কর্মজীবনে ফাল্গুনী ভালোবাসা
আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ।
“তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে…”
ঠিক যেন তাই, শীতের পরে ফাগুন হাওয়া; প্রকৃতির পাশাপাশি মানুষের মনেও যেন দোলা দিয়ে যায়। কারণে অকারণেই ভালোলাগা কাজ করে।
বসন্ত ও ভালোবাসা দিবস একই দিনে পালিত হওয়ায় আমেজটা যেন আরেকটু বেশি।
একেইতো প্রকৃতির নতুন করে সেজে ওঠা সেই সঙ্গে প্রিয় মানুষকে কাছে পাওয়া বা তাকে সাথে নিয়ে বসন্ত বিলাস- যেন প্রতিটা মানুষের কাছেই আকাঙ্ক্ষিত।
তবে জীবন ও জীবকার তাগিদে সবারই এমনভাবে বসন্ত বরণ করা হয়ে ওঠে না। এতে মন খারাপ না করে বরং সময়ের সাথে তাল মিলিয়েও দিনটা উদযাপন করা যেতে পারে।
বিশেষ দুটি দিন এক সাথে পালিত হওয়ায় অনেকেই পোশাকের রং নির্বাচন নিয়ে দ্বন্দ্বে থাকেন।
এই বিষয়ে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়ন শিল্প বিভাগের সহকারী অধ্যাপক শাহমিনা রহমান বলেন, “বসন্ত মানেই রং। যার যে রং পছন্দ সেই রং-ই পরতে পারেন। আর ভালোবাসা দিবসকে মাথায় রেখে লাল। হলুদ, কাঁচা হলুদ, কমলা, কচি সবুজ সাধারণত এসব রংয়েরও আধিক্য দেখা যায়।”
“তবে কেউ ভিন্ন কিছু পরতে চাইলে বিশেষ করে কর্মজীবীরা গোলাপি, বেগুনি, ম্যাজেন্টা, রানি গোলাপি এসব রংয়ের সঙ্গে হলুদ সবুজের মিশেলও বেছে নিতে পারে। আর লাল রং বাছাই করা হল সবচেয়ে নিরাপদ। এতে ফাগুন বা ভালোবাসা দিবস দুই আমেজই ফুটে উঠবে”, বলেন তিনি।
যেহেতু কর্মদিবসে ফাগুন ও ভালোবাসা দিবস পালিত হচ্ছে তাই চাইলেও অনেকেই ঘোরাঘুরি করে দিন কাটাতে পারবে না। সেক্ষেত্রে অফিসের পরে সময় পেলে হয়ত কিছুটা ঘোরাঘুরি বা প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো যাবে।
অধিকাংশ সময়ই যেহেতু কর্মক্ষেত্রে কাটাতে হবে সেক্ষেত্রে পোশাক ও সাজগোজও হতে হবে কর্মক্ষেত্রে উপযোগী।
এই বিষয়ে শাহমিনা রহমান বলেন, “ফাগুন মানে তারুণ্য। তাই সাজগোজে কিছুটা সজীবতা রাখলে দেখতে ভালোই লাগবে।”
“চাইলে অফিসে ভারী মেইকআপ বা ফুলের ডালি নিয়ে যাওয়া যাবে না এবং সেটা দেখতে ভালোও লাগবে না। সেক্ষেত্রে মাথায় একটা তাজা ফুল গুঁজে নেওয়া যেতে পারে। হাত বা ব্যাগে একটা ফুলের মালা পেঁচিয়ে রেখেও বসন্তের আমেজ আনা যায়”, বলেন এই অধ্যাপক।
বেসরকারী ব্যাংকে কর্মরত ফারহানা সুলতানা বলেন, “বসন্ত আসলেই মনটা চঞ্চল হয়ে ওঠে। নিজেকে ভার্সিটির স্টুডেন্ট মনে হয়। সেই সময় শাড়ি পরে, মাথায় ফুল দিয়ে বন্ধুরা ঘুরে বেড়াতাম। ক্লাস ফাঁকি দিয়ে টিএসসি আর কার্জন হলে গিয়ে ছবি তুলতাম।”
“কয়েক বছর আগেও তো ফাল্গুন ও ভ্যালেন্টাইস ডে আলাদা পালিত হত। আমরা দুদিন আলাদা রংয়ের শাড়ি পরতাম। কি যে আনন্দে কাটতো দিনগুলো! এখন চাইলেও তা সম্ভব নয়। একেইতো অফিস ডে তার ওপর আবার বন্ধু বান্ধবরা ব্যাস্ত।”
“তাছাড়া ঢাকায় যেমন যানজট থাকে চাইলেও অফিসের পরে সবার সাথে দেখা করা হয়ে ওঠে না। তাই সেজেগুজে অফিসে যাই। সন্ধার পরে হাসবেন্ডের সাথে একটু ঘুরাঘুরি পরে ডিনার করে বাসায় ফিরি”, বলেন ফারহানা।
‘অস বাংলা কমিউনিকেশন লিমিটেডের সার্ভিস অ্যানালিস্ট অন্তরা বৃষ্টি বলেন, “এই দিনটা নিয়ে বরাবরই আমার ভালোলাগা থাকে। এবারও ব্যাতিক্রম নয়। আজ হোম অফিস হওয়াতে সকালে উঠে টেইলরের কাছে জামা সেলাই করতে দিয়ে আসছি। অফিস শেষে বিকালে একটু বের হব। রবীন্দ্র সরোবর বা আশপাশে কোথাও! সুযোগ হলে আমার মেয়েটাকে নিয়েও বেড়াতে যাবো। তার জন্যও রয়েছে ফাল্গুনী পোশাক।”
ফাগুনের রং ছুঁয়ে যায় ছেলে, বুড়ো, নারী পুরুষ সকলকেই। যারা সুযোগ পান তারা উপভোগ করেন আর বাকিরা করেন পর্যবেক্ষণ।
আনন্দ বা উদযাপনের কোনো বয়স নেই, ভালোবাসা প্রকাশেরও কোন সীমা নেই। তাই, ছাত্র অবস্থায় বা কর্মজীবনে পা দিয়েও বসন্ত বরণ বা ভালোবাসা দিবস উদযাপন করা যেতেই পারে।
