২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

মাথার ত্বকেও প্রয়োজন রোদের সুরক্ষা

সানস্ক্রিন শুধু হাতে মুখে নয়, রোদ থেকে সুরক্ষায় মাথার ত্বকেও মাখা উপকারী।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 05:44 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

বাড়ি থেকে বের হওয়ার আগে মুখ, হাত কিংবা গলায় সানস্ক্রিন ব্যবহার স্বাভাবিক যত্নের অংশ। তবে মাথার ত্বকেও এই যত্নের অংশ করে নেওয়া জরুরি।

কারণ সিঁথির অংশ, চুল পাতলা হয়ে যাওয়া স্থান, কপালের চুলের গোড়া কিংবা কানের ওপরের অংশ সরাসরি রোদের সংস্পর্শে থাকলে, তা সুরক্ষার বাইরে থেকে যায়।

রূপ-বিশারদ ও বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান শারমিন কচি বলেন, “শরীরের অন্য অংশের মতো মাথার ত্বকও অতিবেগুনি রশ্মির ক্ষতির শিকার হতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে শুধু রোদে পোড়া নয়, ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতিও হতে পারে।”

যে কারণে মাথার ত্বক ঝুঁকিতে থাকে

মাথার ত্বক সারাক্ষণ চুলে ঢাকা থাকলেও সব অংশ সমানভাবে সুরক্ষিত থাকে না।

চুল পাতলা, টাক পড়ছে বা সিঁথি স্পষ্ট হলে মাথার ত্বকে সরাসরি সূর্যের আলো পড়ে। একইভাবে কপালের চুলের রেখা, কানের ওপরের অংশ এবং মাথার পেছনের কিছু অংশও সহজেই রোদ লাগে।

শারমিন কচির মতে, “বারবার মাথার ত্বক রোদে পুড়ে গেলে সময়ের সঙ্গে ত্বক পাতলা হয়ে যেতে পারে, অতিসংবেদনশীলতা তৈরি হতে পারে, ত্বকে অসম রংয়ের দাগ সহ আরও কিছু ত্বক জনিত সমস্যা বাড়তে পারে।”

রোদে পোড়া শুধু সাময়িক সমস্যা নয়

অনেকে মনে করেন, মাথার ত্বক একটু পুড়ে গেলে কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যায়।

তবে কচি বলেন, “দীর্ঘদিন ধরে অতিবেগুনি রশ্মির প্রভাব জমতে থাকে এবং এর ক্ষতি অনেক পরে প্রকাশ পায়।”

মাথার ত্বকের জন্য সানস্ক্রিন

মাথার ত্বকে সানস্ক্রিন না ব্যবহারের কারণ হতে পারে অস্বস্তি। কারণ সাধারণ সানস্ক্রিন ব্যবহার করলে অনেক সময় চুল তৈলাক্ত দেখায়, ভারী লাগে।

সেক্ষেত্রে হালকা ধরনের সানস্ক্রিনও রয়েছে, যা বিশেষভাবে মাথার ত্বকের জন্য তৈরি।

গুঁড়া বা পাউডার, স্প্রে বা হালকা তরল ধরনের এসব সানস্ক্রিন সহজে ব্যবহার করা যায়। আর এতে চুলের স্বাভাবিক সৌন্দর্যও ঠিক থাকে।

চুলের ধরন অনুযায়ী সুরক্ষা বেছে নেওয়া

মনে রাখতে হবে একেক ধরনের চুলের জন্য একেক ধরনের সানস্ক্রিন উপযোগী।

শারমিন কচির মতে, “চুল ঘন বা কোঁকড়ানো হলে তরল সানস্ক্রিন মাথার ত্বকে সমানভাবে লাগানো কঠিন হতে পারে। এক্ষেত্রে পাউডার বা স্প্রে ধরনের সানস্ক্রিন ব্যবহার করা সুবিধাজনক।”

অন্যদিকে মাথায় সহজেই ঘাম হলে পানি প্রতিরোধী সানস্ক্রিন ব্যবহার করাই ভালো।

এছাড়া এসপিএফ ৫০ বা তার বেশি মাত্রার সুরক্ষা থাকতে হবে। একই সঙ্গে এমন সানস্ক্রিন বেছে নেওয়া জরুরি, যা সূর্যের দুই ধরনের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকেই ত্বককে রক্ষা করতে পারে।

সঠিকভাবে ব্যবহার করাও সমান গুরুত্বপূর্ণ

শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই হবে না। সঠিক পরিমাণে এবং সময়মতো আবার ব্যবহার করাও জরুরি।

শারমিন কচি বলেন, “রোদে থাকলে প্রতি দুই ঘণ্টা পরপর পুনরায় সানস্ক্রিন ব্যবহার করা উচিত। যদি বেশি ঘাম হয় তাহলে আরও ঘন ঘন ব্যবহার করতে হবে।”

আবার শুধু মাথার মাঝখানের সিঁথিতে সানস্ক্রিন ব্যবহারে উপকার কম মিলিবে। কারণ কানের ওপরের অংশ, কানের পেছন, কপালের চুলের গোড়া এবং চুল কমে যাওয়া অংশেও সানস্ক্রিন দরকার।

সানস্ক্রিনের পাশাপাশি ঢেকে রাখাও প্রয়োজন

মাথার ত্বক সুরক্ষায় টুপি, স্কার্ফ, ছাতা কার্যকর। তবে সব টুপি সমান সুরক্ষা দেয় না।

সামনের অংশ ঢেকে রাখে এমন টুপি ব্যবহার করিলে মাথার পাশ এবং পেছনের অংশ খোলা থাকে। তাই চারদিকে চওড়া কিনারাযুক্ত টুপিই বেশি কার্যকর।

ঘন বুননের কাপড়ের টুপি সূর্যের আলো প্রতিরোধে আরও ভালো কাজ করে। এছাড়া ছাতা ব্যবহার করাও হতে পারে উপকারী।

আরও পড়ুন

হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টির দিনে ত্বক ও চুলের যত্ন

রোদে চুল শুকালে যা হয়

রোদে পোড়াভাব দূর করার ১১টি পন্থা