প্রধানমন্ত্রী মোদীর নতুন ‘ইনিংসে’ সঙ্গী এবার অমিত শাহও
আদি ভারতে মৌর্য্য সম্রাট চন্দ্রগুপ্তের যেমন চানক্য, এই ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেমন অমিত শাহ; এমনটা দেশটির সাধারণ মহল থেকে রাজনৈতিক মহলেও ভাবা হয়।
২০১৪ সালে মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, তখনও অমিত শাহর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল- “মন্ত্রী হচ্ছেন না?”
‘আমাকে এভাবে ঠেলে দেবেন না’ উত্তর দিয়ে অমিত শাহ বুঝিয়েছিলেন, তিনি তখনও মন্ত্রী হতে তৈরি নন।
এরপর বিজেপির সভাপতির গুরু দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী মোদীর কাজের প্রচারের পাশাপাশি দল শক্তিশালী করার কাজে আঁটঘাট বেঁধে নামেন অমিত।
এবারের নির্বাচনে মোদীর বিপুল বিক্রমে ক্ষমতায় আসা অমিত শাহর সেই চেষ্টারই সাফল্য বলে মানছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নেপথ্যের সেই কারিগরকেই এবার সামনে নিয়ে এলেন মোদী। ৬৫ বছর বয়সী মোদীর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে তার যে দ্বিতীয় ইনিংস শুরু করলেন, তাতে সঙ্গী হলেন ক্রিকেট পাগল অমিত শাহ।
নয়া দিল্লির রাইসিনা হিলের রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে থেকে মোদীর পর তৃতীয় মন্ত্রী হিসেবে শপথ নেন অমিত শাহ। মোদী ও তার মাঝে শপথ নেন কেবল জ্যেষ্ঠ বিজেপি নেতা রাজনাথ সিং।
ধারণা করা হচ্ছে ৫৪ বছর বয়সী অমিত শাহ স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবেন।
লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর নরেন্দ্র মোদীকে মিষ্টিমুখ করাচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ
৫৪ বছর বয়সী অমিত শাহ দুই যুগ ধরে মোদীর সঙ্গী, মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন থেকে। তাদের এই ‘মানিকজোড়’ বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর আরও দৃঢ় হয়। মোদী চালান দেশ, আর অমিত চালান দল।
সরকারে না রেখে গত পাঁচ বছরে শুধু দলের দায়িত্বে অমিতকে রেখেছিল বিজেপি; তার ফলও পেয়েছে।
বিশাল ভারতে বিভিন্ন রাজ্যে বিজেপিকে সুসংহত করার কৃতিত্ব অমিত শাহকেই দেওয়া হচ্ছে। উত্তর প্রদেশের মতো বড় রাজ্যে মায়াবতী-মুলায়ম সিং যাদবকে হটিয়ে বিজিপির ভিত গড়া; যেখানে বিজেপির অবস্থান ছিল শূন্য, পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মতো সেই সব রাজ্যে বিজেপির জয়রথ ছোটানো, মহারাষ্ট্রে বিদ্রোহী বন্ধু শিবসেনাকে মানানো, দক্ষিণের বিভিন্ন রাজ্যে প্রয়োজনীয় আঞ্চলিক দলগুলোকে জোটে রাখার কৃতিত্ব তারই।
এবার বিপুল জয়ের দুই কারিগর দলের কর্মীদের ফুলেল শুভেচ্ছায়
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, হিন্দুত্ববাদের জয়গান গেয়ে বিজেপির উত্থান হলেও শুধু এতে যে পুরোটা কাজ হবে না, তা বুঝে এর সঙ্গে উগ্র জাতীয়তাবাদ মেশানোর কাজটি অমিত শাহই করেন, যাতে ধরা দিয়েছে সাফল্য।
সাংগঠনিক দক্ষতা, সরকারি প্রকল্পের প্রচারের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুনিপুণ ব্যবহারে সিদ্ধহস্ত অমিত শাহ।
এবার লোকসভা নির্বাচনের আগে ছুটে বেড়িয়েছেন দেশময়; ৩১২টি আসনে গেছেন প্রচারে, জনসভা করেছেন ১৬২টি।
১৪ বছর বয়সে গুজরাটের তৃণমূল পর্যায়ে কর্মী হিসেবে কাজ শুরু করা অমিত এখনও প্রাইভেট বিমানে চড়েন না, সফরে পাঁচতারা হোটেলেও থাকেন না বলে দলীয় কর্মীরা জানান।
এত প্রশংসার পাশাপাশি তার কিছু কাজের সমালোচনাও করেন দলের কর্মীরা। বর্ষীয়ান লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশীদের মতো প্রভাবশালী নেতাদের তিনি গুরুত্বহীন করে দিয়েছেন রাজনীতির ঘুঁটির চালে, যা তিনি ভালোই পারেন বলে বিশ্লেষকরা বলেন।
দুই যুগ ধরে নরেন্দ্র মোদীর সঙ্গে ছায়ার মতো আছেন অমিত শাহ, মানিকজোড়ের মতো
তবে এর মধ্য দিয়ে বিজেপিতে মোদীর আধিপত্য একচ্ছত্র করে তুলতে পেরেছেন অমিত। তাই দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের সময় তার সঙ্গেই বৈঠকের পর বৈঠক চালিয়ে গেছেন মোদী।
জোটসঙ্গীদের খুশি করা, পুরনোদের কাজের স্বীকৃতি দেওয়া, বেশি ভোট পাওয়া রাজ্যগুলোর দিকে নজর দেওয়া-সবকিছু সামলে ভবিষ্যতের পথ মসৃণ করতেই তাদের এই বৈঠকগুলো হয়।
মন্ত্রিসভায় পুরনোদের মধ্যে বাদ পড়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ: শারীরিক সামর্থ্যের কারণে তারা দুজন যে থাকছেন না, তা আগেই জানা ছিল।
নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আট হাজার অতিথি ছিলেন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে
আট হাজার অতিথির সামনে শপথ নেন মোদীর ৫৭ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যরা।
পশ্চিমবঙ্গ থেকে গতবারের বাবুল সুপ্রিয়র সঙ্গে এবার শুধু যুক্ত হয়েছেন দেবশ্রী রায়, দুজনই প্রতিমন্ত্রী।
সাবেক পররাষ্ট্র সচিব জয়শঙ্করও স্থান পেয়েছেন মোদীর নতুন মন্ত্রিসভায়।
সন্ধ্যা ৭টা বাজার কয়েক মিনিট আগে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে মোদী প্রবেশ করলে উপস্থিত অতিথিদের মধ্য থেকে ওঠে হর্ষধ্বনি ওঠে।
ঘড়ির কাঁটা ঠিক ৭টায় পৌঁছালে রাম নাথ কোবিন্দ নেমে আসেন রাষ্ট্রপতি ভবনের সিড়ি বেয়ে। বাজানো হয় ভারতের জাতীয় সঙ্গীত। এরপর একে একে শপথ নেন মোদীসহ অন্য মন্ত্রীরা।
নরেন্দ্র মোদীসহ মন্ত্রীদের শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ
বিরোধী দল কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংও যোগ দেন এই অনুষ্ঠানে।
এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, তার স্ত্রী রাশিদা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনাথ, মিয়ানমারের প্রেসিডেন্ট উ উইন মিন্ট, কিরগিস্তানের প্রধানমন্ত্রী শোরেনবেয় জিনবেকভ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, থাইল্যান্ডের কৃষি ও সমবায়মন্ত্রী গ্রিসাদ বুনরাচাস।
