Published : 07 Nov 2024, 08:06 PM
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) অষ্টম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঢাকার বনানীর হোটেল শেরাটনে এই সভা হয় বলে অ্যাটকো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সেখানে বলা হয়, সভার পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের পরিচালক কমিটি নির্বাচন করা হয়েছে। পরে পরিচালক কমিটির ভোটের মাধ্যমে সহসভাপতি পদে ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব পদে আরিফ হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে দুজন প্রার্থী সমান ভোট পাওয়ায় নতুন তারিখে শুধু ওই পদে নির্বাচন হবে বলে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আহমদ ইকবাল হাসান জানিয়েছেন।
আর পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান সভাপতি, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভাপতির দায়িত্বে বহাল থাকবেন।
১৫ সদস্যের পরিচালক কমিটিতে নির্বাচিত হয়েছেন- অঞ্জন চৌধুরী (মাছরাঙা টেলিভিশন), আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী (এনটিভি), মোস্তফা কামাল (একাত্তর টিভি), ইকবাল সোবহান চৌধুরী (ডিবিসি নিউজ), আব্দুল হক (বাংলা ভিশন), আরিফ হাসান (দেশ টিভি), জহিরুদ্দিন মাহমুদ মামুন (চ্যানেল আই), মোঃ জসিম উদ্দিন (আরটিভি), মো. লিয়াকত আলী খান মুকুল (এশিয়ান টিভি), টিপু আলম মিলন (বৈশাখী টিভি), কাজী জাহেদুল হাসান (দীপ্ত টিভি), আব্দুস সালাম (ইটিভি), নাভিদুল হক (নাগরিক টিভি), মোঃ হাসান (সময় টিভি), সাফওয়ান সোবহান (টি স্পোর্টস)।