১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

গ্রীষ্ম মৌসুমের বাহারি স্যান্ডেল

গরমের আরাম একই সাথে স্টাইল বজায় রাখতে চলছে নানান নকশার স্যান্ডেলের ধারা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 06:12 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

গরম পড়তেই ফ্যাশনের মানচিত্রে বড় পরিবর্তন আসে। পোশাকের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন আসে পায়ের সাজেও।

আর গ্রীষ্মের স্যান্ডেল মানেই নিরীক্ষা, স্টাইল, আরাম আর ট্রেন্ডের দারুণ মিশেল।

এবারের গ্রীষ্মের স্যান্ডেল শুধু জুতা নয় বরং ফ্যাশনের স্টেটমেন্ট।

টো রিং স্যান্ডেলস: অল্প নকশায় অনন্য

ছিমছাম অথচ স্টাইলিশ। এটাই ২০২৫-এর গ্রীষ্মের অন্যতম আলোচিত স্যান্ডেল ট্রেন্ড ‘টো রিং স্যান্ডেল’।

যুক্তরাষ্ট্রের ফ্যাশন স্টাইলিস্ট ও ‘ডায়ান ইন স্টাইল’-এর প্রতিষ্ঠাতা ডায়ান বয়ার রিয়েলসিম্পল ডটকম’য়ের প্রকাশিত প্রতিবেদনে বলেন, “এটি মূলত মিনিমালিস্ট ট্রেন্ডেরই সম্প্রসারণ। হালকা লাইন, ক্লিন কাট ও ‘বেয়ারলি দ্যার’ ডিজাইন হওয়ায় ছোট পোশাকের সঙ্গে মানিয়ে যায় দারুণভাবে।”

জেলি টেক্সচার্ড স্যান্ডেল: পুরানো দিনের খেলাঘর থেকে র‌্যাম্পে

নব্বই দশকের স্মৃতি ফিরিয়ে এনে এই গরমে ট্রেন্ডে আছে জেলি স্যান্ডেল। তবে এবার তা আরও বেশি পরিণত।

ফ্রান্সের নামজাদা ব্র্যান্ড ক্লোয়ি ও ফেন্ডি এই স্যান্ডেল কিছুটা নতুন আঙ্গিকে ট্রান্সলুসেন্ট রং, চকচকে আর আকর্ষণীয় হিল ডিজাইনে। এতে মিশেছে ছেলেবেলার আনন্দ ও আধুনিকতার ছোঁয়া।

হিল্ড ফ্লিপ-ফ্লপ: আরাম আর গ্ল্যামের মিশেল

সাধারণ ফ্লিপ-ফ্লপ আর হিল একসাথে? হ্যাঁ, সম্ভব এবং তা-ই এখনকার অন্যতম স্টাইল স্টেটমেন্ট।

ডায়ান বয়ার বলেন, “এই ডিজাইনে পা অনেকটাই খোলা থাকে, ফলে বেশ আরামদায়ক। আবার হিল থাকার কারণে দেখতে রুচিশীল ও মার্জিত। যাদের পা একটু মোটা, তাদের জন্য এটি আদর্শ কারণ এটি পা চিকন দেখায়।”

অ্যাসিমেট্রিক স্ট্র্যাপি স্যান্ডেল: শৈল্পিক ভঙ্গিমা

ইউরোপের নামকরা ডিজাইনার ব্র্যান্ড ‘বটেগা ভেনিতা’ এবং লোয়ের মতো ফ্যাশন হাউজের কল্যাণে ক্লাসিক স্ট্র্যাপি হিল এবার নতুন রূপে হাজির। পা জড়ানো একপাশা স্ট্র্যাপ, জ্যামিতিক কাটা— এই সবই অ্যাসিমেট্রিক স্ট্র্যাপি স্যান্ডেলের বৈশিষ্ট্য।

যুক্তরাষ্ট্রের ‘পোশেল’ ব্র্যান্ডের ভাইস প্রেসিডেন্ট অফ ডিজাইন জন স্মিথ এর কথায়, “এই স্যান্ডেল নিজেই একটা স্টেটমেন্ট। তাই পোশাক রাখতে হবে সরল, যেন পুরো নজর যায় পাদুকার নকশায়।”

কিটেন হিল মিউলস: বিলাসী দ্যুতি

প্রাডা এবং ‘দ্য রো’ ব্র্যান্ডের গ্রীষ্মের শো’তে দেখা গেছে কিটেন হিল মিউলসের আধিপত্য। ছোট হিল, মসৃণ ডিজাইন, ‘মিনিমাল লুক’— সব মিলিয়ে এই স্যান্ডেল আরামদায়ক আবার রাজকীয়।

এই পাদুকা দারুণ মানিয়ে যায় টেইলরড শর্টস, ম্যাক্সি কিংবা পাতলা সুতির জামার সঙ্গে।

বিডেড ফ্ল্যাট স্যান্ডেল: হস্তশিল্পের ফ্যাশন বার্তা

ফ্রান্সের ডিজাইনার ইসাবেল ম্যারান্ট-এর অনুপ্রেরণায় তৈরি বিডেড স্যান্ডেল এখন র‌্যাম্প থেকে সমুদ্রপাড়— সবখানে জনপ্রিয়। পুঁতির কাজ, এমব্রয়ডারি, ঝুমকা সব কিছু মিলিয়ে যেন পায়ে পরা শিল্পকর্ম।

জন স্মিথ বলেন, “এই স্যান্ডেল বিশেষ করে অনুষ্ঠান আর সমুদ্রপাড়ের জন্য আদর্শ। এটা ম্যাক্সি ড্রেস কিংবা হাই ওয়েস্ট প্যান্টের সঙ্গে দুর্দান্ত মানায়।”

​​​​​​​স্যুয়েড স্যান্ডেল: বোহেমিয়ান ভালোবাসা

যারা ‘বোহো স্টাইল’ পছন্দ করেন, তাদের জন্য নিঃসন্দেহে এই গরমে স্যুয়েড স্যান্ডেল একটি 'অবশ্যই রাখা' তালিকায় যোগ হবে।

ডায়ান বয়ার বলেন, “স্যুয়েড মানেই নরম, আরামদায়ক আর বোহেমিয়ান সৌন্দর্যে ভরপুর। এটি গরমে পরতে অনেকে দ্বিধায় পড়েন, কিন্তু এর নরম অনুভূতির কারণে সারা দিন পরলেও অস্বস্তি হয় না।”

গ্রিক গ্ল্যাডিয়েটর স্যান্ডেল: পুরাতন ঢঙে নতুন ঝলক

প্রাচীন গ্রিসের গ্ল্যাডিয়েটরদের অনুপ্রেরণায় তৈরি লেইস-আপ গ্ল্যাডিয়েটর স্যান্ডেল আবার ফিরছে ট্রেন্ডে। তবে এবার আরও বেশি পরিশীলিত।

‘দ্য রো’ ব্র্যান্ডের সাম্প্রতিক ফ্যাশন শোতে দেখা গেছে এই স্যান্ডেলকে নিয়ে বিলাসী স্টাইলিং।

জন স্মিথ বলেন, “এই স্যান্ডেলে সাধারণত বাটার লেদার, গোল্ড হার্ডওয়্যার আর অ্যাংকল র‌্যাপ দেখা যায়। পোশাকে রাখতে হবে সরলতা। সাদা লিনেন ড্রেস বা শর্টস আর বাটন-ডাউন শার্টের সঙ্গে মানিয়ে যায় দারুণভাবে।”

স্যান্ডেল এখন আর শুধু পায়ে দেওয়ার জন্য নয় বরং পুরো ফ্যাশন স্টাইলের গুরুত্বপূর্ণ অংশ। তাই গ্রীষ্মের রোদ্দুরে যেমন চাই আরাম, তেমনই চাই ট্রেন্ডের সঙ্গে তাল মেলানো স্টাইলও।

আরও পড়ুন

পাদুকা জীবাণুমুক্ত রাখতে

সঠিক হিলের পাদুকা

বৃষ্টিতে উঁচু তলি ও উজ্জ্বল পাদুকা