২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যালনে নখ পরিচর্যায় যে ছয় জিনিস করা যাবে না

কয়টা বিষয় মানেন একটু দেখুন তো!

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 05:41 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

নিজের যত্ন নেওয়া এক ধরনের ধ্যানের মতো কাজ করে। আর সময় থাকলে পার্লার কিংবা স্যালনে গিয়ে মুখ, হাত বা পায়ের পরিচর্যা করা দেহে উপকারী ভূমিকা রাখে।

তবে স্যালনে নখ পরিচর্যা করতে গিয়ে নিজেই যদি কিছু বিষয় খেয়াল না রাখেন, তখন উপকাররের পরিবর্তে অপকার হওয়ার সম্ভাবনা বাড়ে।

দেরি করে পৌঁছানো

যে কোনো জায়গাতেই দেরি করে যাওয়া শোভন বিষয় নয়। আর পার্লারে তো অবশ্যই না। কারণ তাদের আরও অনেক ‘বুকিং’ থাকে।

এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক নখ পরিচর্যার সামগ্রী তৈরির প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অ্যামি লিং লিন বলেন, “সাধারণত স্যালনগুলো সময়সূচি অনুসারে কাজ করে। দেরি করে গেলে সেই সূচীতে গড়বড় হওয়ার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে যারা আপনার পরে বুকড করেছে, তাদেরও দেরি হয়ে যায়।”

তাই কোনো রকম সমস্যার কারণে যেতে দেরি হলে অবশ্যই আগেভাগে জানিয়ে দেওয়া উচিত।

সমস্যা লুকিয়ে রাখা

ত্বকে সংবেদনশীলতা, অ্যালার্জি বা কোনো সমস্যা থাকতেই পারে। সেগুলো লুকানো যাবে না। লুকালে যিনি পেডিকিউর বা ম্যানিকিউর করবেন তিনি সেসব বিষয়ে সাবধান হতে পারবেন না।

লিন উদাহরণ দিতে গিয়ে বলেন, “এমন কোনো পণ্য রয়েছে যাতে আপনার অ্যালার্জি হয়। সে সম্পর্কে ‘নেইল আর্টিস্ট’কে জানান। তাহলে সেই পণ্য বাদ দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তিনি।”

পরিচর্যার মাঝে বাথরুম যাওয়া

এই অভ্যাস ক্ষতিকর প্রভাব ফেলে।

লিন বলেন, “নখের পরিচর্যার মাঝে বাথরুমে গেলে, নখে লাগানো নতুন রং বা সবে পরিষ্কার করা নখের গোড়ায় দ্রুত জীবাণু আটকে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই ভালোমতো প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে, সব সেরে নখ পরিচর্যায় বসতে হবে।”

বিস্তারিত না বলা

কী চাচ্ছেন, না চাচ্ছেন- সব কিছু বিস্তারিতভাবে নখ পরিচর্যাকারীকে জানাতে হবে। কারণ তিনিতো আর মনের কথা পড়তে পারেন না।

নেইল পলিশ তৈরির মার্কিন প্রতিষ্ঠান ‘ওপিআই’য়ের ‘এডুকেইশন ডিজাইন ডিরেক্টর’ হিথার রেনোসা একই প্রতিবেদনে বলেন, “বিস্তারিত জানাতে ভুলবেন না। বিশেষ করে রং এবং ‘নেইল আর্ট’য়ের ক্ষেত্রে। রংয়ের ধরন হালকা না গাঢ় হবে, নখের আকার লম্বা না খাট হবে- সব বিস্তারিতভাবে বলার পর নেইল আর্টিস্টের ওপর ভরসা রাখুন।”

অতিরিক্ত নড়াচড়া করা

নখের পরিচর্যা বা রং করা নষ্ট করতে না চাইলে, ধীর স্থির হয়ে বসতে হবে। অতিরিক্ত নড়াচড়া করলে নষ্ট হয়ে যাবে নখের কাজ।

হিথার বলেন, “বার বার ফোন দেখা থেকে বিরত থাকুন। মাথা ঘুরিয়ে এদিক সেদিক দেখা বন্ধ রাখুন। কারণ ‘পুশার’ বা ‘নিপার’ ব্যবহার করতে গেলে স্লিপ করতে পারে। আর নেইল পলিশ লাগানোর সময় রং ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নড়লে।”

বখশিশ

এতে জোর করার করার কোনো বিষয় নেই, তবে হিথার পরামর্শ দেন, “যদি সেবা পছন্দ হয় তবে বখশিশ দেওয়া উচিত। কারণ একেই তো এইসব কর্মচারীদের বেতন তেমন হয় না। তাদের একটা খরচের ব্যাপার আছে। আর বখশিশ পেয়ে খুশি থাকলে পরেরবার তারা আপনার প্রতি আরও বেশি যত্নশীল হবেন।”

আরও পড়ুন

নখের স্বাস্থ্য নষ্ট করে যেসব অভ্যাস

আবহাওয়া পরিবর্তনে নখের যত্ন

যে কারণে ঘন ঘন নখের পাশে চামড়া ওঠে