২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যার বেড়াজালে টেসলা 'মডেল এক্স'

টেসলার মডেল এক্স গাড়িটি নিয়ে ইতোমধ্যেই গুরুতর অভিযোগ করেছেন কয়েকজন মালিক। তারা গাড়ির দরজা বন্ধ না হওয়া, কারণ ছাড়াই জানালা খুলে যাওয়া এবং নিজে থেকেই থেমে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

সংবাদ সাইট ‘কনজিউমার রিপোর্ট’-কে টেসলার মডেল এক্স ইলেকট্রিক এসইউভি-এর একজন মালিক জানান তিনি তার গাড়ি নিয়ে সন্তুষ্ট নন।

টেসলা সম্ভবত এই সময়ে বিশ্বে সবচেয়ে আলোচিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। মার্কিন এই নির্মাতা প্রতিষ্ঠানটি শুধু বৈদ্যুতিক গাড়ি তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটির সবচেয়ে কমদামী গাড়িটির মূল্য ৮৩ হাজার মার্কিন ডলার এবং সর্বোচ্চ মূল্য ১ লাখ ১৫ হাজার মার্কিন ডলার।

এই মাসের শুরুতে অবসরপ্রাপ্ত মাইকেল কারপফ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত টেসলার কারখানা থেকে গাড়িটি কিনে নিজে চালিয়ে নিউ ইয়র্কে তার বাসায় ফিরতে চান। কিন্তু ফেরার সময় তিনি লক্ষ্য করেন, গাড়িটির দরজা বন্ধ হচ্ছে না এমনকি খুলছেও না, চালকের পাশের জানালাটিও ঠিক মতো নামছে না আর গাড়ির কেন্দ্রের কনসোলে বৃহৎ পর্দাটি ত্রুটির কারণে আটকে যায়।

ক্যালিফোর্নিয়ার একজন বিনিয়োগকারী ব্যারন ডিটার বলেন, তিনিও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। গাড়ির সামনের দুইটি জানালা আটকে যাওয়া, দরজা না খোলা এবং গাড়ি কয়েক মিটার পেছালে স্বয়ংক্রিয়ভাবে 'ইমারজেন্সি ব্রেক' চালু হয়ে গাড়িকে ঝাঁকায় বলে দাবি করেছেন তিনি।

একটি টুইটে তিনি বলেন, টেসলার অফিসিয়াল ফোরামে গাড়ির হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কিত অনেক অভিযোগ জমা পড়েছে। অনেক গাড়ির মালিকই তাদের গাড়ি মেরামত করানোর জন্য মেরামত কেন্দ্রে নিয়ে গেছে, যদিও টেসলার গ্রাহকসেবা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে কিন্তু সমস্যাটা এখনও অনিশ্চিত বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।

চলতি মাসের শুরুতে টেসলা ঘোষণা দেয়, দূর্ঘটনা হলে গাড়ির পেছনের আসনগুলো সামনের দিকে ভাজ হয়ে যাওয়ার আশংকায় তারা ২৭০০টি গাড়ি প্রত্যাহার করে নেবে। প্রতিষ্ঠানটি আশা করছে, এই সমস্যা নতুন মডেল ৩ গাড়িটিতে হবে না। কম মূল্যের নতুন গাড়িটির ইতোমধ্যেই ৪ লাখ প্রি-অর্ডার হয়েছে।

প্রযুক্তি সাইট ‘টেকক্রাঞ্চ’-এ একটি বিবৃতিতে টেসলা জানিয়েছে, তারা বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গাড়ি তৈরিতে অঙ্গীকারবদ্ধ। টেসলার একজন প্রতিনিধি জানান, মডেল এক্স দ্রুত তৈরির কারণে এতে কিছু সমস্যা দেখা যাচ্ছে, তবে সমস্যাটা তেমন ব্যাপক নয়। "আমরা অক্লান্ত চেষ্টা করছি গাড়ির মালিকদের দ্রুত উত্তর দিতে এবং সমস্যা চিহ্নিত করতে। আর আমরা এটা করতে থাকবো যতক্ষণ সব গ্রাহক সন্তুষ্ট না হন", বলেন তিনি।

"এই অঙ্গীকারের কারণেই ৯৮ শতাংশ গ্রাহক বলেন যে, পরবর্তী গাড়ি হিসাবে তারা আবার টেসলা-ই কিনবে", যোগ করেন তিনি।