পাকিস্তানে পোলিও কর্মসূচিতে গুলি, ৭ পুলিশ নিহত
পাকিস্তানে আবারও পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচিতে হামলার ঘটনায় বন্দুকধারীদের গুলিতে ৭ পুলিশ নিহত হয়েছে।
বুধবার দুপুরে ওরাঙ্গি শহরে একটি পোলিও টিকাকেন্দ্রে নিহতদের মধ্যে ৩ পুলিশ পোলিও টিকাদান কর্মীদের গার্ড হিসাবে কাজ করছিলেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মটরসাইকেলে করে আসা আটজন বন্দুকধারী প্রথমে টিকাদান স্থলে পাহারারত তিন পুলিশকে গুলি করে। এরপর তারা পাশের পুলিশভ্যান লক্ষ্য করে গুলি ছুড়ে আরও চার পুলিশ সদস্য নিহত হয়।
এ ঘটনার পর সেখানে টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পাকিস্তানের পত্রিকা ‘দ্য ডন’ এর প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ ৫০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া, নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি করে দেওয়া হবে।
পাকিস্তানের ইসলামপন্থি জঙ্গিরা টিকাদান কার্যক্রমকে পশ্চিমা ষড়যন্ত্র বলে মনে করে এবং এর ঘোরতর বিরোধিতা করে। তাই দেশটিতে টিকাদান কার্যক্রমে প্রায়ই হামলার ঘটনা ঘটে।
২০১২ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সেখানে পোলিও টিকা কর্মসূচি চলাকালে হামলায় প্রায় ৮০ জনের প্রাণ গেছে।
বিশ্বে মাত্র দুইটি দেশে এখনও শিশুরা পোলিও আক্রান্ত হয়। যার একটি পাকিস্তান এবং অন্যটি আফগানিস্তান।
২০১৪ সালে পাকিস্তানে তিনশ’র বেশি শিশু পোলিও আক্রান্ত হয়েছে-যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ।
আক্রান্ত শিশুদের অধিকাংশের বাস দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে। যেখানে জঙ্গি সংগঠনগুলো অনেক বেশি সক্রিয়।
