২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে কাটানো যায় সংসারের একঘেয়েমি

একসঙ্গে থেকে একঘেয়েমি লাগতেই পারে। তবে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসাও যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 06:37 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

দাম্পত্য সম্পর্কে দীর্ঘ দিন একসঙ্গে কাটে। কাজ, সংসার, অবসর— সবকিছুই একই ছাদের নিচে ভাগাভাগি করতে হয়। কেউ কেউ মনে করেন এত বেশি সময় একসঙ্গে থাকলে সম্পর্কের মধ্যে একঘেয়েমি বা বিরক্তি তৈরি হতে পারে।

তবে সঠিক বোঝাপড়া, পারস্পরিক সম্মান এবং কিছু সচেতন অভ্যাস গড়লে, সারাক্ষণ একসঙ্গে থাকাও সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে।

আর পারিবারিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে সময় কাটানোর গুণগত মানই আসল বিষয়, সময়ের পরিমাণ নয়।

একসঙ্গে থাকার বাস্তবতা ও শুরুটা

একসঙ্গে সারাক্ষণ থাকা শুরুতে অনেক দম্পতির জন্য কঠিন হয়ে দাঁড়ায়। হঠাৎ করে ব্যক্তিগত সময় কমে যায়, কাজের জায়গা ভাগাভাগি করতে হয়, আর পারিবারিক দায়িত্বও একসঙ্গে সামলাতে হয়।

বিশ্লেষকরা বলেন, এই পরিবর্তনের সময়টাতে ধৈর্য এবং নমনীয়তা গুরুত্বপূর্ণ।

রিয়েলসিম্পল ডটকম’য়ের লাইফস্টাইল বিষয়ক মার্কিন লেখক ও সম্পাদক লিসা মিলব্র্যান্ড এক প্রতিবেদনে লিখেছেন, ‘প্রথম দিকে ছোটখাটো বিষয়েও বিরক্তি তৈরি হতে পারে। কে কখন কাজ করবে, কে কতটা নীরবতা চাইবে, কিংবা ব্যক্তিগত জায়গা কীভাবে বজায় রাখা হবে এসব নিয়ে দ্বিধা তৈরি হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যদি একটি নিয়ম তৈরি করা যায়, তাহলে ধীরে ধীরে সবকিছু সহজ হয়ে ওঠে।’

দৈনন্দিন অভ্যাসে তৈরি হয় বন্ধন

একসঙ্গে থাকার সবচেয়ে বড় সুবিধা হলো ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠে। সকালে একসঙ্গে চা বা কফি পান, কাজের ফাঁকে ছোটখাটো কথা বলা, কিংবা একে অপরকে সাহায্য করা এসব বিষয় সম্পর্ককে গভীর করে।

প্রতিবেদনে লিসা উল্লেখ করেন, ‘ছোট মুহূর্তগুলোই সম্পর্কের ভিত্তি। এগুলো আলাদা করে বড় কিছু মনে না হলেও দীর্ঘমেয়াদে দম্পতির মধ্যে বোঝাপড়া এবং বন্ধন তৈরি করে।’

ব্যক্তিগত জায়গার গুরুত্ব

একসঙ্গে থাকা মানেই সবকিছু একসঙ্গে করা নয়। বরং একটি সুস্থ সম্পর্কের জন্য ব্যক্তিগত সময় এবং আগ্রহ বজায় রাখা জরুরি।

সম্পর্ক গবেষকরা মনে করেন, প্রত্যেক মানুষের নিজের কিছু পছন্দ, শখ এবং সময় থাকা উচিত।

কেউ হয়তো গান শুনতে ভালোবাসেন, কেউ বই পড়তে বা সিনেমা দেখতে পছন্দ করেন। এই ব্যক্তিগত সময়গুলো সম্পর্ককে ক্লান্তিকর হতে দেয় না। বরং পরে যখন দুজন আবার একসঙ্গে হন, তখন নতুন করে কথা বলার বিষয় তৈরি হয়।

গুণগত সময়ের মূল্য

সারাদিন একসঙ্গে থাকা মানেই যে সম্পর্ক ভালো থাকবে, তা নয়। গুরুত্বপূর্ণ হল- সেই সময়ের মান। দিনের শেষে কিছু সময় যদি শুধু একে অপরের জন্য রাখা যায়, তাহলে সম্পর্ক আরও মজবুত হয়।

লিসা’র ভাষায়, “নিয়মিতভাবে একসঙ্গে সময় কাটানো, যেমন- বাইরে কোথাও যাওয়া, নতুন কিছু চেষ্টা করা বা একসঙ্গে খাওয়া— এসব সম্পর্ককে সতেজ রাখে। এতে একঘেয়েমি দূর হয় এবং সম্পর্কের মধ্যে নতুনত্ব আসে।”

যোগাযোগের নতুন ধরন

একসঙ্গে বেশি সময় কাটালে যোগাযোগের ধরনও বদলে যায়। একসময় হয়ত ‘দিন কেমন গেল’ এই ধরনের কথাবার্তা হতো। তবে এখন সারাদিনই একে অপরের সঙ্গে যোগাযোগ থাকে। ফলে নতুনভাবে কথা বলার বিষয় খুঁজে নিতে হয়।

এই সময়ে গভীর আলোচনা বা স্মৃতিচারণ সম্পর্ককে শক্তিশালী করে। অতীতের সুখের মুহূর্ত মনে করা কিংবা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলাও দম্পতিদের মধ্যে আবেগের সংযোগ বাড়াতে পারে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্ককে শক্ত করে

যে দম্পতিরা একসঙ্গে ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তাদের সম্পর্ক সাধারণত বেশি স্থিতিশীল হয়। একসঙ্গে লক্ষ্য নির্ধারণ করা, স্বপ্ন দেখা এবং তা পূরণের পরিকল্পনা করা— এসব বিষয় সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে।

লিসা বলেন, “বেশ কয়েকটি জরিপের ফলাফলে দেখতে পেয়েছি, যারা একই পথে এগোনোর পরিকল্পনা করে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বাড়ে। ফলে জীবনের বিভিন্ন পরিবর্তনও সহজে মোকাবিলা করা যায়।”

চ্যালেঞ্জ থাকলেও সমাধান সম্ভব

সবসময় একসঙ্গে থাকার মধ্যে চ্যালেঞ্জ থাকবেই। কখনও কখনও বিরক্তি, ক্লান্তি বা মতভেদ তৈরি হতে পারে। তবে এসব সমস্যা সমাধানের জন্য প্রয়োজন খোলামেলা আলোচনা এবং একে অপরকে বোঝার চেষ্টা।

“তাই সমস্যা এড়ানোর চেয়ে তা নিয়ে কথা বলা বেশি কার্যকর। এতে ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও স্বচ্ছ হয়”- বলেন লিসা।

তাই একসঙ্গে বেশি সময় কাটানো মানে একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ। এতে শুধু ভালো দিক নয়, দুর্বলতাগুলোও সামনে আসে। আর এই বোঝাপড়াই সম্পর্ককে পরিণত করে।

আরও পড়ুন

দাম্পত্যের প্রধান পাঁচ ধরন

সুখী দম্পতি হতে চাইলে

দাম্পত্যে ঝঞ্ঝাট বোঝার উপায়