Published : 06 Feb 2026, 12:24 PM
ভূমিকম্পে এক রাতে ১২ বার কেঁপে উঠল ভারতের উত্তর-পূর্ব রাজ্য সিকিম।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এসব ভূকম্পন হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টিভি।
দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৫, যা রাত ১টা ৩৯ মিনিটে রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল গ্যালশিং অঞ্চলে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ইন্ডিয়া টিভি লিখেছে, কেবল গ্যালশিং নয়; গ্যাংটক, মাঙ্গান ও নামচিসহ অন্যান্য এলাকাতেও ২ থেকে ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। একের পর এক কম্পনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার জন্য বহু মানুষ বাইরে বেরিয়ে আসেন। সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় অনেক বাসিন্দা কিছুক্ষণ খোলা জায়গায় অবস্থান করেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং কোনো জরুরি অবস্থা তৈরি হলে তা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে শুক্রবার সকাল ৬টা ৩৩ মিনিটে মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৬ কিলোমিটার গভীরে।
মিয়ানমারের ভূমিকম্পের ইতিহাস বেশ ভয়াবহ। ২০২৫ সালে সেখানে এক ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয় এবং পাঁচ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে।