সঙ্গীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে আর্থিক পরিকল্পনা
‘মানি ডেইট’ হতে পারে নিজেদের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করার সেরা উপায়।
সম্পর্ক মানেই শুধু আবেগ, সময় আর একসঙ্গে কাটানো মুহূর্ত নয়। সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকে বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক, অর্থ বা আর্থিক পরিকল্পনা।
তবে বাস্তবে দেখা যায়, অনেক দম্পতির জন্য অর্থ নিয়ে কথা বলা অস্বস্তিকর, কখনও কখনও ঝগড়ার কারণও হয়ে দাঁড়ায়।
এই সংকোচ ভাঙার একটি সহজ ও কার্যকর উপায় হতে পারে ‘মানি ডেইট’— অর্থাৎ নির্দিষ্ট সময় রেখে আর্থিক বিষয় নিয়ে শান্তভাবে কথা বলা।
ধারণাটি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা, দম্পতিদের অর্থনৈতিক যোগাযোগ পরামর্শক শিলা শ্রোডার।
তার মতে, “অর্থ নিয়ে নিয়মিত ও পরিকল্পিত আলোচনা শুধু আর্থিক অবস্থাকে পরিষ্কার করে না, বরং সম্পর্ককেও করে আরও মজবুত।”
অর্থ নিয়ে কথা বলা এত কঠিন কেন
অনেকের কাছে অর্থ সংবেদনশীল বিষয়। শৈশব থেকে পাওয়া ধারণা, পারিবারিক অভিজ্ঞতা, কিংবা ব্যক্তিগত ব্যর্থতা— সবকিছু মিলিয়ে অর্থ নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকেই অস্বস্তি অনুভব করেন।
কেউ কেউ মনে করেন, অর্থ নিয়ে কথা বললে সম্পর্কের উষ্ণতা কমে যায়, আবার কেউ ভয় পান— কথা বললে হয়তো মতবিরোধ তৈরি হবে।
রিয়েলসিম্পল ডটকম’য়ের এক প্রতিবেদনে শ্রোডার বলেন, “তবে বাস্তবতা হল, এই নীরবতা বরং সমস্যাকে আরও জটিল করে তোলে। দম্পতির একজন যদি সব আর্থিক দায়িত্ব সামলান এবং অন্যজন কিছুই না জানেন, তাহলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।”
তাই টাকা-কড়ি নিয়ে কথা বলা এড়িয়ে যাওয়ার পরিবর্তে, সেটিকে স্বাভাবিক আলোচনার অংশ বানানোই বুদ্ধিমানের কাজ।
‘মানি ডেইট’ কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ
‘মানি ডেইট’ বলতে বোঝায়— দম্পতিরা নির্দিষ্ট সময় ঠিক করে- নিজেদের আয়, ব্যয়, সঞ্চয়, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা।
এটি কোনো চাপের আলোচনা নয়, বরং একটি স্বস্তিদায়ক পরিবেশে গড়ে ওঠা কথোপকথন।
এই ধরনের আলোচনার সবচেয়ে বড় সুবিধা হল- এটি আবেগের চাপ কমিয়ে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
যখন ঝগড়ার মুহূর্তে অর্থ নিয়ে কথা বলা হয়, তখন তা অনেক সময় আক্রমণাত্মক হয়ে যায়। তবে একটি নির্দিষ্ট সময় ঠিক করে শান্তভাবে আলোচনা করলে বিষয়গুলো সহজে বোঝা যায় এবং সমাধান খুঁজে পাওয়া যায়।
সম্পর্কের ভিত শক্ত করে মানি ডেইট
দম্পতিরা যখন নিয়মিত অর্থ নিয়ে আলোচনা করেন, তখন তারা একে অপরের চিন্তাভাবনা এবং অভ্যাস সম্পর্কে ভালোভাবে জানতে পারেন। কেউ হয়তো খরচে সংযত, আবার কেউ হয়তো একটু বেশি খরচপ্রবণ— এই পার্থক্য বোঝা খুবই জরুরি।
শিলা শ্রোডার বলেন, “অনেকে বুঝতেই পারেন না যে, তাদের টাকা-পয়সা নিয়ে ভাবনার ধরন শৈশব থেকে তৈরি হয়েছে। কেউ হয়তো এমন পরিবারে বড় হয়েছেন যেখানে সঞ্চয়ের ওপর জোর দেওয়া হয়েছে, আবার কেউ হয়তো খরচে স্বাধীনতা পেয়েছেন। এই ভিন্নতা থেকেই সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়।”
‘মানি ডেইট’ এই জায়গাটিকে পরিষ্কার করে। এটি দম্পতিকে একে অপরকে বোঝার সুযোগ দেয়, যা সম্পর্ককে আরও গভীর করে তোলে।
আর্থিক স্বচ্ছতা তৈরি করে
অনেক ক্ষেত্রে দেখা যায়, দম্পতির একজন সব অর্থনৈতিক সিদ্ধান্ত নেন, অন্যজন শুধু অনুসরণ করেন। এতে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে।
তবে নিয়মিত আলোচনার মাধ্যমে দুজনই আর্থিক অবস্থার বিষয়ে সমানভাবে অবগত থাকেন।
এতে শুধু সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় না, বরং ভবিষ্যৎ পরিকল্পনাও স্পষ্ট হয়। বাড়ি কেনা, ভ্রমণ, সন্তানের ভবিষ্যৎ—এসব বড় সিদ্ধান্ত নিতে গেলে দুজনের সম্মতি ও বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেভাবে শুরু করা যাবে মানি ডেইট
এই অভ্যাস গড়ে তোলা খুব কঠিন কিছু নয়। প্রথমেই একটি নির্দিষ্ট সময় ঠিক করতে হবে— মাসে একবার বা দুই সপ্তাহে একবার। সময়টি যেন দুজনের জন্যই আরামদায়ক হয়, সেটি নিশ্চিত করা জরুরি।
আলোচনার বিষয়ও আগে থেকে ঠিক করে রাখা ভালো। একসঙ্গে বসে সব বিষয় নিয়ে কথা বলতে গেলে, অনেক বড় হয়ে যেতে পারে আলোচনা এবং ক্লান্তি তৈরি করতে পারে। তাই ছোট ছোট বিষয়ে ভাগ করে আলোচনা করা সহজ ও কার্যকর।
যেমন- একদিন শুধু মাসিক খরচ নিয়ে কথা বলা যেতে পারে। আরেকদিন সঞ্চয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা যেতে পারে।
সময় সীমিত রাখার গুরুত্ব
অনেকেই মনে করেন, অর্থ নিয়ে আলোচনা মানেই দীর্ঘ সময় ধরে বসে থাকা। তবে বাস্তবে তা প্রয়োজন নেই। এক ঘণ্টার মধ্যেই গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা করা সম্ভব। এই সীমাবদ্ধতা আলোচনা কে হালকা রাখে এবং ক্লান্তি এড়াতে সাহায্য করে।
সময় শেষ হলে আলোচনার ইতি টেনে আবার পরবর্তী সময়ের জন্য বিষয় রেখে দেওয়া যেতে পারে।
আলোচনাকে আনন্দদায়ক করা
‘মানি ডেইট’ যেন শুধুই হিসাব-নিকাশ না হয়ে যায়। এটিকে একটি স্বাভাবিক ‘ডেইটে’র মতো করে তোলা সম্ভব।
একসঙ্গে বসে চা বা পছন্দের খাবার খেতে খেতে আলোচনা করলে পরিবেশ অনেক স্বস্তিদায়ক হয়।
ক্লান্ত বা ক্ষুধার্ত অবস্থায় এই আলোচনা না করাই ভালো। কারণ তখন ছোট বিষয়ও বড় হয়ে যেতে পারে।
হাস্যরস এবং ইতিবাচক মনোভাব এই আলোচনাকে আরও সহজ করে তোলে।
আরও পড়ুন
