২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরহাদ মজহারের বিরুদ্ধে জিডি

টেলিভিশন অনুষ্ঠানে দেয়া বক্তব্যের জন্য সমালোচনায় থাকা ফরহাদ মজহারের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলায় উস্কানি দেয়ার অভিযোগে থানায় অভিযোগ জমা পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 11:54 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বিরোধী দলের হরতালের মধ্যে সাংবাদিকদের ওপর হামলার পর এই কলামনিস্টকে গ্রেপ্তারে সাংবাদিক নেতাদের দাবির মধ্যে থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

১৮ দলের হরতালের মধ্যে সংবাদকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপট হিসেবে একুশে টেলিভিশনের ‘টকশো’তে বিভিন্ন গণমাধ্যমের ‘সন্ত্রাস’ কে দায়ী করেন ফরহাদ মজহার। গণমাধ্যমের ওপর আক্রমণকে ‘সঠিক’ও বলেন তিনি।

ওই  অনুষ্ঠানে দেয়া এই বক্তব্যকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের পক্ষ নেয়া ফরহাদ মজহারের বিরুদ্ধে একটি জিডি করেছেন এক সাংবাদিক এবং অন্যটি করেছে পুলিশ।

তেজগাঁও থানায় রাতে এই দুটি জিডি হয় বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত ২৭ অক্টোবর রাতের অনুষ্ঠানে ওই বক্তব্যের মাধ্যমে ‘পরোক্ষ উস্কানি’ দেয়ার পর হরতালের মধ্যে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ফরহাদ মজহারকে সাংবাদিক নেতাদের অনেকেই দুষে আসছেন।

এরই পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে জানিয়ে বিপ্লব বলেন, “এখন তা তদন্ত করে দেখা হবে।”

তেজগাঁও থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন কলামনিস্ট ফরহাদের বিরুদ্ধে এই সাধারণ ডায়েরি করেন।

অন্যটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাযনির্বাহী পরিষদের সদস্য ও নিউ নেশনের বিশেষ প্রতিনিধি অমিয় ঘটক পুলক।

তিনি সাংবাদিক মহলের নিরাপত্তার বিষয় উল্লেখ করে বলেন, “ফরহাদ মজহারের বক্তব্য এবং কাজী ফিরোজ রশীদ তাকে সমর্থন দেয়ায় সাংবাদিক মহলের ওপর আরো বোমা হামলা হতে পারে।”

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ ওই অনুষ্ঠানে আলোচক ছিলেন। তার বিরুদ্ধেও অভিযোগ পুলক ঘটকের।

“এজন্য আমি সবার পক্ষ থেকে নিরাপত্তা চেয়ে একই সঙ্গে ওই দুজনকে আইনের আওতায় আনার জন্য পুলিশের কাছে জিডির মাধ্যমে আবেদন করেছি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন পুলক।

ফরহাদ মজহারের বক্তব্যের পর হরতাল চলাকালে সংবাদ মাধ্যমসহ বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনা ঘটে।একাত্তর টেলিভিশনের কার্যালয়ের সামনে চারটি হাতবোমা ছোড়া হয়, এতে গুরুতর আহত হন সাংবাদিক জাকারিয়া বিপ্লব।

বোমা বিস্ফোরণ ঘটানো হয় দেশ টিভি, ভোরের কাগজ, মোহনা টিভি এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের সামনেও। হামলায় চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক রাশেদ নিজামসহ কয়েকজন সংবাদকর্মী আহত হন।

গণজাগরণ আন্দোলনে ‘ফ্যাসিস্ট মুভমেন্ট’ আখ্যায়িত করে সমালোচনায় পড়া ফরহাদের গণমাধ্যম নিয়ে সাম্প্রতিক বক্তব্যের ভিডিওক্লিপ ফেইসবুকে ছড়িয়ে পড়লে তুমুল আলোচনা শুরু হয়।

ভিডিওচিত্রে ফরহাদ মজহারকে বলতে শোনা যায়, “আপনি তো (গণমাধ্যম) প্রথমে সন্ত্রাস শুরু করেছেন। পরিষ্কারভাবে বুঝতে হবে, আমি অনেকগুলো গণমাধ্যমকে ফোন করে বলেছি- আপনারা সন্ত্রাসী। দেশের এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী। এর মধ্যে অনেকগুলোতো দুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের গণমাধ্যম।”

বেসরকারি টেলিভিশন একাত্তরের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা টেনে এনে তিনি বলেন, “আমি তো মনে করি পটকা ফোটানো খুবই কম হয়েছে, আরো বেশি হওয়া উচিত ছিল। অন্য যে কোনো দেশে এ ধরনের পরিস্থিতিতে আরো বেশি হয়। আর এটার পক্ষে একটা জনমত কাজ করে।”

দেশের গণমাধ্যমকে ‘গণবিরোধী’ আখ্যায়িত করে তিনি বলেন, “এদেশের বর্তমান পরিস্থিতির জন্য যদি কাউকে দায়ী করতে হয় তাহলে গণমাধ্যমকেই দায়ী করতে হবে।”

তবে পরে ফরহাদ মজহার নিজের ওই বক্তব্যকে ‘রেটরিক’ (কথার কথা) দাবি করে ফেইসবুকে লেখেন, ‘একাত্তর’ টিভি তার বক্তব্যকে ‘বিকৃত’ ও ‘খণ্ডিত’ভাবে উপস্থাপন করেছে।

“আমি এর আগে যে বোমার কথা বলেছি, এই অর্থে কথাটা বলেছি যে, আমি স্বভাবতই কখনোই চাইব না কেউ পটকা, নিন্দা বা ঢিলও কোনো গণমাধ্যমের ওপর ছুড়ুক। এটা কথার কথা, রেটরিক।”

পুরনো খবর:

ফরহাদ মজহারের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নেতাদের
ফরহাদ মজহারের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
বোমার কথা ‘রেটরিক’: ফরহাদ মজহার