চট্টগ্রামে গুলি বিনিময়ের পর শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর বহু মামলায় ফেরারি এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে চান্দগাঁওয়ের শমশের পাড়া এলাকার এঘটনায় আহত হন পুলিশের এক কর্মকর্তা ।
চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ জানান, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২২ মামলায় পলাতক আসামি ইসমাইল হোসেন টেম্পুকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।
“পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইসমাইলকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে চান্দগাঁও থানার এসআই নুরুল ইসলামসহ চারজন আহত হয়েছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ছাড়াও দুটি গুলির খোসা ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি জানান, ইসমাইলের বিরুদ্ধে নগরীর বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশসহ নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, হত্যা ও চাঁদাবাজিসহ মোট ২২টি মামলা রয়েছে।
