২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমার কথা ‘রেটরিক’: ফরহাদ মজহার

গণমাধ্যমে বোমা নিক্ষেপ সম্পর্কিত নিজ বক্তব্যকে ‘রেটরিক’ (কথার কথা) বলে দাবি করেছেন কলামনিস্ট ফরহাদ মজহার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 09:17 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর’ তার বক্তব্যকে ‘বিকৃত’ ও ‘খণ্ডিত’ভাবে উপস্থাপন করেছে বলেও দাবি তার।

রোববার রাতে একুশে টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে দেয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আলোচনা-সমালোচনার ঝড়ের মধ্যে মঙ্গলবার নিজের ফেইসবুক পাতায় আত্মপক্ষ সমর্থন করেছেন ফরহাদ মজহার।  

তিনি লিখেছেন, “আমি এর আগে যে বোমার কথা বলেছি, এই অর্থে কথাটা বলেছি যে, আমি স্বভাবতই কখনোই চাইব না কেউ পটকা, নিন্দা বা ঢিলও কোনো গণমাধ্যমের ওপর ছুড়ুক। এটা কথার কথা, রেটরিক।”

“আলোচনা করার জন্য, যাতে আমরা বুদ্ধিজীবীরা গণমাধ্যমের কর্মীরা বুঝতে পারি যে এই বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা বা খালেদা জিয়া একমাত্র দায়ী নয়। আমরা, আমাদের ভূমিকার কারণেই আজকে এই পরিস্থিতি আমরা তৈরি করেছি।”

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে টানা ৩ দিন হরতালের প্রথম দিন থেকেই বিভিন্ন গনমাধ্যম কার্যালয়ে বোমা নিক্ষেপ শুরু হয়।

হরতালের প্রথম দিন একাত্তর কার্যালয়ের সামনে চারটি হাতবোমা ছোড়া হয়, এতে গুরুতর আহত হন সাংবাদিক জাকারিয়া বিপ্লব।

বোমা বিস্ফোরণ ঘটানো হয় দেশ টিভি, ভোরের কাগজ, মোহনা টিভি এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের সামনেও। হামলায় চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক রাশেদ নিজামসহ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন।

১৮ দলের হরতালের মধ্যে সংবাদকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপট হিসেবে একুশে টেলিভিশনের ‘টকশো’তে বিভিন্ন গণমাধ্যমের ‘সন্ত্রাস’ কে দায়ী করেন ফরহাদ মজহার। গণমাধ্যমের ওপর আক্রমণকে ‘সঠিক’ও বলেন তিনি।

তার ওই বক্তব্যের ভিডিওক্লিপ ফেইসবুকে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয়।

ভিডিওচিত্রে ফরহাদ মজহারকে বলতে শোনা যায়, “আপনি তো (গণমাধ্যম) প্রথমে সন্ত্রাস শুরু করেছেন। পরিষ্কারভাবে বুঝতে হবে, আমি অনেকগুলো গণমাধ্যমকে ফোন করে বলেছি- আপনারা সন্ত্রাসী। দেশের এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী। এর মধ্যে অনেকগুলোতো দুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের গণমাধ্যম।”

বেসরকারি টেলিভিশন একাত্তরের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা টেনে এনে তিনি বলেন, “আমি তো মনে করি পটকা ফোটানো খুবই কম হয়েছে, আরো বেশি হওয়া উচিত ছিল। অন্য যে কোনো দেশে এ ধরনের পরিস্থিতিতে আরো বেশি হয়। আর এটার পক্ষে একটা জনমত কাজ করে।”

দেশের গণমাধ্যমকে ‘গণবিরোধী’ আখ্যায়িত করে তিনি বলেন, “এদেশের বর্তমান পরিস্থিতির জন্য যদি কাউকে দায়ী করতে হয় তাহলে গণমাধ্যমকেই দায়ী করতে হবে।”

এর আগে টেলিভিশনে একাধিক আলোচনা অনুষ্ঠানে গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ‘ফ্যাসিস্ট মুভমেন্ট’ বলে সমালোচনায় পড়েছিলেন এই কলামনিস্ট।

শাহবাগের এ আন্দোলনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের পক্ষে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্যও রাখতে দেখা যায় তাকে।

সম্প্রতি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে এক সভায় আরো কঠোর আন্দোলনে যেতে আহবান জানান ফরহাদ মজহার।

তবে মঙ্গলবার ফেইসবুক নোটে নিজেকে গণতন্ত্র, মতপ্রকাশ ও ব্যক্তি স্বাধীনতার ‘পক্ষে’র ব্যক্তি বলে দাবি করেন তিনি।

“বাংলাদেশের একাত্তর টিভি অন্যায়ভাবে আমার বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে প্রচার করছে। উস্কানি দিয়ে নানা ধরনের সন্ত্রাসীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। এরা বাক, ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না।”