সবার প্রিয় মানুষটি দিন শেষে যে কারণে একা হয়ে যায়
‘আমি ভালো নেই’ কথাটা জানানোর মতো কেউ না থাকলে, অনেক পরিচিতর মাঝেও একাকিত্বে ভুগতে হয়।
একটু ভাবুন। চারপাশে এমন কেউ আছেন কি, যাকে সবাই পছন্দ করে? যাকে ছাড়া আড্ডা জমে না, যিনি সব সময় হাসিমুখে থাকেন, সবার কথা শোনেন, সবার বিপদে পাশে থাকেন?
এবার নিজেকে প্রশ্ন করুন — সেই মানুষটি কি আসলে ভালো আছেন?
হয়ত উত্তরটা আপনি জানেন না। কারণ তিনি কখনও বলেননি।
'পছন্দনীয়' হওয়াটা আসলে একটা দক্ষতা
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা বলেন, “অনেক মানুষ এমন একটা দক্ষতা রপ্ত করে ফেলেন, যাতে সবাই তাদের পছন্দ করে। তারা জানেন কীভাবে কথা বলতে হয়, কোথায় কী বলা নিরাপদ, কোন অনুভূতিগুলো লুকিয়ে রাখতে হয়। ফলে তারা হয়ে ওঠেন সবার প্রিয় মানুষ। তবে কারও 'নিজের মানুষ' হন না।”
এই অবস্থার একটা নাম আছে মনোবিজ্ঞানে — 'লাইকড বাট নট নোন'। পছন্দ করা হয়, কিন্তু চেনা হয় না।
এটা শুনতে সাধারণ মনে হলেও ভেতরের যন্ত্রণাটা মোটেই সাধারণ নয়।
নিজেকে 'এডিট' করতে করতে হারিয়ে ফেলেন নিজেকে
এই মানুষগুলো সবাইকে খুশি রাখতে গিয়ে একটা কাজ করেন— নিজেকে ছোট করতে থাকেন। নিজের মতামত গিলে ফেলেন। কষ্ট লুকিয়ে রাখেন। মুখে বলেন ‘আমি ভালো আছি’, ভেতরে ভেতরে জমতে থাকে অন্য একটা গল্প।
ডা. দিনা বলেন, “এভাবে দিনের পর দিন নিজেকে এডিট করতে করতে একটা সময় আসে যখন তারা নিজেরাও ভুলে যান, আসল মানুষটা কে।”
বাইরের মানুষটা হাসিখুশি, সাহায্যকারী, স্মার্ট বা চৌকশ। কিন্তু ভেতরের মানুষটা ক্লান্ত, চিন্তিত, একা। এই দুই সত্তার মাঝখানের ফাঁকটাই আসলে নিঃসঙ্গতার জায়গা।
তারা দেয়, তবে কখনও চায় না
এই মানুষদের একটা বড় বৈশিষ্ট্য হল- তারা সবসময় দেওয়ার মানুষ। অন্যের কথা শোনে, সাহায্য করে, বিপদে পাশে থাকে। কিন্তু নিজে কখনও বলে না, ‘আমারও একটু সাহায্য দরকার।’
ফলে অন্যরা ধরেই নেয়, ও তো সবসময় ঠিক আছে। কেউ আর জিজ্ঞেস করে না।
এই মনোবিদ বলেন, “এভাবে সম্পর্কগুলো একটা অদ্ভুত ভারসাম্যে চলতে থাকে। যেটা আসলে ভারসাম্য নয়, একটা একতরফা লেনদেন। আর সেই লেনদেনে এক পক্ষ সবসময় দিয়েই যায়, বিনিময়ে পায় পরিচিতি, জনপ্রিয়তা। তবে পায় না গভীরতা।”
জনপ্রিয়তা আর ঘনিষ্ঠতা এক জিনিস নয়
এখানেই আসল ধাঁধাটা।
সাইকোলজি টুডে’তে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘অনেক মানুষ একজনকে পছন্দ করতে পারে, তবে সেই মানুষটাকে কাছ থেকে খুব কম মানুষই চেনে। কারণ পরিচিতি আর গভীর সম্পর্ক এক জিনিস নয়।’
যুক্তরাষ্ট্রের দুই গবেষক এবং সমাজবিজ্ঞানী ক্রিস্টিনা ফালসি এবং ক্লিয়া ম্যাকনিলি’র করা ২০০৯ সালের গবেষণায় দেখা গেছে, যারা অনেকের কাছে জনপ্রিয় কিন্তু ঘনিষ্ঠ বন্ধু কম, তারা একাকিত্বে অনেক বেশি ভোগেন।”
একটু ভাবুন। পাঁচশো মানুষ আপনাকে ভালো বলে জানলে কী লাভ, যদি একজনও না থাকে যাকে রাত তিনটায় ফোন করে বলা যায়, ‘ভালো নেই, একটু কথা বলবি?’
সেই একজনের অভাবটাই আসল শূন্যতা।
কেন নিজেকে প্রকাশ করতে ভয় লাগে
ডা. দিনা বলেন, “এই মানুষদের ভেতরে সবসময় একটা দ্বিধা কাজ করে। তারা ভাবেন, আমি যদি আসলটা দেখাই, মানুষ কি দূরে সরে যাবে? আমি যদি দুর্বলতা দেখাই, তারা কি আমাকে কম পছন্দ করবে?”
“এই ভয় থেকেই তৈরি হয় একটা 'নিরাপদ সংস্করণ'। যে সংস্করণ সবসময় হাসে, কখনও কাঁদে না, কখনও সাহায্য চায় না, কখনও মতবিরোধ করে না”- ব্যাখ্যা করেন তিনি।
সবাই সেই সংস্করণকে ভালোবাসে। তবে সেটা তো আসল মানুষটা নয়।
আর আসল মানুষটা? সে বসে থাকে ঘরের কোণে, একা।
এই অভিনয় করতে করতে ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যাওয়া
সবাইকে খুশি রাখা মানে শুধু হাসিমুখে থাকা নয়। এটা একটা চলমান মানসিক পরিশ্রম। প্রতিটা কথায় হিসাব রাখা — কার সামনে কী বলা যাবে, কোথায় নিজেকে কতটুকু প্রকাশ করা নিরাপদ।
এই হিসাব মেলাতে মেলাতে একদিন মানুষ ভেতর থেকে ভেঙে পড়েন। আর তখন আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকে বলার থাকে না।
একাকিত্ব থেকে বের হওয়ার পথ
এই চক্র থেকে বের হওয়া সম্ভব। তবে সেটার জন্য একটু সাহস লাগে। ডা. দিনার পরামর্শগুলো হল-
প্রথম কাজ হল, সব সময় সবার কাছে ভালো লাগার মানুষ হওয়ার চেষ্টা ছেড়ে দেওয়া। নিজের সত্যিকারের মতামত, নিজের কষ্ট, নিজের দুর্বলতা — এগুলো প্রকাশ করতে শেখা।
এটা করলে হয়তো কেউ কেউ একটু অবাক হবেন, হয়তো কেউ দূরেও সরে যাবেন। তবে যারা থাকবেন, তারাই আসল।
দ্বিতীয় কাজ হল, সাহায্য চাইতে শেখা। সম্পর্ক একতরফা হলে সেটা আর সম্পর্ক থাকে না, লেনদেনে পরিণত হয়। নিজেও মাঝে মাঝে বলুন, ‘আমি ভালো নেই।’ দেখবেন সম্পর্কে একটা নতুন মাত্রা যোগ হবে।
আর সবচেয়ে জরুরি, যারা আপনাকে আসলেই চেনে এবং তারপরেও ভালোবাসে, তাদের আঁকড়ে ধরুন। সংখ্যায় দুইজন বা তিনজন হলেও ক্ষতি নেই।
সবাইকে খুশি করে বেঁচে থাকার চেয়ে দুইজন সত্যিকারের মানুষ পাশে থাকা অনেক বেশি মূল্যবান।
আরও পড়ুন
