ফরহাদ মজহারের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
গণমাধ্যম ও সংবাদকর্মীদের ওপর বোমা হামলার ‘উস্কানি’ দেওয়ার অভিযোগে কলামনিস্ট ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বেসরকারি টেলিভিশনের মালিকরা।
মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এর বৈঠকে শেষে এ দাবি জানান সংগঠনের সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
১৮ দলের হরতালের মধ্যে সংবাদকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপট হিসেবে একুশে টেলিভিশনের ‘টকশো’তে বিভিন্ন গণমাধ্যমকে ‘সন্ত্রাসী’ আখ্যায়াতি করে গণমাধ্যমের ওপর হামলাকে ‘সঠিক’ বলে মন্তব্য করেন তিনি।
ভিডিওচিত্রে ফরহাদকে বলতে শোনা যায়, “আপনি তো (গণমাধ্যম) প্রথমে সন্ত্রাস শুরু করেছেন। পরিষ্কারভাবে বুঝতে হবে, আমি অনেকগুলো গণমাধ্যমকে ফোন করে বলেছি- আপনারা সন্ত্রাসী। দেশের এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী।”
বেসরকারি টেলিভিশন একাত্তরের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা টেনে এনে তিনি বলেন, “আমি তো মনে করি পটকা ফোটানো খুবই কম হয়েছে, আরো বেশি হওয়া উচিত ছিল। অন্য যে কোনো দেশে এ ধরনের পরিস্থিতিতে আরো বেশি হয়। আর এটার পক্ষে একটা জনমত কাজ করে।”
তেজগাঁওয়ে চ্যানেল টোয়েন্টিফোরের অফিসে বৈঠকের পর ফরহাদ মজহারের বক্তব্য প্রসঙ্গে অঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, “এটা অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি আমরা।”
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম কার্যালয় ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দাও জানান অঞ্জন।
