২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা ৬৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সরকারি নিরাপত্তা সংস্থার ভবনে মঙ্গলবারের আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা ৬৪ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 05:39 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

এ সংখ্যা পুলিশের পূর্ববর্তী মৃতের সংখ্যার হিসাবের দ্বিগুণেরও বেশি। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদ্দিকি একথা বলেছেন। তিনি আহতের সংখ্যা ৩৪৭ বলে জানান।

তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। তালেবান জঙ্গিরা গত সপ্তাহে আফগানিস্তানে ‘বসন্তকালীন হামলা’ শুরুর ঘোষণা দেওয়ার পর রাজধানীতে এটিই প্রথম হামলা।

মঙ্গলবার সকালের ব্যস্ত সময়ে আত্মঘাতী গাড়ি বোমা দিয়ে হামলা শুরু হয়। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

হতাহতদের মধ্যে রয়েছে সাধারণ মানুষ এবং আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে বলে জানিয়েছেন কাবুলের পুলিশ প্রধান।

তালেবান তাদের পশতু ভাষার ওয়েবসাইটে বলেছে, তারা এনডিএস (ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি)’র ‘ডিপার্টমেন্ট ১০’ ইউনিটে হামলা চালিয়েছে। সরকারের মন্ত্রী এবং ভিআইপি দের সুরক্ষা দেওয়া এ ইউনিটের কাজ।

সাইটে তালেবান আরও জানায়, আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়ে প্রথমে কার্যালয়ের মূল ফটক উড়িয়ে দেওয়া হয়। এ সময় আরও আত্মঘাতী বোমারুসহ অন্যান্য তালেবান যোদ্ধারা ভবন চত্বরে ঢোকে।

ভিন্ন আরেকটি বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ভবনের ভেতর আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ হয়েছে।

তবে তালেবানের এ দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।

বোমা বিস্ফোরণের পর কাছেই অবস্থিত মার্কিন দূতাবাস ভবন এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। বেজে ওঠে সতর্ক সাইরেনও।

তবে মার্কিন দূতাবাস এবং কাছাকাছি অবস্থিত নেটো বাহিনীর সদরদপ্তর হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছেন।

গত অগাস্টে কাবুলে ট্রাক বোমা হামলায় ২৪০ জন আহত হওয়ার পর সেখানে এটিই সবচেয়ে বড় হামলা।

পুরনো খবর:

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ২৮