার দোকান খোলার আগে থেকেই ভিড় জমিয়েছিল বিপুল সংখ্যক মানুষ। ফলে এক সময় দোকান আবার বন্ধ করতে হয়েছে। আপাতত জেলা প্রশাসকের কাছ থেকে নতুন নির্দেশনা না এলে দোকান বন্ধ রাখারই সিদ্ধান্ত হয়েছে।
ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ছুঁইছুঁই। সোমবার বিকালে স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৭৩। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৮৩৬। আর গত ২৪ ঘণ্টায় ভাইরাসে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এ নিয়ে সোমবার বিকাল পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৯ জনের।
