সম্পর্ক মজবুত কি না, জানুন সহজেই
সাধারণ কয়েকটি প্রশ্নের উত্তরের মাঝেই লুকিয়ে আছে সম্পর্কের ভিত্তি।
জগতের প্রায় সব সম্পর্কেই কিছু দুর্বলতা থাকে। দুই মানুষ এক ছাদের নিচে ২৪ ঘণ্টা একসঙ্গে থেকে সব সময় ভালো ব্যবহার করবেন— এমনটা আশা করা অবাস্তব।
কঠিন সময়, ঝগড়া ও চ্যালেঞ্জ আসবেই। মানসিক ও শারীরিকভাবে সেগুলো একসঙ্গে উতরে যেতে পারলে বোঝা যায়, দম্পতি হিসেবে ভিত্তি মজবুত।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা পরামর্শ দেন- সুস্থ সম্পর্কে বন্ধুত্ব, আত্মসম্মান, গ্রহণযোগ্যতা ও ভাগ করে নেওয়ার আনন্দ থাকা জরুরি।
প্রতিটি সুস্থ দাম্পত্য সম্পর্ক বন্ধুত্বের ওপর দাঁড়িয়ে থাকে। চিন্তা করে দেখুন, যদি আপনারা দম্পতি না হতেন, তাহলে কি এখনও ঘনিষ্ঠ বন্ধু থাকতেন?
সঙ্গীর সঙ্গে সময় কাটাতে, গল্প করতে, হাসতে পছন্দ করেন কি? কোনো সিদ্ধান্তে তার সমর্থন চান কি?
উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে আপনাদের সম্পর্কের ভিত শক্ত। অনেক দম্পতি অভ্যাসবশত বা ঝামেলা এড়াতে একসঙ্গে থাকেন, কিন্তু সুখী হন না।
সঙ্গীর সান্নিধ্যে কি আপনি নিজেকে আরও ভালোবাসেন? জীবনসঙ্গীর উচিত আপনার মধ্যে সেরাটা বের করে আনা।
তার সঙ্গে থেকে কি অনুপ্রাণিত হন, ভালোবাসা অনুভব করেন? নাকি দমবন্ধ, ছোট বা ক্লান্ত লাগে?
ডা. দিনা বলেন, “সুস্থ সম্পর্কে সঙ্গী লক্ষ্য পূরণে উৎসাহ দেন, সাফল্য উদযাপন করেন এবং কঠিন সময়ে পাশে থাকেন। অস্বাস্থ্যকর সম্পর্কে ঠিক উল্টোটা ঘটে— নিজের প্রতি অনিশ্চয়তা বাড়ে।”
যদি বোঝা যায়- সঙ্গী কখনও বদলাবেন না, তবুও কি একসঙ্গে থাকতে চাইবেন? কারও চরিত্রেই আদর্শতা নেই, খুঁত থাকবেই।
সুস্থ দম্পতি সঙ্গী যেমন, তেমনই গ্রহণ করেন। ছোটখাটো অভ্যাস— যেমন নাক ডাকা বা একই রসিকতা বারবার বলার বিষয়টা বড় করে না তুলে ভালোবাসাকে প্রাধান্য দেন।
তবে ‘টক্সিক’ আচরণ সহ্য করার কথা নয়।
কোনো ভালো খবর পেলে কি প্রথমে সঙ্গীকেই জানাতে ইচ্ছা করে? সাফল্য বা সুসংবাদ সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ থাকলে সম্পর্ক মজবুত।
গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি একে অপরের সুসংবাদ উদযাপন করেন, তাঁদের বন্ধন আরও শক্তিশালী ও সুখী হয়।
আরও পড়ুন
