Published : 04 Jun 2026, 10:08 PM
কোরবানির ঈদে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে।
শুক্রবার থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী শুরু হবে।
চলচ্চিত্রটির অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরিবেশনার দায়িত্বে যৌথভাবে আছে স্ক্রিন এক্সকোপ ও দেশি ইভেন্টস।
সিনেমার প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ৫ জুন সিডনি ও মেলবোর্নে প্রদর্শনীর মাধ্যমে অস্ট্রেলিয়ায় যাত্রা শুরু করবে ‘রইদ’। এরপর পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরায় সিনেমাটি প্রদর্শিত হবে।
স্ক্রিন এক্সকোপের হেড অব অপারেশন্স ফয়সল বাশার বলেন, "আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আগের চেয়ে বেশি সুযোগ তৈরি হয়েছে। ‘রইদ’ এমন একটি চলচ্চিত্র, যা শুধু প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গেই নয়, ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের সঙ্গেও গভীর সংযোগ তৈরি করতে সক্ষম। আমরা চাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকরা একসঙ্গে বড় পর্দায় এই চলচ্চিত্রটি উপভোগ করুক।”
যেসব থিয়েটারে চলবে ‘রইদ’
প্রদর্শনীর সূচি অনুযায়ী, ৫ জুন সিডনির হয়েটস ব্ল্যাকটাউন ও মেলবোর্নের হয়েটস চ্যাডস্টোনে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে রইদের প্রদর্শনী হবে।
১২ জুন সিডনির হয়েটস ব্যাংকসটাউন এবং মেলবোর্নের ভিলেজ সিনেমাস ওয়্যারিবিতে রাত ৮টা ৪৫ মিনিট ও সাড়ে ৮টায় ‘রইদ’ দেখানো হবে।
এছাড়া ১৪ জুন ব্রিসবেনের হয়েটস সানিব্যাংকে সন্ধ্যা ৬টায়, ২০ জুন পার্থের হয়েটস ক্যারোসেলে সন্ধ্যা ৬টায় এবং ২১ জুন অ্যাডিলেডের প্রসপেক্ট প্যালেস নোভা সিনেমাসে সন্ধ্যা ৬টায় সিনেমাটি প্রদর্শিত হবে।
একই দিনে ক্যানবেরার হয়েটস বেলকোনেনে দুপুর সোয়া ৩টায় প্রদর্শনী হবে।
এছাড়া ২১ জুন সিডনির হয়েটস ব্যাংকসটাউন ও মেলবোর্নের হয়েটস চ্যাডস্টোনে আরও দুটি প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে।
'রইদ’ সিনেমার চিত্রনাট্য সাদু, তার মানসিকভাবে অসুস্থ স্ত্রী এবং তাদের জীবনযাপন ঘিরে। নির্জন এক জায়গায় বসবাস করেন এই দম্পতি। স্ত্রী সুস্থ না হওয়ায় তার কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন সাদু।
সাদু বেশ কয়েকবার তার স্ত্রীকে ফেলে আসেন এমন জায়গায়, যেখান থেকে তিনি যেন আর ফিরে না আসেন। কিন্তু শেষ পর্যন্ত ওই তরুণী ঠিক বাড়ি ফিরে আসেন।
চিত্রনাট্যে দেখানো হয়েছে, বাড়ির তালগাছ থেকে একটা করে ফল পড়ে এবং সাদুর স্ত্রী ফিরে আসে। হাজার বছরের পুরোনো আখ্যান অ্যাডাম ও ইভের কাহিনী বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে সিনেমায় তুলে ধরেছেন নির্মাতা সুমন।
গেল বছরের ডিসেম্বরে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেইলার। দুই মিনিট ২০ সেকেন্ডের ট্রেইলারেও উঠে এসেছে এসব দৃশ্য।
সিনেমাটি তৈরির পেছনের ভাবনা ও গল্প নিয়ে সুমন বলেছিলেন, "সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।"
সিনেমায় সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও তার স্ত্রীর চরিত্রে নাজিফা তুষি। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়াসমিন রিয়াদসহ আরও অনেকে।
‘রইদ’ সিনেমার গল্প লিখেছেন সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। আর প্রযোজনা করছে বঙ্গ।
সিনেমার চারটি গান 'রইদে আইলা গা জুড়াইতে', 'মন ছাড়া কি মনের মানুষ রয়', 'রহে না', 'প্রেম জ্বালা' প্রকাশ্যে এসেছে।