২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টোল প্লাজায় সেনা: প্রতিবাদে রাতভর নবান্নে মমতা

পশ্চিমবঙ্গের কয়েকটি সড়কের টোলপ্লাজায় সেনা মোতায়েন ও তল্লাশি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার রাতভর রাজ্য সচিবালয়ে নিজ দপ্তর নবান্নে অবস্থান করেছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2016, 02:01 PM

Updated : 12 Apr 2022, 03:26 AM

এনডিটিভি জানিয়েছে, সেনা সদস‌্যরা পণ্যবাহী গাড়ি থেকে টাকা আদায় করছে বলেও অভিযোগ তুলেছেন মমতা, যদিও ভারতীয় সেনাবাহিনী সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রজ্যের কয়েকজন মন্ত্রীকে সঙ্গে নিয়ে মমতা নবান্নে তার অবস্থান কর্মসূচি শুরু করেন। শুক্রবার দুপুরেও তিনি দপ্তর ছেড়ে যাননি। 

পশ্চিমবঙ্গের যেসব সড়কের টোল প্লাজায় সেনা মোতায়েন করা হয়েছে তার একটি হচ্ছে হাওড়ায় ভগীরথী নদীর ওপর বিদ্যাসাগর সড়কে, যা নবান্নের কয়েক কিলোমিটারের মধ্যে।

এর আগে বৃহস্পতিবার সকালে হাওড়ার ধানকুনি টোল প্লাজায় প্রথমবারের মত সেনা উপস্থিতি দেখা যায়। ওই টোল প্লাজাটি কলকাতা থেকে ৩৫ কিলোমিটার দূরে।

এছাড়া কলকাতার ৯০ কিলোমিটার দূরের প্লাসিড টোল প্লাজাতেও সেনা উপস্থিতি রয়েছে। যানবাহনে তল্লাশিও চালানো হচ্ছে সেখানে।

আনন্দবাজার লিখেছে, সেনা মোতায়েনের প্রতিবাদে নবান্নে অবস্থান নেওয়ার পর রাতে সেখানে সংবাদ সম্মেলন করেন মমতা।

তিনি বলেন, “এখানে সেনা অভ্যুত্থান হয়েছে নাকি? তবে কি অর্থনৈতিক জরুরি অবস্থার পাশাপাশি গোটা দেশে জরুরি অবস্থা ঘোষণা হল? আমাদের নির্বাচিত সরকার। আমি সেনার হাতে ছেড়ে দেব না।”

ভারতীয় সেনাবাহিনী বলছে, ‘আপৎকালীন পরিস্থিতিতে’ কোন এলাকা থেকে কী পরিমাণ যানবাহন যোগাড় করা যায় তার ধারণা পেতে জাতীয় মহাসড়কগুলোতে চলাচল করা ভারী যানবাহনের ওপর তারা সমীক্ষা চালাচ্ছে। যেসব গাড়ি গণনায় আসছে, সেগুলোতে স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এই সমীক্ষা করা হচ্ছে পুলিশকে জানিয়েই। 

ভারতের বিভিন্ন রাজ্যে আগে থেকেই এ ধরনের সমীক্ষা চালানো হচ্ছিল বলে সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি বাংলা।

ভারতীয় সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপূর্বাঞ্চলের আরও সাতটি রাজ্যের মোট ৬৮টি স্থানে একইভাবে ভারী যানবাহনের তথ্য সংগ্রহ করছেন সেনাসদস্যরা।

“এজন্য রাজ্য সরকারের অনুমোদনও নেওয়া হয়েছিল। তাদের কথামতোই প্রক্রিয়াটি আমরা কয়েকদিন পিছিয়ে দিয়েছি,” বলেন তিনি।

তবে মমতার অভিযোগ, সেনা নামানোর কথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানত না। তিনি বলেছেন, জনগণের পাহারাদার হিসেবে ‘গণতন্ত্র বাঁচাতেই’ নবান্নে তার অবস্থান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাতের মধ্যেই কিছু হয়ে যায় কীনা বলতে পারছি না... আমি গণতন্ত্র রক্ষা করব... আমি ততক্ষণ সচিবালয়ে থাকব, যতক্ষণ পর্যন্ত সব টোল প্লাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা না হয়।”

সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বুধবার থেকে শুরু হওয়া সমীক্ষা শুক্রবারও চলবে।

মমতার দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নোট বাতিল ইস্যুতে বিরোধীদের দমন করতে কেন্দ্রীয় সরকার সেনা নামিয়ে ‘রাজনৈতিক অভিসন্ধি’ বাস্তবায়নে তৎপর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচমকা সিদ্ধান্তে ভারতজুড়ে এক হাজার ও পাঁচশ টাকার নোট বাতিল হওয়ায় দরিদ্র ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে- এই অভিযোগ তুলে মাসখানেক ধরে আন্দোলন করে যাচ্ছে বিরোধীরা।

নোট বাতিল ইস্যুতে কংগ্রেস এবং বামদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তৃণমূলের সাংসদরা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার ও উত্তরপ্রদেশেও কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সমাবেশ করেছেন তৃণমূলপ্রধান মমতা। এর প্রতিক্রিয়ায় সড়কে সেনা নামানো হতে পারে বলে দলটির আশঙ্কা।

সড়কে সেনা নামানো প্রসঙ্গে কেন্দ্রে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতাদের সঙ্গেও কথা হয়েছে বলে এনডিটিভিকে জানিয়েছেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি জানিয়েছেন, শুক্রবার বিষয়টি তারা পার্লামেন্টেও তুলবেন।