২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ বিধ্বস্ত, পাইলট নিহত

পাকিস্তানের রাজধানী ইসলামাদের শাকরপারিয়ানের কাছে দেশটির বিমান বাহিনীর একটি এফ-১৬ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2020, 02:52 PM

Updated : 18 Aug 2022, 02:40 PM

বুধবার সকালের এ ঘটনায় বিমানটির পাইলট উইং কমান্ডার নোমান আকরাম নিহত হয়েছেন বলে পাকিস্তান বিমান বাহিনী নিশ্চিত করেছে, জানিয়েছে ডন।

বাহিনীর দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-১৬ জঙ্গিবিমানটি ২৩ মার্চ পাকিস্তান দিবসের এয়ার শো ও প্যারেডের জন্য প্রস্তুতিমূলক মহড়া দেওয়ার সময় বিধ্বস্ত হয়।

“বিমান বিধ্বস্তের স্থানে উদ্ধারকারী দল উপস্থিত হয়েছে এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে এয়ার হেডকোয়ার্টার,” বিবৃতিতে এমনটি বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলটি ঘিরে রেখেছে বলে ডনকে জানিয়েছেন ইসলামাবাদের মেয়র শেখ আনসার আজিজ।

 

ইসলামাবাদের জিরো পয়েন্ট ইন্টারচেঞ্জের নিকটবর্তী শাকরপারিয়ান নগরীর একটি পাহাড়ের নাম। সংলগ্ন এলাকায় একটি পার্কও আছে। 

এর আগে ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মরদান জেলায় দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। তারও আগে ৭ ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম দিকে বিমান বাহিনীর আরও দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল।

প্রথম দুটি ঘটনায় পাইলটরা নিরাপদে প্যারাশুট যোগে নেমে নিজেদের রক্ষা করতে পারলেও জানুয়ারির ঘটনায় একজন স্কোয়াড্রন লিডার ও একজন ফ্লাইং অফিসার নিহত হয়েছিলেন।