২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেন জি’দের প্রেম প্রকাশে নব্য ধারা

সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব থাকাই যেন ‘জেন জি’দের প্রেমের ভাষা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ভালোবাসা প্রকাশের ধরনে যুগে যুগে পরিবর্তন এসেছে। একসময় প্রেমিক-প্রেমিকার গল্প থাকত চিঠিতে, গান বা কবিতায়।

পরে এল ছবি আর ফেইসবুক, ইনস্টাগ্রামের যুগ। যেখানে সম্পর্কের প্রতিটি মুহূর্ত সবার সামনে তুলে ধরা যেন নিয়মে পরিণত হয়েছিল।

তবে নতুন প্রজন্ম, বিশেষত ‘জেনারেশন জি’ মানে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে, তারা সেই পথ থেকে সরে এসে বেছে নিচ্ছে এক ভিন্ন ধারা— যাকে বলা হচ্ছে ‘নীরব সম্পর্ক’।

নীরব সম্পর্ক—পুরানো পথে ফেরা

এই নতুন ধারা আসলে এক ধরনের পুরানো রীতি। সেলফি ছাড়া ‘ডেইট নাইট’, সীমিত অতিথির বিয়ে এবং সম্পর্কের সমস্যাগুলো গোপন রাখা।

টিকটকে ‘নীরব সম্পর্ক’ নিয়ে ভিডিও দিন দিন জনপ্রিয় হচ্ছে।

সিএনএন ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে আরও উল্লেখ করা হয়, যারা স্মার্টফোন আসার আগে বড় হয়েছেন, তারা হয়ত এই ধারা দেখে অবাক হবেন না।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ে ওঠা ‘জেনারেশন জি’-এর জন্য এটি নতুন অভিজ্ঞতা। অনলাইন চাপ থেকে মুক্ত থেকে বাস্তব জীবনে সম্পর্ককে লালন করা।

সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে ভালোবাসা বদলে দিল

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানে স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রী এবং ‘জেন জি ডেইটিং কোচ’ রে ওয়েইস সিনএনএন ডটকমের ওই প্রতিবেদনে মন্তব্য করেন, “এই প্রজন্ম দীর্ঘদিন ধরে অনলাইনে থাকার কারণে বুঝেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব সম্পর্ক ‘দারুণ’ বলে মনে হয়, সেগুলো আসলে সাজানো দৃশ্য।”

বিলাসবহুল ভ্রমণ, নিখুঁত ছবি, বড় আয়োজন। বাস্তবে সম্পর্কের মাঝে জটিলতা, একঘেয়েমি, এমনকি মনোমালিন্যও থাকে, যা কখনও অ্যালগরিদমে উঠে আসে না।

ওয়েইস বলেন, “বারবার সম্পর্কের ছবি বা ভিডিও পোস্ট করা অনেক সময় উদ্বিগ্নতা এবং সম্পর্ক নিয়ে অসন্তুষ্টি বা ‘অ্যাংশাস অ্যাটাচমেন্ট স্টাইল’ তৈরি হতে পারে; যা ২০২৩ সালে তুরষ্কের ‘মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি’ ও ‘আলতিনবাস বিশ্ববিদ্যাল’য়ের মনোবিজ্ঞান বিভাগের করা গবেষণায় উঠে এসেছে।”

ফলে নীরব সম্পর্ক বেছে নেওয়া মানে পরিপূর্ণতার চাপ থেকে মুক্তি নিয়ে বাস্তব স্নেহের দিকে ফেরা।

ডা. পামেলা রাটলেজ, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার ‘ফিল্ডিং গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়’য়ের ‘মিডিয়া সাইকোলজি রিসার্চ সেন্টার’য়ের পরিচালক সিএনএন ডটকমকে বলেন, “এভাবে অনলাইন তুলনার প্রবণতা থেকে মুক্ত থাকা যায়, যা সম্পর্ককে হিংসা বা বিকৃত প্রত্যাশা থেকে রক্ষা করে।”

‘যা কেউ জানে না, তা কেউ নষ্ট করতে পারে না’

২১ বছরের জেসন, কানাডার ভ্যাঙ্কুভারের ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রায় এক বছর ধরে সম্পর্কে থাকলেও প্রেমিকাসহ তিনি কোনো ছবি শেয়ার করেননি।

কারণ— বন্ধুমহলে অযথা মন্তব্য বা বিচার এড়ানো।

জেসনের মতে, “বিষয়টা জনসমক্ষে লজ্জিত হওয়া নয়, বরং বন্ধুরা যেন আলাদা চোখে না দেখে।”

কর্নেল বিশ্ববিদ্যালয়ের (ইথাকা, নিউ ইয়র্ক) যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ব্রুক ডাফি, একে বলেন 'কাল্পনিক নজরদারি'।

অর্থাৎ মনে হওয়া যে, অনলাইনে দেওয়া প্রতিটি পদক্ষেপ এক অদৃশ্য দর্শকগোষ্ঠী খুঁটিয়ে দেখছে, বিচার করছে। ফলে সম্পর্কের প্রাথমিক পর্যায়েই নিজের অনুভূতি গুলিয়ে যেতে পারে।

‘সফট লঞ্চ’—গোপন কিন্তু ইঙ্গিতপূর্ণ

যদিও ‘জেনারেশন জি’ অনলাইন চাপ সম্পর্কে সচেতন, তবুও তারা শেয়ার করার নতুন উপায় তৈরি করেছে।

এর মধ্যে জনপ্রিয় একটি হল ‘সফট লঞ্চ’— যেখানে সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়, তবে সঙ্গীর পরিচয় গোপন রাখা হয়। যেমন— ডাইনিং টেবিলে দুটি প্লেট, দেয়ালে দুটি ছায়া বা পাশাপাশি রাখা দুটি জুতার ছবি।

‘গোপন’ আর ‘ব্যক্তিগত’—পার্থক্য কোথায়?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিবাহ ও পরিবার থেরাপিস্ট লিয়া হুইন বলেন, “বাইরের দৃষ্টিতে গোপনীয়তা ও গোপন রাখা এক মনে হলেও, উদ্দেশ্য আলাদা। ব্যক্তিগত রাখার লক্ষ্য হল- সম্পর্ককে সুরক্ষা দেওয়া। আর গোপন রাখার পেছনে থাকে লজ্জা বা অপমানের মতো নেতিবাচক কারণ।”

হুইন পরামর্শ দেন, ব্যক্তিগত রাখার সিদ্ধান্তে দুই পক্ষ যেন নিশ্চিত হয়- এটি সঙ্গীর প্রতি লজ্জা বা সম্পর্ক লুকানোর জন্য নয়।

ওয়েইস আরও বলেন, “কখনও কখনও প্রত্যাশার অমিল থাকলে স্পষ্টভাবে আলোচনা জরুরি। আর সম্পর্কের বাইরে অন্তত একজন বা দুজন বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলার সুযোগ রাখা উচিত।”

ইতিবাচক দিক

ড. পামেলা রাটলেজ মনে করেন, “নীরব সম্পর্ক ‘জেনারেশন জি’-এর জন্য ইতিবাচক পরিবর্তন। আমরা দেখছি, অনেকে ‘ডিজিটাল ডিটক্স’ নিচ্ছেন, মুহূর্তে বাঁচছে। এটি প্রয়োজনীয় নয়, তবে এটি মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যম আরও সচেতনভাবে ব্যবহার করতে উৎসাহিত করছে”- মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

সম্পর্ক যখন প্রেমের 

প্রেমের সম্পর্কে দ্বিতীয় সুযোগ

দাম্পত্যের প্রধান পাঁচ ধরন