Published : 11 Aug 2026, 05:12 PM
পোশাক শুধু লজ্জা ঢাকতেই পরা হয় না, নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতেও বেছে নেওয়া হয় নানান পোশাক।
আর প্যান্টের ক্ষেত্রে কাট-ছাঁট, কোমরের নকশা, দৈর্ঘ্য এবং রংয়ের কারণে পা, বাস্তবের তুলনায় কিছুটা লম্বা দেখাতে পারে।
শুধু সুন্দর দেখানো নয়, বরং শরীরের স্বাভাবিক গড়নকে ঠিক রাখতে প্যান্টের কোমরের কাট, কাপড়ের ধরন ও দৈর্ঘ্য মানানসই হওয়া জরুরি। এছাড়া অন্য পোশাকের সঙ্গে কীভাবে মিলিয়ে পরা হচ্ছে তার ওপরেও উচ্চতার বিষয়টি নির্ভর করতে পারে।
প্যান্টের কাট যে কারণে গুরুত্বপূর্ণ
বিবিয়ানা’র প্রধান লিপি খন্দকার বলেন, “প্যান্টের কাট শরীরের অনুপাতকে, চোখে ভিন্নভাবে দেখাতে পারে। কোনো কাটে কোমরকে একটু উঁচু দেখায়, আবার কোনো কাট পায়ের অংশকে আরও লম্বা মনে করায়। ফলে প্রকৃত উচ্চতা না বদলালেও দেখতে কিছুটা লম্বা লাগে।”
তাই প্যান্ট কেনার সময় নকশা বা রং দেখার পাশাপাশি শরীরের গড়নের সঙ্গে মানাচ্ছে কি না, সেটিও খেয়াল রাখা জরুরি বলে মত দেন, এই ফ্যাশন ডিজাইনার।
উঁচু কোমরের প্যান্টে পা বেশি লম্বা দেখায়
পা আরও লম্বা দেখাতে চাইলে উঁচু কোমরের প্যান্ট ভালো পছন্দ হতে পারে। কারণ এ ধরনের প্যান্ট কোমরের অবস্থানকে চোখে কিছুটা ওপরে তুলে ধরে। ফলে নিচের অংশ তুলনামূলক লম্বা দেখায় এবং পুরো শরীরের অনুপাত চোখে মানানসই লাগে।
“ছোট দৈর্ঘ্যের টপস, শার্ট বা কুর্তা প্যান্টের ভেতরে গুঁজে পরলে এই পরিবর্তন আরও বেশি চোখে পড়ে”, বলেন ফ্যাশন বিশেষজ্ঞ লিপি খন্দকার।
সোজা কাটের প্যান্ট সব সময়ই মানানসই
সোজা কাটের প্যান্ট এমন একটি নকশা, যা প্রায় সব ধরনের শরীরের গড়নের সঙ্গেই মানিয়ে যায়।
লিপি খন্দকার ব্যাখ্যা করেন, “কোমর থেকে নিচ পর্যন্ত সরল রেখা আকারে থাকায় পা কিছুটা লম্বা এবং ছিপছিপেও দেখায়।”
এছাড়া অফিস কিংবা প্রতিদিনের ব্যবহার সব জায়গাতেই এই ধরনের প্যান্ট সহজে পরা যায়। আর বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গেও মানিয়ে যায়।
চওড়া কাটের প্যান্টও হতে পারে ভালো পছন্দ
চওড়া কাটের প্যান্ট পরলে খাটো বা পা ছোট লাগে, এমন ধারণা ঠিক নয়।
লিপি বলেন, “সঠিকভাবে পরলে পছন্দসই ফলাফলও মিলবে।”
“কারণ উঁচু কোমরের চওড়া কাটের প্যান্ট শরীরের নিচের অংশকে লম্বা দেখাতে সাহায্য করে। বিশেষ করে নরম ও ঝুলে থাকে, এমন কাপড়ের প্যান্ট শরীরকে ভারী না দেখিয়ে বরং লম্বা দেখায়”, বলেন তিনি।
নিচের দিকে সামান্য ছড়ানো কাটও ভালো
হাঁটুর নিচ থেকে হালকা ছড়ানো কাটের প্যান্টও পা লম্বা দেখাতে কাজে দেয়।
তবে এক্ষেত্রে প্যান্ট খুব বেশি ঢিলেঢালা না হওয়াই ভালো। শরীরের সঙ্গে মানানসই কাট হলে এই ধরনের প্যান্ট শরীরের ভারসাম্য বজায় রাখে এবং পায়ের দৈর্ঘ্য আরও স্পষ্ট করে।
সঠিক দৈর্ঘ্যের প্যান্ট বেছে নেওয়া
প্যান্ট খুব ছোট হলে পা খাটো দেখাতে পারে। আবার অতিরিক্ত লম্বা হলে নিচে ভাঁজ পড়ে।
লিপি খন্দকারের রামর্শ, “এমন দৈর্ঘ্যের প্যান্ট বেছে নেওয়া ভালো, যা গোড়ালির কাছে শেষ হয় অথবা জুতার ওপর হালকা ভর করে থাকে। এতে পায়ের রেখা ভাঙে না এবং দেখতে লম্বা লাগে।”
রংয়ের সমন্বয়ও গুরুত্বপূর্ণ
শুধু প্যান্টের কাট নয়, রংয়ের সমন্বয়ও শরীরকে লম্বা দেখাতে সাহায্য করে। প্যান্ট এবং ওপরের পোশাকের রং কাছাকাছি হলে শরীরে একটি ধারাবাহিক রেখা তৈরি হয়। এতে শরীরকে তুলনামূলক লম্বা মনে হয়।
লিপি খন্দকার পরামর্শ দেন, “কালো, নীল, ধূসর বা বাদামির মতো একরঙা সমন্বয় এক্ষেত্রে ভালো কাজ করে। খুব বড় নকশা বা আড়াআড়ি রেখার বদলে সাধারণ নকশার পোশাকও বেশি মানিয়ে যায়।”
যেসব ভুল এড়ানো ভালো
প্যান্ট বাছাইয়ের ক্ষেত্রে লিপি খন্দকার, দুটি ভুল এড়ানোর পরামর্শ দেন।
অতিরিক্ত নিচু কোমরের প্যান্ট অনেক সময় পায়ের দৈর্ঘ্য কম দেখায়। আবার খুব বেশি ঢিলেঢালা বা অতিরিক্ত ছোট প্যান্টও শরীরের স্বাভাবিক অনুপাত নষ্ট করতে পারে।
ভারী কাপড় বা বেশি ভাঁজযুক্ত প্যান্টও অনেক সময় শরীরকে ভারী দেখায়। তাই পা লম্বা দেখাতে প্যান্টের কাটের দিকে খেয়াল রাখাও জরুরি।
আরও পড়ুন