মেট্রোরেলে চড়ে ভরসা পাচ্ছেন লতারা
“বাসে আমাদের, বিশেষ করে মহিলাদের নানাপ্রকার হয়রানির শিকার হতে হয়। আমি নিজে তার ভুক্তভোগী।”
দেশের প্রথম মেট্রোরেল অনেক দিক থেকেই ঢাকার বাসিন্দাদের গণপরিবহনের নতুন অভিজ্ঞতা দিচ্ছে, বৈদ্যুতিক এ ট্রেনের কাছে নারীদের প্রত্যাশা যাতায়াতে ‘হয়রানি থেকে মুক্তি’।
উদ্বোধনের পর বাণিজ্যিক যাত্রার প্রথম দিন স্বামী-সন্তানকে নিয়ে মোট্রেরেলের অভিজ্ঞতা নেওয়া রাজধানী লতা মোস্তাফিজেরও মনে হয়েছে, মোট্রোরেলে যাতায়াতে হয়ত তাকে অন্য বাহনের মত হেনস্তার শিকার হতে হবে না।
ঢাকার ফার্মগেটের এই বাসিন্দা বৃহস্পতিবার সকালে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন আসেন আগারগাঁওয়ে যাওয়ার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাসে আমাদের, বিশেষ করে মহিলাদের নানাপ্রকার হয়রানির শিকার হতে হয়। আমি নিজে তার ভুক্তভোগী।
“এই গত সপ্তাহে আমি ছেলেকে মাদ্রাসা থেকে আনতে আমি উত্তরা যাচ্ছিলাম। বাসে আমার পাশে এক লোক এসে বসল এবং কিছুক্ষণ পর সে অস্বাভাবিকভাবে আমার গায়ে হাত দিল।… তখন চুপচাপ অন্য সিটে চলে গেছি। কিন্তু আজকে মেট্রোরেলে চড়ার পর মনে হচ্ছে, এখানে সেরকম হয়রানির ভয় নাই।”
বুধবার ঢাকায় বহুল প্রতিক্ষীত মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বৃহস্পতিবার সাধারণ যাত্রীদের জন্য দুয়াল খুলেছে এ ট্রেনের। এ বাহন যানজট ‘কমাবে’ বলে ঢাকার বহু মানুষ আশা করছেন। তবে মেট্রোরেল দেখার পর শহরের নারীযাত্রীদের উচ্ছ্বাস আর প্রত্যাশা যেন একটু বেশিই।
পরিবারের সবার সঙ্গে মেট্রোরেলে চড়তে আসা সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর মায়মুনা আক্তার মিম উত্তরা উত্তর স্টেশনের ‘ওয়াশরুম’ দেখে বিস্মিত। এই কিশোরী বললো, পথেঘাটের বিড়ম্বনার কথা।
“বাসস্ট্যান্ডগুলোর যে ওয়াশরুম, সেগুলা তো ব্যবহারের অযোগ্য। চাইলেও আমরা সেখানে যাওয়ার সাহস করতে পারি না। ঘণ্টার পর ঘণ্টা ওয়াশরুমে না গিয়ে বসে থাকি রাস্তায়। কিন্তু এইখানে দেখলাম ওয়াশরুম কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা যদি মেনটেইন করে, তাহলে খুবই দারুণ হবে।"
আগারগাঁও যেতে মেয়েকে টিকেট কাটতে পাঠিয়ে স্টেশনের এক কোণের বেঞ্চিতে বসেছিলেন পঞ্চাশোর্ধ শামীমা সাত্তার। ‘অসুস্থ’ শরীরে বসার জায়গা পেয়ে স্বস্তিই পাচ্ছিলেন এই নারী।
তিনি বললেন, “পায়ে অনেক ব্যথা। দাঁড়াইয়া থাকতে কষ্ট হয়, তাই একটু বসছি… এইখানের এই বিষয়টা ভালো যে অসুস্থ লাগলে বসা যায়। আমরা বয়স্ক মানুষ। আমাদেরও তো মন চায় কোথাও যাই, একটু বাইর হই। কিন্তু সবসময় পারি না, কারণ বাসে গেলে জ্যামে বইসা থাকতে হয়।”
মা-বাবা ও বোনের সঙ্গে মেট্রোরেলে চড়ে শহরের এক প্রান্ত থেকে আরে প্রান্তে যাচ্ছে বলে দারুণ খুশি মনিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুয়েমা।
সে বললো, “আমার তো বাসে-টাসে বা লেগুনায় চলাচল করা হয় না। মানে পারি না। কিন্তু এবার থেকে মনে হয় মেট্রোরেলে চলাফেরা করতে পারব, এখানে সবকিছু খুব সুন্দর।”
মাইলস্টোন কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি ইবনাত দিশা। সকাল ১০টায় স্কুলের পরীক্ষায় অংশ নিতে ৯টার দিকে মায়ের সঙ্গে আগারগাঁও প্রান্তের স্টেশনে এসেছে সে। কিন্তু টিকেট ভেন্ডিং মেশিনের গোলযোগের জন্য টিকেট কাটা যাচ্ছিল না।
উদ্বিগ্ন দিশা বললো, “আমার তো পরীক্ষা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও মেশিনের সমস্যার কারণে টিকেট পেতে সমস্যা হচ্ছিল। অনেক অনুরোধ করার পর এবং পরীক্ষা আছে শোনার পর ম্যানুয়ালি টিকেট দিয়েছে।“
কিছুক্ষণ পর দিশার সাথে মেট্রোরেলের কামরায় আবার দেখা হয়। উচ্ছ্বসিত দিশা বলে, “আমি ভাবছিলাম আজকের পরীক্ষা মিস হয়ে যাবে। বাসে গেলে তখন আমি এত কম সময়ে জীবনেও উত্তরা পৌঁছাতে পারতাম না। কিন্তু এখন মনে হচ্ছে আমি যেতে পারব, তাও মাত্র কয়েক মিনিটে। পরীক্ষাটাও দিতে পারব।“
শুধু ঢাকাবাসী নন, মেট্রোরেলে প্রথম যাত্রায় সঙ্গী হতে ঢাকার বাইরে থেকেও এসেছেন কেউ কেউ। ছেলের সঙ্গে স্টেশনে আসা গোপালগঞ্জের বাসিন্দা আকলিম বেগম জানালেন, বাড়িতে ফেরার আগে তার খুব ইচ্ছা ছিল মেট্রোরেল দেখার।
ষাটোর্ধ্ব আকলিমা বেগম বলেন, “৭-৮ দিন আগে ঢাকা আসছিলাম। ছেলের বাসায়, ভাইয়ের বাসায় বেড়াইতে। আজকে বাড়ি ফিরে যাব। তাই ভাবলাম একটু মেট্রোরেলটা দেখে যাই। আর জীবনে দেখতে পারি কি না পারি, ট্রেনে উঠতে পারি কি না পারি, কে জানে!”
তার ছেলে হাবিবুর রহমান বললেন “আমি সিঙ্গাপুর মেট্রোরেলে উঠছি। কিন্তু বাংলাদেশে এই প্রথমবার… ওইখানে কাজ করার সময় দেখছি, মেট্রোরেল কার্ড সিস্টেম। কার্ডে টাচ করলেই ভেতরে যাওয়া যায়। এইখানে কেমন হবে জানি না এখনো। তবে আমরা প্রথম যাত্রী হব মেট্রো ট্রেনের, খুব ভালো লাগতেছে সেজন্য।”
