২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদীর শপথে অতিথি আপ্যায়নে বিশেষ ‘ডাল রাইসিনা’

ভারতের রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর সে অনুষ্ঠানেই অতিথিদের বিশেষ রান্না খাওয়ানো হল আপ্যায়ন করে। এর মধ্যে প্রধান এবং বিখ্যাত পদটি ছিল ডাল রাইসিনা ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2019, 12:39 AM

Updated : 08 Apr 2022, 04:15 PM

কিন্তু কেন বিখ্যাত এই ডাল? কারণ, এ বিশেষ ধরনের ডাল রান্না করতে সময় লাগে মোটামুটি ৪৮ ঘণ্টা। এমনটিই জানিয়েছেন রাষ্ট্রপতি ভবনের বর্তমান সেফ মন্টি সাইনি। যদিও এ নিয়ে বিতর্ক আছে। প্রথম যিনি এই ডাল রান্না করেছিলেন সেই বাবুর্চির সময় লাগত ৬ থেকে ৮ ঘণ্টা। এবারে এ ডাল রান্না শুরু হয় মঙ্গলবার থেকে।

হাই-টি, সিঙারা পনির তো বটেই সেইসঙ্গে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে বিশেষ ডিনারের হালকা আয়োজনে আমিষ ও নিরামিষ খাবারের তালিকায় রাখা হয় এই ডাল রাইসিনা। যার আবিষ্কারক রাষ্ট্রপতি ভবনের এক সাবেক বাবুর্চি।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকা জানায়, সেই বাবুর্চির নাম ছিল মচিন্দ্রা কাস্তোরে। যিনি একসময় রাষ্ট্রপতি ভবনের প্রধান রাঁধুনি ছিলেন। ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রাইসিনা হিলের রান্নার দায়িত্ব সামলেছেন মচিন্দ্রা। আর তখনই ডাল রাইসিনা প্রথম রান্না করেন তিনি।

মূলত অড়হড় ডাল দিয়ে এ বিশেষ পদ তৈরি করা হয়। সঙ্গে থাকে আরো অনেক রকমের মশলা, কাসুরি ও মেথি।দক্ষিণ ভারতের উরাদ ডাল,  রাজমাও থাকে এ পদে।

ডালটি রান্নার প্রস্তুতিই শুরু করতে হয় একদিন আগে থেকে। সারারাত ডাল ভিজিয়ে রেখে পরের দিন সেটি রান্না করার আগে চারপাঁচ বার ধুতে হয়। এরপর হালকা আঁচে ৬ থেকে ৮ ঘন্টা ধরে ক্রমাগত তদারক করে তা রান্না করতে হয়।

রাষ্ট্রপতি ভবনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকেই হাই টি-র ব্যবস্থা ছিল।রাত ৯টায় ছিল নৈশভোজ।দেশ-বিদেশের অতিথিদের জন্য ছিল আলাদা খাবারের ব্যবস্থা। ডাল রাইসিনা ছাড়াও মেনুতে ছিল স্যান্ডউইচ, লেমন টার্ট সিঙারা, রাজভোগ।