২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরহাদ মজহারের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নেতাদের

সারাদেশের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের উপর হামলা নির্যাতন বন্ধের আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 12:02 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

একইসঙ্গে তারা এ হামলার ‘উস্কানিদাতা’ হিসেবে ফরহাদ মজহারকে ‘গণমাধ্যমের শত্রু’ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে তাকে আইনের আওতায় নিয়ে গ্রেপ্তার করার নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

বুধবার এক যুক্ত বিবৃতিতে তারা এই আহবান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, “২৭ অক্টোবর থেকে বিএনপি-জামাত জোটের কর্মসূচি শুরু হওয়ার আগে থেকেই  কর্মসূচি শেষ হওয়া  পর্যন্ত অত্যন্ত পরিকল্পিতভাবে ঢাকাসহ সারা দেশে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে। এ সময় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। পত্রিকাবাহী গাড়ীতে হামলা ও ভাংচুর চালানো হয়েছে।”

নেতৃবৃন্দ বলেন, “গত ২৫ অক্টোবর চট্রগ্রাম মহানগরীর কাজীর দেউরীর ১৮ দলীয় জোটের সমাবেশে পেশাগত দায়িত্বপালনকালে এটিএন বাংলার ক্যামেরাপার্সন ফরিদ উদ্দিনের ওপর হামলা চালায় জামায়াত-শিবিরের কর্মীরা। এসময় তাকে রক্ষা করতে এসে  আক্রান্ত হন বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুারো প্রধান নাছির উদ্দিন তোতা এবং এটিএন’র রিপোর্টার আবুল হাসনাত।

“২৬ অক্টোবর শনিবার রাতে ঢাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এ বোমা হামলায় গুরুতর আহত হন চ্যানেলটির জ্যেষ্ঠ নিউজরুম এডিটর জাকারিয়া বিপ্লব। আহত হন ভিডিও চিত্রগ্রাহক আলমগীর হোসেন। দুজনের অবস্থাই গুরুতর। একই রাতে রাজধানীতে দেশ, মোহনা টিভি ও ভোরের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে পরিকল্পিত ভাবে বোমা হামলা করা হয়।

“এছাড়া দেশের বিভিন্ন স্থানে হরতাল চলাকালে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়।”

সাংবাকি নেতৃবৃন্দ বলেন, “বিএনপি জামাত জোটের কর্মসূচিতে যখন এভাবে মিডিয়ার উপর আক্রমণ চালানো হচ্ছে তখন  জাতীয় পার্টির সেতা কাজী ফিরোজ রশিদ এক টিভি টক শোতে বলেন, মিডিয়া কোন রাজনৈতিক শক্তির প্রতিপক্ষ হলে সেই শক্তির অধিকার আছে মিডিয়ার উপর হামলা চালানোর। একই টক শোতে ফরহাদ মজহার উস্কানি দিয়ে বলেন, বাংলাদেশে এখনকার যে গণমাধ্যমগুলো তারা নিরপেক্ষ তো নয়ই, একই সঙ্গে তারা গণবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য যদি কাউকে দায়ি করতে হয়, আমি তাদেরকেই দায়ী করি। ..আমিতো মনে করি এই পটকা ফোটানোটা খুব কমই হয়েছে; আরো বেশি হওয়া উচিত ছিল। তিনি তাঁর মতাদর্শের কতিপয় মিডিয়ার নাম ধরে বলেন,  যারা সেই সকল মিডিয়ার পক্ষে যাবে না তাদের বোমা মারাই উচিত ........।”

নের্তৃবৃন্দ ‘মিডিয়ার  উপর বেধড়ক এই হামলার’ নিন্দা জানিয়ে বলেন , “গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের উপর আক্রমন মত প্রকাশের স্বাধীনতার উপরই আক্রমণ। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচি চলাকালে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকগণ আক্রান্ত না হয়।”

তারা কর্মসূচি ঘোষনাকারী দল গুলোকে এ বিষয়ে তাদের  অবস্থান স্পষ্ট করার আহবান জানান।

নেতৃবৃন্দ গত কয়েকদিনে যারা এই হামরা চালিয়েছে তাদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

তারা আহত সাংবাদিকেদের চিকিৎসার খরচ ও তাদের গাড়ি এবং ক্যামেরা ভংচুরের ক্ষতিপূরণ দেয়ার জন্য বিএনপি সহ ১৮ দলের প্রতি আহবান জানান।

সাংবাদিক নের্তৃবৃন্দ জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশিদকে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহবান জানান ।

নেতৃবৃন্দ বলেন, “বক্তব্য ও ঘটে যাওয়া বিষয়গুলো দেখে বিষয়টি প্রমাণিত যে, ফরহাদ মজহারের সরাসরি উস্কানিতেই গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে।”

ফরহাদ মজহারকে  ‘গণমাধ্যমের শত্রু’ হিসেবে আখ্যায়িত করে সাংবাদিক নেতারা অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান ।

বিবৃতিতে সই  করেছেন, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুর জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাক শাবান মাহমুদ,  চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাক রিয়াজ হায়দার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাক মাহবুবুর রহমান সোহাগ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকবারুল হাসান মিল্লাত ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ ইচ এম আখতারুজাজামান ও সাধারণ সম্পাক আরিফ রেহমান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুর আলম আর্টিষ্ট  ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন; যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গণি খান রিমন ও সাধারণ সম্পাদক সাকিরুল কবির; ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী ইয়াসিন ও সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতিআবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদ সারোয়ার সোহেল ।

সম্পাদক পরিষদের উদ্বেগ প্রকাশ

দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সংগঠন সম্পাদনা পরিষদ সংবাদকর্মী ও সংবাদ মাধ্যম অফিসে রাজনৈতিক কর্মিদের আক্রমনের শিকার হওয়ায় গ্রভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গত কয়েকদিন ধরে সংবাদকর্মি এবং সংবাদমাধ্যম অফিস রাজনৈতিক কর্মিদের আক্রমনের শিকার হচ্ছে।

“এই ধরনের রাজনৈতিক আচরণ সত্যিকার অর্থেই অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে আমরা সংবাদকর্মিরা গভীরভাবে নিরাপত্তাহীনতায় ভূগছি।”

পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “আমাদের ভুলে গেলে চলবে না যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন ও বলিষ্ঠ গণমাধ্যম ছাড়া পৃথিবীর কোথাও গণতন্ত্র টেকসই হতে পারে না।”

বিবৃতিতে সংবাদকর্মি ও সংবাদমাধ্যমের উপর আক্রমন থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

একইসঙ্গে সংবাদকর্মি ও সংবাদমাধ্যমের নিরাপত্তা প্রদান করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।