সাবেক প্রেমিককে ভুলতে না পারার যত কারণ
সব কিছু ভুলে সামনে এগুতে পারছেন না? তবে জেনে নিন কেন ভুলতে পারছেন না ‘প্রাক্তন’কে।
প্রথম প্রেম কখনও ভোলা যায় না— এই প্রচলিত কথার পেছনে রয়েছে বাস্তবতা। প্রেমের সম্পর্ক যত গভীর হয়, বিচ্ছেদও হয় ততটাই যন্ত্রণাদায়ক।
তবে প্রেম প্রথম কিংবা দশম যাই হোক না কেন- প্রাক্তনকে ভুলতে না পারার কারণ কি সব সময় সম্পর্কের গভীরতা নাকি অন্য কিছু।
যুক্তরাষ্ট্রভিত্তিক মনোবিদ, গবেষক ও সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন- ব্যক্তিত্ব, মানসিক গঠন ও অতীতের কিছু স্মৃতি বারবার সাবেক সঙ্গীর কথা মনে করিয়ে দেয়।
শেষ হওয়া প্রেমের রেশ কেন এত দীর্ঘস্থায়ী?
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-ভিত্তিক মনোবিদ লিলি জে সম্প্রতি নিউ ইয়র্ক ম্যাগাজিনে তার নিজের বিচ্ছেদের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন।
তার সাবেক স্বামী হলিউড তারকা ইথান স্ল্যাটার তখন গায়িকা অ্যারিয়ানা গ্রান্দের সঙ্গে সম্পর্কে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যক্তিগত জীবন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় লিলি জে মানসিকভাবে প্রচণ্ডভাবে ভেঙে পড়েন।
তিনি লেখেন, “আমার সন্তানের সঙ্গে কাটানো দিনগুলো রোদেলা। তবে ‘উইকেড’ ছবির প্রচার যখন আসে, তখন দিনগুলো অন্ধকার হয়ে যায়।”
তার অভিজ্ঞতা থেকে প্রকাশ প্রায় সম্পর্কে থাকার সময়কার কিছু স্মৃতি সহজে মুছে যায় না। এমনকি ক্ষণস্থায়ী সম্পর্কও গভীর ছাপ ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের মনোবিদ ও ডেট স্মার্ট বইয়ের লেখক ড. কার্লা ম্যারি ম্যানলি ওয়েলঅ্যান্ডগুড ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে ব্যাখ্যা করেছেন, “প্রেমের সম্পর্কের নানান অভিজ্ঞতা— একসঙ্গে সময় কাটানো, মানসিক নির্ভরতা, শারীরিক ঘনিষ্ঠতা— সবকিছু মিলে এক ধরনের মনের বন্ধন তৈরি করে, যেটা ভাঙা সহজ নয়।”
সম্পর্কিত আরও প্রতিবেদন
মনস্তাত্ত্বিক কারণ
নিজে বিচ্ছেদ চাননি
টিন্ডার ও বাম্বলের সাবেক সমাজতত্ত্ববিদ ড. জেস কারবিনো বলছেন, “বেশিরভাগ ক্ষেত্রেই যিনি সম্পর্ক শেষ করেননি, সেই ব্যক্তি বেশি কষ্টে থাকেন। কারণ, সম্পর্ক শেষ করার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।”
যৌনতা ও সম্পর্ক বিষয়ক থেরাপিস্ট ড. জুলিয়ানা হাউসার বলছেন, “আপনি কেবল সম্পর্ক হারাচ্ছেন না, হতবাক হওয়ার ধাক্কাটাও সামলাচ্ছেন।”
সম্পর্কের ইতি হয়েছিল অনেক প্রশ্ন রেখে
যখন সম্পর্ক শেষ হয় তবে কিছু বিষয় অস্পষ্ট থেকে যায়। মাফ চাওয়া, ভুল স্বীকার, ব্যাখ্যা না পাওয়ার অবস্থায় মন বারবার পুরানো স্মৃতিতে ফিরে যায়।
ড. ম্যানলি বলেন, “মন তখন বারবার ‘কি হত যদি’ প্রশ্নে ঘুরপাক খায়।”
কল্পনায় ভবিষ্যৎ সাজিয়ে ফেলেছিলেন
ড. কারবিনো বলেন, “ছোট সময়ের সম্পর্ক হলেও যদি ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে শুরু করেন, তাহলে সেই সম্পর্ক শেষ হওয়াটা মনে আরও গভীর ছাপ ফেলে। সেই ভবিষ্যৎ না পাওয়ার বেদনা অনেক সময় বাস্তবতা থেকেও বেশি কষ্ট দেয়।”
প্রাক্তন কষ্ট দিয়েছে এবং দুঃখ প্রকাশ করেনি
বিশ্বাসভঙ্গ বা মানসিক নির্যাতনের অভিজ্ঞতা থাকলে প্রাক্তনের প্রতি তিক্ততা ও দুঃখ দীর্ঘস্থায়ী হয়।
ড. হাউসার বলেন, “যদি প্রাক্তন ক্ষমা না চায়, তাহলে মনে হতে পারে সে আপনাকে মূল্যই দেয়নি। এতে করে মনের ভেতর বারবার নতুন করে পরিস্থিতি সাজান হয়, যেখানে চূড়ান্ত সমাপ্তি খুঁজে পান।”
একই ধরনের ভুল বারবার হচ্ছে
ড. কারবিনো বলেন, “অনেক সময় এমন মানুষকেই বেছে নেই, যারা আমাদের শৈশবের মানসিক সম্পর্কের ‘প্যাটার্ন’য়ের প্রতিফলন।”
একই রকম সম্পর্ক বারবার ভেঙে যাওয়ার কারণে নিজের ভেতরই দ্বন্দ্বে পড়ে যাই ‘আমি কি সব সময় ভুল মানুষকে পছন্দ করি?’
বিচ্ছেদে সামাজিক বিপর্যয় ঘটেছে
কেবল ব্যক্তিগত নয়, অনেক সময় প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর বন্ধু, পরিবার এমনকি সহকর্মীদের কাছেও অবস্থান বদলে যায়। ফলে সম্পর্কের বাইরে বের হলেও সমাজের মধ্যে আটকে থাকেন সেই সম্পর্কের স্মৃতিতে।
প্রাক্তন গুরুত্বপূর্ণ মুহূর্তে ছিল
বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন, পরিবারের অনুষ্ঠানে, প্রথম চাকরি পাওয়া এইসব বিশেষ মুহূর্তে প্রাক্তনের উপস্থিতি থাকলে সেসব স্মৃতি থেকে বের হওয়া কঠিন হয়ে যায়।
প্রাক্তন এখনও আশপাশে
যুক্তরাষ্ট্র-ভিত্তিক মনোরোগ বিশেষজ্ঞ ও সম্পর্ক-বিষয়ক পরামর্শদাতা ড. রেবেকা মার্কাস বলেন, “যদি এখনও প্রাক্তনের সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখেন, তাহলে মনের মধ্যে সেই যোগসূত্র চলতেই থাকবে।”
তিনি আরও বলেন, “প্রাক্তনের স্টোরি দেখা, ছবি দেখা- সবই আপনাকে আবারও সেই অনুভূতিতে ফিরিয়ে নিয়ে যায়।”
প্রাক্তন আপনার স্বপ্নে আসে
ড. ম্যানলি বলেন, “ঘুমের সময় মস্তিষ্ক পুরানো স্মৃতির পাতায় ফিরে যায়। তাই চাইলেও এই স্মৃতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না।”
“তবে এর মানে এই নয় যে- আপনি বর্তমান জীবন নিয়ে অসন্তুষ্ট। এটি হতে পারে অতীতের প্রক্রিয়াজাত অভিজ্ঞতা”- বলেন ড. ম্যানলি।
অতিরিক্ত ভাবনাচিন্তায় ভোগেন
যদি সব কিছু বিশ্লেষণ করতে ভালোবাসেন, তাহলে সম্পর্ক নিয়েও আপনি অনেক প্রশ্ন করতে থাকেন ‘আমি কি কিছু ভুল বলেছিলাম?’ ‘আমি কি যথেষ্ট ভালো ছিলাম?’ এভাবেই নিজের ওপর সন্দেহ করতে থাকেন।
পুরানো কোনো ‘ট্রমা’ আবার জেগে উঠেছে
শৈশবে কোনো পরিত্যাগজনিত মানসিক আঘাত থাকলে, সম্পর্ক ভেঙে যাওয়াতে সেই পুরনো অনুভূতি ফিরিয়ে আনতে পারে।
ড. হাউসার বলেন, “তখন বারবার সেই সম্পর্ককে বিশ্লেষণ করতে থাকেন বোঝার জন্য- কেন এটি ঘটল।”
সম্পর্কের ভালো দিকটাই কেবল মনে রাখছেন
ড. মার্কাস বলেন, “অনেক সময় পুরানো সম্পর্ককে অতিরিক্ত রোমান্টিকভাবে দেখি। ফুল কেনা, ভ্রমণ, ভালো মুহূর্ত এসব স্মৃতি রঙিন হয়, আর খারাপ দিকগুলো মন এড়িয়ে যায়।”
“ফলে এমন ব্যক্তিকেও ভুলতে পারেন না, যে আপনার প্রতি ভালো আচরণ করেনি”- ব্যাখ্যা করেন ডা. মার্কাস।
সংবেদনশীল সংযুক্তির ধরন
আপনি যদি সংবেদনশীল হন এবং প্রাক্তন যদি এড়িয়ে চলার মতো ধরনের মানুষ হয়, তাহলে সম্পর্ক ভেঙে গেলে আপনি খুব বেশি অসহায় ও পরিত্যক্ত বোধ করবেন।
প্রাক্তনকে ভুলতে না পারলে কি করবেন?
অনুভূতিগুলো স্বীকার করা
ড. ম্যানলি বলেন, “দুঃখ, হতাশা, রাগ সব অনুভূতি আগে স্বীকার করতে হবে। জার্নাল লেখা, বন্ধুর সঙ্গে কথা বলা বা সৃজনশীল কাজে মন দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে প্রকাশ করতে পারেন।”
নিজের দায় স্বীকার
ড. কারবিনো বলেন, “পরিস্থিতি, সময় কিংবা জায়গার দোষ না দিয়ে নিজে কীভাবে সম্পর্কের গতিপথে ভূমিকা রেখেছেন, সেটাও ভেবে দেখা জরুরি।”
প্রাক্তনের খারাপ দিক মনে করা
ড. ম্যানলি বলেন, “অনেক সময় প্রাক্তনকে রোমান্টিকভাবে দেখি। তবে বাস্তবতা হল, সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে বাস্তব কারণ থাকে। সেগুলো ভুললে আবার সেই চক্রে পড়বেন।”
নিজের শখে ফিরে যাওয়া
ড. মার্কাস বলেন, “নাচ, বই পড়া, ভ্রমণ, নতুন কিছু শেখা এসব আত্মবিশ্বাস দেবে। আর মন থেকে প্রাক্তনকে সরিয়ে দেবে।”
যোগাযোগ বন্ধ করা
“কমপক্ষে ৩০ দিন যোগাযোগবিচ্ছিন্ন থাকার চেষ্টা করুন,” পরামর্শ দিচ্ছেন ড. মার্কাস।
ফোন, মেসেজ, ছবি সব বন্ধ করতে হবে। এতে মনের জায়গাটুকু পরিষ্কার হবে।
প্রয়োজনে কাউন্সেলিং নেওয়া
যদি অতীতের ‘ট্রমা’ বা সম্পর্কের স্মৃতি থেকে নিজে বের হতে না পারেন, তাহলে থেরাপিস্টের সহায়তা নিতে হবে।
আরও পড়ুন
