Published : 07 Oct 2025, 07:47 PM
অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মত দুটি সংবাদভিত্তিক টেলিভিশন স্টেশন সম্প্রচারের লাইসেন্স পেয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন নতুন দল এনসিপি ও জাতীয় নাগরিক কমিটির দুইজন।
টেলিভিশন স্টেশন দুটির নাম ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। সবকিছু ঠিক থাকলে আসছে ২০২৬ সালের শুরুতে কিংবা মাঝামাঝি সময়ে টিভিগুলো সম্প্রচারে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নেক্সট টিভির অনুমোদন দেওয়া হয়েছে গত ২৪ জুন। ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে অনুমোদন পেয়েছে এ টেলিভিশন। অফিসের ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন।
এই টেলিভিশনের এমডি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। এক সময় তিনি ইংরেজি দৈনিক বিজনেস পোস্ট, বাংলা দৈনিক দেশ রূপান্তর ও নয়াদিগন্তে কাজ করেছেন। জাতীয় নাগরিক কমিটির সাবেক এই সদস্য এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে আছেন।
‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। এটি ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’ এর নামে অনুমোদন পেয়েছে। ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১।
এই কোম্পানির এমডি আরিফুর রহমান অরণ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের ২০১৩-২০১৪ সেশনের শিক্ষার্থী। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ইংরেজি দৈনিক নিউএজের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন তিনি। অরণ্য জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, তবে এনসিপিতে যোগ দেননি।
মঙ্গলবার যোগাযোগ করা হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্প্রচার অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি টেলিভিশনের অনুমোদন পাওয়ার ঘটনা ঠিক আছে। এটি অনেক আগের ঘটনা।”
আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ২৮টি টেলিভিশন স্টেশনকে লাইসেন্স দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিবিদেরা এসব চ্যানেলের লাইসেন্স পেয়েছিলেন। এবার অন্তর্বর্তী সরকারের সময়ও একই ঘটনা ঘটল বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টিভি স্টেশনের সংখ্যা ৫০টি। এর মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে আছে। ১৪টি সম্প্রচারের অপেক্ষায়।
জানতে চাইলে‘লাইভ টিভি’র আরিফুর রহমান অরণ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাগজপত্র সংক্রান্ত আরও কিছু কাজ বাকি। আশা করছি আগামী বছর সম্প্রচারে যেতে পারব। এখন ফ্রিকোয়েন্সি পাওয়ার কাজ বাকি আছে।”
আর নেক্সট টিভির আরিফুর রহমান তুহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলছি না। যখন বলব আনুষ্ঠানিকভাবেই বলব।”